ওসমান গনি,রাজগঞ্জ ( মনিরামপুর), লোকসমাজ : যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে আব্দুল গফফার (৪৫) নামে এক রডমিস্ত্রি ভবনের ছাদে কাজ করার সময় বিদ্যুৎপৃষ্টে ঝলসে গেছেন। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে।
প্রত্যক্ষদর্শী সাধন কুমার জানান, সকালে গফ্ফার রাজগঞ্জ বাজারে প্রভাষক কফিল উদ্দিনের নির্মিয়মাণ বাড়ির দুইতলার ছাদে কাজ করছিলেন। একটি রড সোজা করার সময় উপরের অংশ ছাদের ওপর দিয়ে যাওয়া উচ্চশক্তির বিদ্যুতের তাওে স্পর্শ লাগে। এতে রড বিদ্যুতায়িত হয়ে স্পৃষ্ট হন তিনি। এসময় তার দুই হাত ও পায়ের উপরের দুই পাশ ঝলসে যায়। উপস্থিত অন্যান্যরা তাকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে যান।
ভবন মালিক কলেজ শিক্ষক কফিল উদ্দিন বলেন, তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।
আব্দুল গফফার ঝাপা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রাজগঞ্জ বাজার সংলগ্ন কিনো দফাদারের ছেলে।
নির্মিয়মাণ ভবনের ছাদে ওপরে উচ্চ শক্তির তার, কাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট রডমিস্ত্রি
হোয়াইট হাউসে নৈশভোজে ট্রাম্পকে সাবমেরিনের ঘণ্টা উপহার দিলেন ব্রিটেনের রাজা
লোকসমাজ ডেস্ক॥ হোয়াইট হাউসে এক রাষ্ট্রীয় নৈশভোজে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস প্রেসিডেন্ট ট্রাম্পকে ‘এইচএমএস ট্রাম্প’ নামের একটি সাবমেরিনের ঘণ্টা উপহার দেন। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রশান্ত মহাসাগরের যুদ্ধে অংশ নেওয়া একটি সাবমেরিনের টাওয়ারের ঘণ্টা। খবর বিবিসি বাংলা।
রাজা বলেন, এই উপহার দুই দেশের “উজ্জ্বল ভবিষ্যতের” প্রতীক।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাজ্যের সঙ্গে সম্পর্ককে “পৃথিবীর অন্য যে কোনো বন্ধুত্বের চেয়ে আলাদা” বলে উল্লেখ করেন। এর আগে, রাজা কংগ্রেসে ভাষণ দেন।
তিনি বলেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব এখন আগের চেয়ে “আরো বেশি গুরুত্বপূর্ণ।”
তিনি যুক্তরাষ্ট্রের প্রতি যুক্তরাজ্যের “সর্বোচ্চ সম্মান ও বন্ধুত্বের” কথা জানান। একইসঙ্গে তার মা রানি দ্বিতীয় এলিজাবেথ ১৯৯১ সালে একই কক্ষে ভাষণ দিয়েছিলেন এ কথা স্মরণ করেন তিনি।
এদিকে, ইরানের বিষয়ে ট্রাম্প তার ভাষণে জানান, “আমরা কখনোই সেই প্রতিপক্ষকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেব না।”
হোয়াইট হাউজের ইস্ট রুমে রাজা ও রানির জন্য এই রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। সোমবার থেকে চারদিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে রয়েছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা পার্কার।
ট্রাম্পকে কেন ঘণ্টা উপহার দিয়েছেন রাজা
রাজা চার্লস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে একটি বিশেষ উপহার দিয়েছেন। যেটি এই দুই দেশের সামরিক জোটের গুরুত্বকেও তুলে ধরে।
তিনি তাকে ‘এইচএমএস ট্রাম্প’ নামের একটি যুদ্ধকালীন সাবমেরিনের আসল ঘণ্টাটি উপহার দেন।
১৯৪৪ সালে প্রথম চালু হওয়া রাজকীয় নৌবাহিনীর সাবমেরিনের টাওয়ারের ঘণ্টা এটি। রসিকতা করে রাজা বলেন, “আর যদি কখনো আমাদের সঙ্গে যোগাযোগ করতে চানৃ তাহলে শুধু ঘণ্টাটি বাজালেই হবে!”
সাবমেরিনটির নামের সাথে প্রেসিডেন্টের নামের কোনো সম্পর্ক নেই।
তবে বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে জানিয়েছে, এই ঘণ্টাটি মূলত দুই দেশের “বন্ধুত্বের নতুন অধ্যায়ের প্রতীক।”
বিবৃতিতে আরো উল্লেখ করা হয়েছে, এই উপহারটি ১৯৭৬ সালে রানি এলিজাবেথের যুক্তরাষ্ট্র সফরের সময় উপহার দেওয়া দ্বিশতবার্ষিকী লিবার্টি বেল এর স্মৃতি মনে করিয়ে দেয়।
একইসঙ্গে কানাডার বিষয়ে নিজের ভূমিকার কথা ট্রাম্পকে মনে করিয়ে দেন তিনি।
প্রেসিডেন্ট ট্রাম্প কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য বানানোর যে দাবি করেছিলেন তাতে অসন্তুষ্ট ছিলেন কানাডিয়ানরা। তাই রাজা যখন নিজের কানাডার রাজা পরিচয়ের কথা উল্লেখ করেন তখন সেসব নাগরিক খুশি হয়েছিলেন।
রাজা বলেন, “খেলাধুলার ক্ষেত্রে, মাত্র কয়েক সপ্তাহের মধ্যে ফিফা বিশ্বকাপের আয়োজক হিসেবে বিশ্বকে স্বাগত জানাবে যুক্তরাষ্ট্র ও কানাডা। তাই এক অর্থে, মিস্টার প্রেসিডেন্ট, আমরা রাষ্ট্রপ্রধান হিসেবে আমরা দুজনেই এই আয়োজনের যৌথ আয়োজক!”
“প্রযুক্তিগত ও সামরিক সহযোগিতা দৃঢ়” করতে রাজা নেটো ও অকাসের জোটের গুরুত্বের কথা তুলে ধরেন।
“যাতে আমরা একত্রে এই ক্রমবর্ধমান জটিল এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিশ্বের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারি” বলেন রাজা তৃতীয় চার্লস।
ইরানের বিষয়ে ট্রাম্প যা বলেন
ট্রাম্প একটি সমৃদ্ধ উত্তরাধিকারের মতো “অসাধারণ উপহার” দেওয়ার জন্য যুক্তরাজ্যকে ধন্যবাদ জানান। ব্রিটেনের সাবেক উপনিবেশগুলোর বেশিরভাগই জানে না যে তারা যুক্তরাজ্যের কাছে কতটা ঋণী, বলেন ট্রাম্প।
ট্রাম্প বলেন, “ন্যায়বিচার এবং স্বাধীনতার জন্য আমাদের দুই দেশ সারাজীবন যেন একসাথে থাকে।”
এরপর ট্রাম্প যুক্তরাষ্ট্রের ২৫০ বছরের স্বাধীনতা উদযাপন এবং একজন “মহান ব্যক্তি” রাজা চার্লসের সম্মানে পানীয় পানের মাধ্যমে শুভেচ্ছা জানান।
এই নৈশভোজ “আমাদের দেশের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়” বলেন তিনি।
নিজের দেশের ইতিহাসের কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, আমেরিকার প্রতিষ্ঠাতাদের দৃষ্টিতে স্বাধীনতা যুদ্ধ ব্রিটিশ ঐতিহ্যকে প্রত্যাখ্যান করার জন্য নয় বরং সেটিকে “পুনরুদ্ধার এবং নিখুঁত করার জন্য” করা হয়েছিল।
“স্বাধীনতার ঘোষণাপত্র ছিল যুগের এক অলৌকিক ঘটনা যেটি স্বায়ত্তশাসন এবং মানুষের স্বাধীনতার ক্ষেত্রে একটি সুদূরপ্রসারী বিপ্লবের জন্ম দিয়েছিল” বলেন প্রেসিডেন্ট ট্রাম্প।
একইসঙ্গে, ট্রাম্প তার বক্তব্যে ‘দুই একটি ভিন্ন প্রসঙ্গ’ তুলে ধরেন। যেমন: মধ্যপ্রাচ্য যুদ্ধ।
মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে সংক্ষিপ্ত এক বক্তব্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র “খুব ভালো করছে।”
“আমরা সামরিকভাবে সেই বিশেষ প্রতিপক্ষকে পরাজিত করেছি” বলেন ট্রাম্প।
তিনি আরো বলেন, “আমরা কখনোই সেই প্রতিপক্ষকে, চার্লস আমার সাথে আমার চেয়েও বেশি একমত যে, আমরা কখনোই সেই প্রতিপক্ষকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেব না।”
যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য ঐক্যবদ্ধভাবে “কমিউনিজম, ফ্যাসিজম এবং স্বৈরাচারের বিরুদ্ধে বিজয়ী বেশে রুখে দাঁড়িয়েছে” বলে উল্লেখ করেন ট্রাম্প।
যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের ইতিহাস ও বন্ধনকে “পৃথিবীর অন্য যে কোন সম্পর্কের চেয়ে আলাদা এক বন্ধুত্ব” হিসেবে বর্ণনা করেছেন ট্রাম্প।
এই সম্পর্ক “খুবই বিশেষ এবং অবিশ্বাস্য” বলে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
আমেরিকান অনেক অঙ্গরাজ্য এবং শহরের নাম এখনও যুক্তরাজ্যের সাথে তাদের সম্পর্কের চিহ্ন বহন করছে বলেও উল্লেখ করেন ট্রাম্প।
উদাহরণ হিসেবে নিউ ইয়র্কের কুইন্সের কথা তুলে ধরে তিনি জানান, সেখানে বেড়ে উঠেছেন তিনি।
ফ্লোরিডায় লিমন-বৃষ্টি হত্যাকাণ্ড: তদন্তে উঠে এল রুমমেটের নৃশংসতার রোমহর্ষক বর্ণনা

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে হত্যাকাণ্ডের ঘটনার লোমহর্ষক বর্ণনা তুলে ধরেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গত ১৬ এপ্রিল নিখোঁজ হওয়ার প্রায় এক সপ্তাহ পর লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় লিমনের রুমমেট হিশাম আবুঘরবেহকে (২৭) গ্রেপ্তার করে পূর্বপরিকল্পিত হত্যার অভিযোগ আনা হয়েছে।
তদন্তকারী ও সরকারি আইনজীবীদের দেওয়া তথ্য অনুযায়ী, ১৬ এপ্রিল সন্ধ্যায় লিমন ও বৃষ্টি শেষবারের মতো যোগাযোগ করেছিলেন। সিসিটিভি ফুটেজে সেদিন বৃষ্টিকে ইউএসএফ ক্যাম্পাসে দেখা গেলেও পরে আর তাঁর খোঁজ মেলেনি। লিমনের মোবাইল ফোনের অবস্থান পর্যালোচনা করে দেখা যায়, সেদিন রাত পৌনে ৮টার দিকে তিনি আবাসস্থল থেকে ৩২ মাইল দূরে ক্লিয়ারওয়াটার এলাকায় ছিলেন। ঠিক ১০ মিনিটের ব্যবধানে ওই একই এলাকায় আবুঘরবেহর গাড়িটিকেও দেখা যায়। ওই রাতেই আবুঘরবেহ অনলাইনে ঘর পরিষ্কারের লাইজল, দুর্গন্ধনাশক ও আবর্জনা রাখার ব্যাগ অর্ডার করেন এবং চাকাওয়ালা ট্রলি ব্যবহার করে কিছু বাক্স ময়লা ফেলার স্থানে সরিয়ে নেন।
মর্মান্তিক এই ঘটনায় তদন্তকারীরা আরও কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন। ১৭ এপ্রিল রাতে আবুঘরবেহ চ্যাটজিপিটির কাছে ‘হিলসবরো পার্কে গাড়ি তল্লাশি করা হয় কি না’ তা জানতে চেয়েছিলেন। পরবর্তীতে ২৩ এপ্রিল তিনি আবারও চ্যাটজিপিটির কাছে ‘বিপন্ন প্রাপ্তবয়স্ক’ বলতে কী বোঝায় তা সার্চ করেন। লিমনের মরদেহ উদ্ধার করা হয় হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড সেতুর কাছে একটি আবর্জনার ব্যাগ থেকে। লিমনের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত পাওয়া গেছে, যার মধ্যে একটি ছিল যকৃৎ ফুটো করে দেওয়া গভীর ছুরিকাঘাত।
গ্রেপ্তারকৃত আবুঘরবেহ অতীতেও শারীরিক লাঞ্ছনার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। তাঁর মা তদন্তকারীদের জানিয়েছেন, ছেলের রাগ নিয়ন্ত্রণের ক্ষমতা ছিল না। বর্তমানে লিমনের মরদেহ উদ্ধার হলেও বৃষ্টির সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে।
কৃষি জমির মাটি কেটে বিক্রি, দুই লাখ টাকা জরিমানা
ঝিনাইদহ সংবাদদাতা, লোকসমাজ : ঝিনাইদহের শৈলকুপায় কৃষি জমিতে মাটি বিক্রির অপরাধে ২ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকালে আবাইপুর ইউনিয়নের ফটিকতলা এলাকায় শৈলকুপার সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারী এই জরিমানা করেন। এ সময় এলাকার মাটি ব্যবসায়ী শরিফুল ইসলামকে সতর্ক করে মাটি বহনকারী একটি ড্রাম ট্রাক জব্দ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
খবর নিশ্চিত করে শৈলকুপার সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারী জানান, তিন ফসলি জমিতে পুকুর খননের খবর পান স্থানীয় ভূমি অফিসের নায়েব নিকুঞ্জ বিশ্বাস। নায়েব বিষয়টি তাকে জানালে তাৎক্ষণিক অভিযান চালানো হয়। অভিযানে সহযোগিতা করেন হাটফাজিলপুর পুলিশ ফাঁড়ি সদস্যরা।
অভিযানকালে মাটি ব্যবসায়ী শরিফুলকে গ্রেফতার করে ঘটনাস্থলে জরিমানা টাকা আদায় ও তাকে সতর্ক করে মুচলেকা আদায় করা হয়
স্থানীয় ভূমি অফিসের নায়েব নিকুঞ্জ বিশ্বাস জানান, কৃষি জমির টপসয়েল কাটা ও পুকুর খনন ভূমি আইনের সম্পুর্ন পরিপন্থী। অনুমতি ছাড়া মাটি কাটা হলে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে ভূমি অফিস।
দেশের ৫ জেলায় বন্যার পূর্বাভাস, ৪ নদীর পানি বিপৎসীমার ওপরে
দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতিভারী বৃষ্টির প্রভাবে পাঁচ জেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে মৌলভীবাজার ও নেত্রকোনা জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি শুরু হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভারী বৃষ্টির এই প্রবণতা আগামী ৪ মে পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী পার্থ প্রতীম বড়ুয়া আজ বুধবার সকালে জানান, অতিবৃষ্টির কারণে মৌলভীবাজার, নেত্রকোনা, সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। বর্তমানে ভুগাই কংস, মনু, সোমেশ্বরী ও মগরা—এই চার নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে মনু বাদে বাকি তিনটি নদীই নেত্রকোনা জেলার ওপর দিয়ে বয়ে গেছে। এছাড়া সুরমা ও কুশিয়ারা নদীর পানিও গত ২৪ ঘণ্টায় এক থেকে দেড় মিটার বৃদ্ধি পেয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলীতে (১৬১ মিলিমিটার)। এছাড়া ভোলায় ১৫১ মিলিমিটার এবং ফেনীতে ১৪৮ মিলিমিটারে বৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস আরও জানায়, এই বৃষ্টি টানা না হয়ে থেমে থেমে আগামী ৪ মে পর্যন্ত দেশের আট বিভাগেই হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত কমে গেলে পরিস্থিতির উন্নতি হতে পারে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন।
আদালতের নির্দেশে আলমডাঙ্গায় ৪ ইউপি চেয়ারম্যান পুনর্বহাল
রিফাত রহমান, চুয়াডাঙ্গা: আদালতের নির্দেশে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ জন ইউপি চেয়ারম্যানকে পুনর্বহাল করা হয়েছে। ওই ৪টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত বাতিল করে চেয়ারম্যানদের স্বপদে পুনর্বহাল করা হয়। হাইকোর্ট বিভাগের নির্দেশনার আলোকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
দাপ্তরিক সূত্রে জানা যায়,গত বুধবার (২২ এপ্রিল) জেলা প্রশাসক লুৎফুন নাহার স্বাক্ষরিত এক পরিপত্রে বিষয়টি জানানো হয়। পুনর্বহাল হওয়া চেয়ারম্যানরা হলেন— চিৎলা ইউনিয়ন পরিষদের হাসানুজ্জামান সরোয়ার, খাদিমপুর ইউনিয়ন পরিষদের মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার, ডাউকি ইউনিয়ন পরিষদের তরিকুল ইসলাম এবং খাসকররা ইউনিয়ন পরিষদের তাফসির আহম্মেদ মল্লিক লাল।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সংশ্লিষ্টদের রিটের প্রেক্ষিতে হাইকোর্ট বিভাগের আদেশ এবং বিভাগীয় কমিশনারের কার্যালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে পূর্বে জারি করা প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে।
এর আগে চেয়ারম্যানদের অনুপস্থিতির কারণে ইউনিয়ন পরিষদের কার্যক্রম সচল রাখতে ২০২৪ সালের ২৭ নভেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ের এক আদেশে ৪টি ইউনিয়নে প্রশাসক নিয়োগ দেয়া হয়। সে অনুযায়ী আলমডাঙ্গা উপজেলা সমাজসেবা কর্মকর্তা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, পল্লী উন্নয়ন কর্মকর্তা এবং আইসিটি কর্মকর্তাকে যথাক্রমে ডাউকি, খাদিমপুর, চিৎলা ও খাসকররা ইউনিয়নে পূর্ণ আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দিয়ে দায়িত্ব দেয়া হয়েছিল। পরে এ আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ চেয়ারম্যানরা হাইকোর্ট বিভাগে পৃথক রিট পিটিশন দায়ের করেন। শুনানি শেষে ২০২৬ সালের ১২ মার্চ আদালত ওই আদেশের কার্যকারিতা ৬ মাসের জন্য স্হগিত করেন এবং চেয়ারম্যানদের স্বপদে বহাল রেখে দায়িত্ব পালনের সুযোগ দেন।
পুনর্বহালের পর চেয়ারম্যানরা বলেন, আদালতের নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে তারা দায়িত্ব পালন করবেন এবং জনগণের সেবা নিশ্চিত করতে সচেষ্ট থাকবেন।
আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার বলেন, আদালতের নির্দেশনা এবং বিভাগীয় কমিশনারের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে চেয়ারম্যানদের পুনর্বহালের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।
অতি ভারি বর্ষণের সতর্কবার্তা, মোংলায় ৩ নম্বর সংকেত
স্টাফ রিপোর্টার, লোকসমাজ : দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরী অব্যাহত থাকায় আগামী ৪৮ ঘণ্টা দেশের অধিকাংশ স্থানে ভারি বর্ষণর সতর্ক বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করায় মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর ঝড় সতর্কীকরণ কেন্দ্র এক বার্তায় জানিয়েছে, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি অব্যাহত থাকায় মঙ্গলবার সকাল থেকে পরবর্তী ৯৬ ঘন্টায় খুলনা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
অপরদিকে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করায় মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বায়ুচাপের এই আধিক্যের কারণে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর ফলে কালবৈশাখী ঝড়, আকস্মিক দমকা হাওয়া, বজ্রপাত ও স্বল্পস্থায়ী ভারী বৃষ্টিপাতের ঝুঁকি রয়েছে।
পশুর নদীপথে চলাচলকারী সকল নৌযানকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
সুন্দরবন বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে পরামর্শ দেওয়া হয়েছে।
মোংলা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ হারুন অর রশিদ জানান, “বায়ুচাপের তারতম্যের কারণে মোংলা বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনা থাকায় সংশ্লিষ্ট সবাইকে বিশেষ করে ছোট নৌযানগুলোকে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।”
উপকূলীয় এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও বন্দর কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন মোংলা বন্দরের উপ পরিচালক ( বোর্ড ও জনসংযোগ) মোঃ মাকরুজ্জামান।
পাখির কলকাকলিতে ঘুম ভাঙে ঝিনাইদহের মানুষের
আসিফ কাজল, ঝিনাইদহ ॥ ভোরের সূর্য ওঠার আগেই কিচিরমিচির শব্দে এখন ঝিনাইদহের মানুষের ঘুম ভাঙে। শুধু ভোর নয়; সকাল, দুপুর কিংবা নিঝুম রাতেও ডানা ঝাপটানো হরেক প্রজাতির পাখির ডাকে মুখরিত হয় জনপদ।
ঝিনাইদহের সাবেক জেলা বন কর্মকর্তা গিয়াস উদ্দীন মুকুল জানান, এক সময় শিকারীদের উপদ্রব আর বন-জঙ্গল উজাড় হওয়ার কারণে অনেক পাখির প্রজাতি হারিয়ে যেতে বসেছিল। কিন্তু এলাকার সাধারণ মানুষের প্রতিবাদ, পুলিশের নজরদারি ও জনসচেতনতা বৃদ্ধির ফলে চিত্রটি এখন সম্পূর্ণ ভিন্ন।
তিনি বলেন, গ্রামের ঝোপঝাড়, পুকুরপাড় আর পুরনো গাছগুলোতে এখন নির্ভয়ে বংশ বিস্তার করছে হাজারো প্রজাতির পাখি। বর্তমানে গ্রামাঞ্চলে গেলে দোয়েল, চড়ুই, শালিক, বুলবুলি, টুনটুনি ঘুঘু, হরিয়াল, বক,
শামখোল, গাংচিল, পানকৌড়ি, মাছরাঙা, ডাহুক, কোকিল, ফিঙে, শ্যামা, হলুদ পাখি (বেনেবউ), কাঠঠোকরা, লক্ষ্মীপেঁচা ও হুতুমপেঁচা চোখে পড়ে। বিশেষ করে বিল ও নদীবেষ্টিত গ্রামগুলোতে জলচর পাখিদের দীর্ঘ লাইন আর ডানা মেলার দৃশ্য এখন নিত্যদিনের ঘটনা।
ঝিনাইদহ জেলা পশু সম্পদ কর্মকর্তা ডা. এ এস এম আতিকুজ্জামান জানান, কঠোর আইন প্রয়োগের ফলে পাখিদের এই অবাধ বিচরণ কেবল প্রকৃতির ভারসাম্যই রক্ষা করছে না, বরং গ্রামীণ মানুষের মনস্তাত্ত্বিক জগতেও এক ইতিবাচক পরিবর্তন এনেছে। সাতসকালে দোয়েলের শিষ কিংবা দুপুরে ঘুঘুর ডাক মানুষের ক্লান্ত মনে প্রশান্তি জোগায়।
স্থানীয় বাসিন্দাদের মতে, যান্ত্রিক সভ্যতার যুগে পাখির কলতান এক ধরনের ‘ন্যাচারাল থেরাপি’ হিসেবে কাজ করছে, যা মানুষের মন ও মননে এক অভূতপূর্ব উদ্দীপনা তৈরি করে।
তিনি জানান, ২০০৩. ২০০৫, ২০১২ সালের জীববৈচিত্র সংরক্ষণ আইনটি কার্যকর হওয়ার পর থেকে পাখি শিকার দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হচ্ছে। গ্রামগঞ্জে এখন পাখি শিকারি দেখলেই স্থানীয়রা বাধা দিচ্ছেন, যা পাখিদের বংশ বিস্তারে সহায়ক ভূমিকা পালন করছে।
ঝিনাইদহের পরিবেশবিদ জহির রায়হান জানান, গ্রামগুলোকে যদি আনুষ্ঠানিকভাবে ‘পাখি গ্রাম’ বা অভয়াশ্রম হিসেবে গড়ে তোলা যায়, তবে বাংলাদেশের এই জীববৈচিত্র পৃথিবীর মানচিত্রে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
জীববৈচিত্র্য আইনের কঠোর প্রয়োগ ও পাখি শিকার নিষিদ্ধকরণের ফলে গত দুই দশকে গ্রামবাংলার নিসর্গ ফিরে পেয়েছে তার হারানো জৌলুস। এখন গ্রামের ঝোপঝাড়, হিজল-তমালের শাখা আর বিস্তীর্ণ বিলের পানিতে ডানা ঝাপটায় নাম না জানা শ’শ প্রজাতির পাখি, যাদের অবাধ বংশবিস্তার নিস্তরঙ্গ পল্লীজীবনকে করে তুলেছে প্রাণচঞ্চল।
মিনারা নামে এক গৃহবধূ জানান, তিনি প্রায়ই শহর থেকে গ্রামের বাড়িতে যান। নিসর্গের এই সুরভিত প্রত্যাবর্তন আর বিহঙ্গকুলের এই বৈচিত্রময়তা সংসার জীবনের প্রতিটি বাঁকে যে প্রশান্তি ছড়িয়ে দিচ্ছে, তা আধুনিক সভ্যতার কোলাহলের মাঝে এক পশলা বৃষ্টির মতোই স্নিগ্ধ ও সঞ্জীবনী।
জামায়াত ও মুক্তিযুদ্ধ নিয়ে ফজলুর রহমানের বক্তব্যে উত্তপ্ত সংসদ, ১০ মিনিট অচল কার্যক্রম
জাতীয় সংসদ অধিবেশনে বিএনপির সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে ব্যাপক উত্তেজনা ও হট্টগোল সৃষ্টি হয়েছে। মঙ্গলবার বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় এই পরিস্থিতির সৃষ্টি হয়। উত্তেজনার মুখে প্রায় ১০ মিনিট সংসদের কার্যক্রম কার্যত অচল হয়ে পড়ে।
বক্তব্যের এক পর্যায়ে ফজলুর রহমান বলেন, “কোনো মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াতে ইসলামী করতে পারে না। শহীদ পরিবারের কেউ জামায়াত করলে এটা ডাবল অপরাধ।” তাঁর এই মন্তব্যের পরপরই বিরোধী দলের (জামায়াত ও সমমনা) সদস্যরা তীব্র প্রতিবাদ ও হইচই শুরু করেন। এক পর্যায়ে সরকারি দলের সদস্যরাও তর্কে জড়িয়ে পড়লে স্পিকার বারবার নিবৃত্ত করার চেষ্টা করেন। পরিস্থিতি সামাল দিতে স্পিকারকে নিজের আসন থেকে দাঁড়িয়ে যেতে হয়।
স্পিকার সদস্যদের সংযত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “সারা জাতি লাইভ দেখছে। সংসদ যদি বিধি মোতাবেক না চলে, তাহলে এটি আর থাকবে না। সংসদ সদস্যদের কর্মকাণ্ড দেখে শিশুরাও লজ্জা পাবে।” ফজলুর রহমানের বক্তব্যের যেসব অংশ অসংসদীয়, তা কার্যবিবরণী থেকে বাদ (এক্সপাঞ্জ) দেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।
ফজলুর রহমান তাঁর বক্তব্যে ৫ আগস্টের গণঅভ্যুত্থানের সঙ্গে মুক্তিযুদ্ধের তুলনারও সমালোচনা করেন। তিনি বলেন, “মুক্তিযুদ্ধের সঙ্গে ৫ আগস্টের তুলনা করা প্রশান্ত মহাসাগরের সঙ্গে কুয়ার তুলনা করার মতো।” এছাড়া তিনি ৫ আগস্টের পর পুলিশ হত্যা ও থানা লুটের নিরপেক্ষ তদন্ত ও বিচারের দাবি জানান।
জবাবে বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, “নিজের অবদান বলতে গিয়ে আরেকজনের অবদানের ওপর হাতুড়ি পেটানোর অধিকার কাউকে দেওয়া হয়নি। তিনি আমার আইডেন্টিটি ও আদর্শ নিয়ে প্রশ্ন তুলে গুরুতর অপরাধ করেছেন।” তিনি ফজলুর রহমানের বক্তব্যকে প্রবীণ রাজনীতিবিদের অনুপযোগী আচরণ বলে অভিহিত করেন এবং অসংসদীয় বক্তব্য এক্সপাঞ্জ করার দাবি জানান।








