দেশের ৫ জেলায় বন্যার পূর্বাভাস, ৪ নদীর পানি বিপৎসীমার ওপরে

0
মৌলভীবাজার ও নেত্রকোনায় বন্যা শুরু: আগামী ৫ দিন দেশজুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা।। ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতিভারী বৃষ্টির প্রভাবে পাঁচ জেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে মৌলভীবাজার ও নেত্রকোনা জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি শুরু হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভারী বৃষ্টির এই প্রবণতা আগামী ৪ মে পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী পার্থ প্রতীম বড়ুয়া আজ বুধবার সকালে জানান, অতিবৃষ্টির কারণে মৌলভীবাজার, নেত্রকোনা, সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। বর্তমানে ভুগাই কংস, মনু, সোমেশ্বরী ও মগরা—এই চার নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে মনু বাদে বাকি তিনটি নদীই নেত্রকোনা জেলার ওপর দিয়ে বয়ে গেছে। এছাড়া সুরমা ও কুশিয়ারা নদীর পানিও গত ২৪ ঘণ্টায় এক থেকে দেড় মিটার বৃদ্ধি পেয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলীতে (১৬১ মিলিমিটার)। এছাড়া ভোলায় ১৫১ মিলিমিটার এবং ফেনীতে ১৪৮ মিলিমিটারে বৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস আরও জানায়, এই বৃষ্টি টানা না হয়ে থেমে থেমে আগামী ৪ মে পর্যন্ত দেশের আট বিভাগেই হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত কমে গেলে পরিস্থিতির উন্নতি হতে পারে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন।