ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা ॥ খানজাহান আলী থানার বাদামতলা চক্ষু হাসপাতাল, বিআরটিএ, বাংলাদেশ কেবল শিল্পের ব্যস্ততম গুরুত্বপূর্ণ সড়কটি এখন যানবাহনের দখলে। বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের যানবাহন সড়কের দুইপাশে অবৈধভাবে রেখে দেয়ায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। ব্যস্ততম এই সড়কের ওপর এলোমেলোভাবে গাড়ি পার্কিং করায় রাস্তার প্রশ্বস্ততা কমে আসায় সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।
সর্বশেষ খুলনা মহানগর বিএনপির সহ-সভাপতি শেখ ইকবাল হোসেনের ছোট ভাই শেখ মিঠু সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। খুলনার বাদামতলা শিরোমণি শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল, বিআরটিএ অফিস, পিসিএল, আরএফএল’র গোডাউনে চলাচল করতে হয়। এছাড়া বাংলাদেশ কারিগরি শিল্প সহায়তা কেন্দ্র (বিটাক), বিএসআরএম’র গোডাউন, বাংলাদেশ কেবলস্ শিল্প, টেলিফোন ট্রেনিং সেন্টার, বিএডিসি সার গোডাউন, পল্লী বিদ্যুতায়ন বোর্ড, মহসিন মিলস্ লিমিটেডসহ এলাকার হাজার হাজার মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম এই সড়কটি। গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে সার বেঝাই ভারী ট্রাক, কেবলস্ শিল্পের তার, চরকা মিলের পোলসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মালামাল যাতায়াত করে। সড়কের উপর অবৈধ এবং এলোমেলো ভাবে গাড়ি পার্কিং করে রাখায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটেই চলেছে। এ অঞ্চলের একমাত্র চক্ষু হাসপাতাল ও বিআরটিএ অফিসের সামনে অবৈধভাবে গাড়ি পার্কিং করা থাকলেও পুলিশ নিরব ভূমিকা পালন করে।
বিএনএসবি চক্ষু হাসপাতালে চিকিৎসা নিতে আসা মো. মনিরুল ইসলাম বলেন, হাসপাতালে যখনই আসি তখনই দেখি রাস্তার পাশে এলোমেলোভাবে বড় বড় ট্রাক পার্কিং করে রাখা থাকে। এতে করে প্রায়ই দুর্ঘটনা ঘটতে দেখা যায়। অবৈধভাবে গাড়িগুলো রেখে দেয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনার সম্মুখিন হতে হচ্ছে পথচারীদের। যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে সড়কের ওপর অবৈধভাবে গাড়ি পার্কিং করা দখলকারীদের বিরুদ্ধে প্রশাসন জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এমনটাই প্রত্যাশা করেন এলাকাবাসীসহ সংশ্লিষ্টরা।
বাদামতলা চক্ষু হাসপাতাল ও কেবল শিল্প সড়কটি যানবাহনের দখলে
যশোরে সকলের প্রিয় ডা. আবুল কালাম আজাদ লিটু আজ অবসরে যাচ্ছেন
বিএম আসাদ ॥ যশোরে সকলের প্রিয় ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আবুল কালাম আজাদ লিটু আজ (শনিবার) চাকরি থেকে অবসরে যাচ্ছেন। ৬৯ বছর বয়সে চাকরির মেয়াদ শেষ হওয়ায় অবসর নিচ্ছে তিনি। ১৯৬১ সালের ৫ জানুয়ারি যশোর শহরের ১২, গুরুদাস বাবু লেনস্থ (পাইপপট্টি তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা মৃত কামাল উদ্দীন আহমেদ (কামাল মিয়া)। মাতা মৃত নুরজাহান বেগম পিতৃকুল ছিলেন চৌগাছার স্বরূপদাহ অঞ্চলের সাবেক জমিদার।
ডা. মো. আবুল কালাম আজাদ ১৯৮৩ সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। ১৯৮৮ সালে বিসিএস/পিএসসি পাস করেন। হাসপাতালে অ্যাসিস্ট্যান্ট সার্জন, মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে সহকারী পরিচালক (প্রশাসন আইএইচটি) এবং ২০১৮ সালের ৭ এপ্রিল যশোর ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক হিসেবে যোগদান করেন। এর আগে ঝিকরগাছা, চৌগাছা, যশোর স্কুল হেলথ কিনিক, যশোর জেনারেল হাসপাতালে মেডিকেল অফিসার (এমও) পদে চাকরি করেন। তিনি চাকরিকালীন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন। বিভিন্ন সঙ্গীত শিক্ষা একাডেমির উপদেষ্টা , মেডিসিন ব্যাংক যশোরের সদস্যসচিব রাইটস যশোরের সহ-সাধারণ সম্পাদক রোগী কল্যাণ সমিতির সভাপতি, তির্যক যশোরের সহ-সভাপতি, যশোর শিল্পী গোষ্ঠী সভাপতি, যশোর ইন্সটিটিউটের পরিচালনা পরিষদের ৫ বার নির্বাচিত সদস্য ও নাট্য সম্পাদক তালবাড়ীয়া কলেজের কার্যনির্বাহী কমিটির সদস্যসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছেন। চাকরি জীবনে ৩৬ বছর ১ মাস ২৬ দিন পূর্ণ করার পর যশের ২৫০ শয্যা হাসপাতালের সফল তত্ত্বাবধায়ক হিসেবে আজ শেষবারের মতো অফিস শেষ করে তিনি অবসরে যাচ্ছেন। যশোর ২৫০ শয্যা হাসপাতালে তত্ত্বাবধায়কের দায়িত্ব পালনকালে তিনি অনেক বাধা-বিপত্তির সম্মুখীন হন। কিন্তু সামাজিকতা ও জনপ্রিয়তার সকল বাধা বিপত্তি অতিক্রম করে তিনি তত্ত্বাবধায়ক পদে যোগদান রকতে সক্ষম হন। যোগদান করার পর তিনি হাসপাতালটিকে ঢেলে সাজিয়েছেন। সরকারি ও বেসরকারি সহযোগিতায় নানামুখি উন্নয়ন কার্যক্রম করেন ডা. মো. আবুল কালাম আজাদ। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হাসপাতালের নতুন অ্যাম্বুলেন্স, ক্যাশ কানন্টার স্থাপন, ১২৮ স্লাইসের সিটিস্ক্যান মেশিন, কালার ডপলার আল্ট্রাসনো, ডিজিটা এক্সরে, রোগী ও দর্শনার্থীদের রোগ সম্পর্কে সচেতন করার জন্য সাউন্ড বক্স চালু, তথ্য কেন্দ্র ও রিপোর্ট ডেলিভারি কেন্দ্র, বিডিও কনফারেন্স চালু, নার্সিং ইন্সটিটিউটকে গ্রহণযোগ্য করে গড়ে তোলা, ফুলবাগান ও ভেষজ বাগান সুসজ্জিতকরণ, হাসপাতাল কমপাউন্ড এসির আওতায় আনা ও ৩য়তলা মূল ভবনকে ঊর্ধ্বমুখী ৪র্থতলা নির্মাণ কার্যক্রমসহ বিভিন্ন কাজ করতে সক্ষম হয়েছেন। হাসপাতালের ৯ একর সম্পত্তি হারিয়ে যাওয়া ডকুমেন্ট দলিলপত্র উদ্ধার করেছেন তিনি।
অবশেষে আগুনে দগ্ধ বৃদ্ধের মৃত্যু
স্টাফ রিপোর্টার ॥ শীত নিবারণ করতে গিয়ে অগ্নিদগ্ধ ভিুক শুকুরোননেছা (৬০) অবশেষে মৃত্যুবরণ করেছেন। যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোরে তার মৃত্যু হয়। শুকুরোন নেছা শহরের রায়পাড়া তুলোতলা এলাকার মৃত সামছুদ্দিনের স্ত্রী। শংকরপুরের আশরাফুল আলম জানিয়েছেন, গত ২০ ডিসেম্বর কুড়ানো কাগজে আগুন ধরিয়ে শুকুরোননেছা শীত নিবারণ করছিলেন। এ সময় পরণের কাপড়ে আগুন ধরে গেলে সর্বাঙ্গ ঝলসে যায় তার। পরে স্থানীয় লোকজন শুকুরোন নেছাকে উদ্ধার করার পর যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেছিলেন।
অজ্ঞান পার্টির কবলে আরও চারজন
স্টাফ রিপোর্টার ॥ অজ্ঞান পার্টির কবলে পড়ে শ্যালক, ভগ্নিপতিসহ ৪ জন লক্ষাধিক টাকা ও মালামাল খুঁইয়েছেন। গুরুতর অবস্থায় তাদেরকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। এরা হচ্ছেন চুয়াডাঙ্গা সদর উপজেলার তালতলা এলাকার মো. লোকমান হোসেন (৫০) তার সহোদর আকরাম হোসেন (৪০) ভগ্নিপতি মো. ইসলাম (৪০) ও যশোর শহরের কারবালা এলাকার আনোয়ার হোসেনের পুত্র আবিদ হোসেন (২০)। আকরাম হোসেন ট্রাক চালক ও মো. ইসলাম ট্রাকের হেলপার।
আত্মীয় নাজমা খাতুন জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরে আকরাম, ইসলাম ও লোকমান ৩ জন স্থানীয় শিয়ালমারী হাটে গরু কিনতে যাচ্ছিলেন। এ সময় তাদের কাছে ১ লাখ টাকা ছিল। চুয়াডাঙ্গা বাজারে ৩ জনে পেয়ারা কিনে খাওয়ার পর অজ্ঞান হয়ে পড়েন। তখন দুর্বৃত্তরা তাদের কাছ থেকে ১ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। সং বাদ পেয়ে বাড়ির লোকজন ৩ জনকে এদিন সন্ধ্যায় যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে ভর্তির ২৪ ঘন্টা পার হলেও তাদের স্বাভাবিক অবস্থা ফিরে আসেনি। একই দিন দুপুরে অজ্ঞান পার্টির কবলে টাকা ও মোবাইল ফোন খুঁইয়েছেন আবিদ হোসেন। হাসপাতালে ভর্তি করার পর তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
যশোরে কারবালা স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার ॥ কারবালা স্মরণে যশোরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইনকিলাবে মাহদি মিশন এই সভার আয়োজন করে। শহরের আরএন রোডস্থ ইনকিলাবে মাহদি মিশন কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন। প্রতিষ্ঠানের পরিচালক মো. সিরাজুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন ইরাকের নাযাফ থেকে আগত হুজ্জাতুল ইসলাম সাইয়েদ মাওলানা জামিন হুসাইন নাফাফী। বক্তব্য রাখেন বাংলাদেশ আঞ্জুমান রুহানীর সেক্রেটারি হুসাইন সায়েদ হাবিব রিজা। মুড়লি ইমাম বাড়ির পেশ ইমাম ইকবাল হুসাইন, উপদেষ্টা আতাহার হুসাইন, ডা. শাহাবুদ্দিন প্রমুখ। কারবালা স্মরণে এই আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ঝিকরগাছায় বাসের নিচে চাপা পড়ে ভাটা শ্রমিক নিহত
স্টাফ রিপোর্টার ॥ যশোর-বেনাপোল সড়কের হাজেরালী নামক স্থানে যাত্রীবাহী বাসের চাপায় সুরত আলী (৬৫) নামে ইটভাটার এক শ্রমিক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। ঝিকরগাছা থেকে বাজার করে সুরত আলী হাজের আলী গ্রামে ইজিবাইক থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় যশোর থেকে একটি বাস (যশোর-জ-১১-০০৩১) যাত্রী নিয়ে সাতক্ষীরায় যাওয়ার পথে রাত ৮টার দিকে সুরত আলীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন। নাভারণ হাইওয়ে পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে। নিহত সুরত আলী হাজেরালী গ্রামের একটি ভাটার শ্রমিক। তিনি সেখানে বসবাস করেন।
ছুটি শেষে আবার জাগছে ইউরোপিয়ান লিগগুলো
লোকসমাজ ডেস্ক ॥ বড়দিন ও নতুন বছরের ছুটিতে বন্ধ থাকে ইউরোপিয়ান ফুটবলের শীর্ষ লিগগুলো। ব্যতিক্রম শুধু ইংল্যান্ড। ঐতিহ্য মেনে বক্সিং ডে ও বছরের প্রথম দিনে মাঠে গড়ায় প্রিমিয়ার লিগ। গত দুই সপ্তাহ তাদের সৌজন্যেই জেগে ছিল ইউরোপিয়ান ফুটবল। তবে শীতকালীন বিরতি শেষে আবারও জমে উঠছে লিগগুলো। শুক্রবার রাত থেকেই যেমন শুরু হয়ে গেছে লা লিগা। বিরতির পর নতুন বছর শুরুর অপেক্ষায় স্প্যানিশ, ইতালিয়ান ও ফরাসি লিগ। স্পেনের লা লিগা আজ রাত থেকে শুরু হলেও তিন পরাশক্তি- বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদ নামবে শনিবার। বার্সেলোনা ২০১৯ সাল শেষ করেছে লা লিগা পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে। সেটা ধরে রাখতে ২০২০ সাল শুরু করবে কাতালান ডার্বি দিয়ে। বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ২টায় নগর প্রতিপক্ষ এসপানিওলের মাঠে নামবেন লিওনেল মেসিরা।
তার আগেই অবশ্য শীর্ষে ফেরার সুযোগ থাকছে রিয়ালের। অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে বছরের শেষ ম্যাচ ড্র করায় বার্সেলোনার চেয়ে ২ পয়েন্টে পিছিয়ে পড়েছে তারা। তবে শনিবার গেতাফের মাঠে গিয়ে ব্যবধান ঘোচানোর সুযোগ থাকছে ‘লস ব্লাঙ্কোদের’। কেননা বার্সেলোনার মাঠে নামার আগেই বাংলাদেশ সময় রাত ৯ টায় খেলবে রিয়াল। চতুর্থ স্থানে থাকা আতলেতিকোও বছরের প্রথম ম্যাচ খেলবে শনিবার। ঘরের মাঠে তারা মুখোমুখি হবে লেভান্তের। মাদ্রিদের ‘ছোটদের’ টপকে তৃতীয় স্থানে থাকা সেভিয়া শুক্রবার রাতেই ঘরের মাঠে দাঁড়াবে বিলবাওয়ের সামনে।
এ সপ্তাহান্তে প্রিমিয়ার লিগ নেই। ইংলিশ ক্লাবগুলো নামবে এফএ কাপের মিশনে। শনিবার শিরোপা ধরে রাখার অভিযাত্রায় ঘরের মাঠে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ চতুর্থ বিভাগের দল পোর্ট ভ্যালি। ম্যানচেস্টার ইউনাইটেড খেলতে যাবে প্রিমিয়ার লিগ প্রতিপক্ষ উলভারহ্যাম্পটনের মাঠে।
জার্মানির বুন্দেসলিগা আবার মাঠে গড়াবে ১৮ জানুয়ারি থেকে। ফরাসি লিগ ওয়ান শুরু হবে আরও এক সপ্তাহ পর। তবে ফ্রান্সের ঘরোয়া ফুটবল জমে উঠছে ফরাসি কাপ দিয়ে। শনিবার মাঠে নামবে লিওঁ, নতেঁ ও স্তাদে রেনের মতো দলগুলো। আর রবিবার শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে প্যারিস সেন্ত জার্মেই। রবিবার শুরু হবে সিরি ‘আ’। ইন্টার মিলান ও জুভেন্টাসের শীর্ষস্থানের লড়াই জমিয়ে দিয়েছে ইতালিয়ান লিগ। ১৭ ম্যাচ শেষে জুভেন্টাসের সমান ৪২ পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে থেকে ২০১৯ সাল শেষ করেছে ইন্টার। নতুন বছরে তাদের টপকে নবম স্কুদেত্তো জেতাই হবে জুভেদের লক্ষ্য। দুই দলই অবশ্য বছরের প্রথম ম্যাচ খেলবে সোমবার। ঘরের মাঠে জুভেন্টাস আতিথ্য দেবে চলতি মৌসুমে দারুণ খেলা ক্যালিয়ারিকে। ইন্টারের কাজ তো আরও কঠিন। আন্তোনিও কন্তের দল খেলতে যাবে নাপোলির মাঠে।
বিশ্বকাপে খেলতে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
লোকসমাজ ডেস্ক ॥অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশ নিতে আজ সন্ধ্যায় এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকা ছেড়েছে বাংলাদেশ যুবদল। দক্ষিণ আফ্রিকায় ১৮ জানুয়ারি থেকে শুরু ১৬ দলের আইসিসি অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপ। কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নিতে একটু আগেই জোহানেসবার্গের উদ্দেশে দেশ ছেড়েছে তারা। বিশ্বকাপে গ্রুপ ‘সি’তে অবস্থান বাংলাদেশের। গ্রুপে প্রতিপক্ষ জিম্বাবুয়ে, স্কটল্যান্ড ও পাকিস্তান। ১৮ জানুয়ারি উদ্বোধনী দিনেই বাংলাদেশ মুখোমুখি হবে জিম্বাবুয়ের। গত বছর আকবর আলীর নেতৃত্বে দারুণ একটি বছর কাটিয়েছে অনূর্ধ্ব-১৯ দল। তাই এবারের টুর্নামেন্টে তাদের কাছে প্রত্যাশা একটু বেশি।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: আকবর আলী (অধিনায়ক), তৌহিদ হৃদয়, তানজিদ হাসান, পারভেজ হোসেন , প্রান্তিক নওরোজ , মাহমুদুল হাসান , শাহাদাত হোসেইন, শামীম হোসেইন, মৃত্যুঞ্জয় চৌধুরী, তানজিম হাসান , অভিষেক দাস, শরীফুল ইসলাম, শাহীন আলম, রাকিবুল হাসান, হাসান মুরাদ।
পোপের ব্যাটে মুখরক্ষা ইংল্যান্ডের
লোকসমাজ ডেস্ক ॥ টস জিতে খুব খুশি জো রুট। বলেই ফেললেন, ‘দেখে মনে হচ্ছে ব্যাটিং উইকেট। আশা করি সুযোগ কাজে লাগিয়ে ভালো রান করতে পারবো।’ কিন্তু কেপটাউন টেস্টের প্রথম দিন শেষে স্কোরবোর্ডের দিকে তাকালে ইংল্যান্ড অধিনায়কের মন খারাপ হবেই। ৯ উইকেট হারিয়ে তার দলের রান ২৬২। দুটি দুঃসংবাদ নিয়ে ম্যাচটা শুরু করেছে ইংল্যান্ড। আগের দিন অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে গোড়ালিতে চোট পাওয়া ওপেনার রোরি বার্নসের সিরিজ শেষ। কনুইয়ের চোটে পেসার জোফরা আর্চারও খেলতে পারবেন না। সেঞ্চুরিয়নে ব্যর্থ (১ ও ৯ রান) জনি বেয়ারস্টোকে বাদ দিয়ে একাদশে জ্যাক ক্রলি, ওলি পোপ আর ডমিনিক বেসকে রেখেছে সফরকারী দল। শেষ পর্যন্ত পোপের ব্যাটেই মুখরক্ষা হয়েছে ইংল্যান্ডের।
দিনের তৃতীয় ওভারে ক্রলিকে হারালেও রুট-সিবলি-ডেনলিদের ব্যাট প্রতিরোধের ইঙ্গিত দিচ্ছিল। কিন্তু কেউই চল্লিশের ঘরে যেতে পারেনি। রুটের দায় সবচেয়ে বেশি, স্লিপে ক্যাচ দিয়ে বেঁচে যাওয়ার দুই বল পরই কট বিহাইন্ড হয়েছেন। ইংল্যান্ড অধিনায়কের পর বেন স্টোকসকেও (৪৭) ফিরিয়েছেন আইনরিখ নর্কিয়া। তবে দাঁড়িয়ে গেছেন পঞ্চম টেস্ট খেলতে নামা পোপ। শেষ উইকেটে জেমস অ্যান্ডারসনের সঙ্গে ২৮ রানের জুটি গড়া এই ডানহাতি ব্যাটসম্যান ৫৬ রানে অপরাজিত।
সংক্ষিপ্ত স্কোর: ইংল্যান্ড প্রথম ইনিংস: ২৬২/৯ (ক্রলি ৪, সিবলি ৩৪, ডেনলি ৩৮, রুট ৩৫, স্টোকস ৪৭, পোপ ৫৬*, বাটলার ২৯, কারেন ৯, বেস ০, ব্রড ১, অ্যান্ডারসন ৩*; প্রিটোরিয়াস ২/২৬, ফিল্যান্ডার ২/৪৬, নর্কিয়া ২/৫৪, রাবাদা ২/৬৩, মহারাজ ১/৬৮)
মোংলা বন্দরে জাহাজডুবি, ১৪ নাবিক উদ্ধার
মোংলা প্রতিনিধি॥ মোংলা বন্দরের ফেয়ারওয়ে (বহির্নোঙর) এলাকায় সারবোঝাই একটি কার্গো (লাইটারেজ) জাহাজ ডুবে গেছে। শুক্রবার (৩ ডিসেম্বর) ভোরে এ দুর্ঘটনার পরপরই জাহাজের ১৪ নাবিককে নিরাপদে উদ্ধার করেছে কোস্টগার্ড। তাদের সুন্দরবনে কোস্টগার্ডের দুবলা ক্যাম্পে রাখা হয়েছে। কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দফতর) অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট ইমতিয়াজ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। ঘন কুয়াশায় দিক হারিয়ে জাহাজটি দুর্ঘটনার শিকার হয় বলে জানিয়েছেন বন্দরের হারবার মাস্টার কমান্ডার ফকর উদ্দিন। ইমতিয়াজ আলম কোস্টগার্ডে দুবলা ক্যাম্পের বরাত দিয়ে বলেন, “শুক্রবার ভোরে বন্দরের ফেয়ারওয়ে সংলগ্ন মেহের আলী এলাকায় ‘নিউ পারভিন-২’ নামে একটি কার্গো জাহাজ ডুবতে দেখে আমাদের টহলরত কোস্টগার্ড সদস্যরা সেখানে ছুটে যান। পরে ওই জাহাজের ১৪ জন নাবিককে নিরাপদে সরিয়ে নিয়ে আসেন তারা।”
উদ্ধারকৃত নাবিকরা হলেন- জামাল হোসেন, উজ্জল হোসেন, আরাফাত হোসেন, সালমান মোল্লা, শাহাদাৎ হোসেন, হারুন মোল্লা, জাহাঙ্গীর আলম, রবিন শেখ, মাকিবুল ইসলাম, রফিকুল ইসলাম, আরিফ হোসেন, হাসান শেখ, মানিক শেখ ও ইমাম হোসেন। এদের বাড়ি নড়াইল, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মাদারীপুর, চট্টগ্রাম ও খুলনা জেলায় বলে জানান ইমতিয়াজ। এদিকে মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার ফকর উদ্দিন জানান, “গত ১ জানুয়ারি রাতে বন্দরের ফেয়ারওয়েতে অবস্থানরত লাইবেরিয়ান পতাকাবাহী জাহাজ ‘এমভি এন্টিগোনি’ থেকে সার নিয়ে ‘নিউ পারভিন-২’ নামে একটি কার্গো জাহাজ মোংলা বন্দরের দিকে আসছিল। মাঝখানে ঘন কুয়াশায় দিক হারিয়ে বন্দর চ্যানেল ফেয়ারওয়ের বাইরে দুর্ঘটনার কবলে পড়ে নিউ পারভিন-২। তবে বন্দর চ্যানেল নিরাপদ আছে।”










