সুরের সম্রাজ্ঞী আশা ভোসলে আর নেই

0
আট দশকের দীর্ঘ সুর-যাত্রার অবসান; না ফেরার দেশে সুরের জাদুকরী আশা ভোসলে ।। ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক ॥ বিশ্বজুড়ে অগণিত শ্রোতাকে সুরের মায়ায় আচ্ছন্ন করে না ফেরার দেশে চলে গেলেন প্রখ্যাত ভারতীয় সংগীতশিল্পী আশা ভোসলে। আজ রোববার দুপুর ১২টার দিকে মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। কিংবদন্তি এই শিল্পীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর ছেলে আনন্দ ভোসলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল শনিবার সন্ধ্যায় হঠাৎই আশা ভোসলের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ে। প্রথমে তাঁর হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার গুঞ্জন উঠলেও পরে তাঁর নাতনি জানাই ভোসলে জানান, চরম ক্লান্তি এবং বুকে সংক্রমণের কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই আজ দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আশা ভোসলে ভারতীয় সংগীতের ইতিহাসে অন্যতম আইকনিক ও বহুমুখী প্লেব্যাক গায়িকা হিসেবে সুপরিচিত। আট দশকের দীর্ঘ ক্যারিয়ারে তিনি বাংলাসহ ভারতের একাধিক আঞ্চলিক ভাষার পাশাপাশি বিভিন্ন বিদেশি ভাষায় হাজার হাজার গান রেকর্ড করেছেন। শাস্ত্রীয় সংগীত থেকে শুরু করে লোকসংগীত, পপ ও গজল—সব ধারার গানেই তিনি ছিলেন অপ্রতিদ্বন্দ্বী।

সংগীতে অসামান্য অবদানের জন্য তিনি ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান ‘দাদাসাহেব ফালকে পুরস্কার’ এবং দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘পদ্মবিভূষণ’-এ ভূষিত হয়েছেন। এ ছাড়া একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জয়ী এই শিল্পী নিজেকে নিয়ে গিয়েছিলেন অনন্য উচ্চতায়। তাঁর প্রয়াণে সংগীত জগতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো।