দুই বছর পর মুক্তির পথে বুবলীর কলকাতার সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’

0
টালিউডে বুবলীর অভিষেক: মে মাসেই পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে ‘ফ্ল্যাশব্যাক’।। ছবি: সংগৃহীত

দীর্ঘ দুই বছরের প্রতীক্ষা শেষে অবশেষে বড়পর্দায় মুক্তি পেতে যাচ্ছে শবনম বুবলী অভিনীত প্রথম টালিউড সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’। নানা জটিলতা কাটিয়ে আগামী মে মাসে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির চূড়ান্ত পরিকল্পনা করা হয়েছে। এর মাধ্যমে ওপার বাংলার সিনেমায় অভিষেক হতে যাচ্ছে ঢালিউডের এই জনপ্রিয় অভিনেত্রীর।

বাংলাদেশের নির্মাতা রাশেদ রাহা পরিচালিত এই থ্রিলারধর্মী সিনেমায় বুবলীর বিপরীতে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের প্রখ্যাত নির্মাতা ও অভিনেতা কৌশিক গাঙ্গুলি এবং অভিনেতা সৌরভ দাস। সিনেমায় বুবলীকে একজন চলচ্চিত্র নির্মাতার চরিত্রে দেখা যাবে, যার নাম ‘শ্বেতা’। খায়রুল বাসার নির্ঝরের চিত্রনাট্যে অঞ্জন চরিত্রে কৌশিক গাঙ্গুলি এবং ডিকে চরিত্রে সৌরভ দাস অভিনয় করেছেন। ভিন্ন জীবনধারার তিন মানুষের গল্প নিয়ে নির্মিত এই সিনেমার প্রেক্ষাপট আবর্তিত হয়েছে পাহাড়ি এক জনপদকে কেন্দ্র করে।

নির্মাতা রাশেদ রাহা জানিয়েছেন, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই সিনেমাটি মুক্তি দেওয়া হবে। খুব শিগগিরই আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করা হবে এবং পর্যায়ক্রমে বাংলাদেশেও ছবিটি মুক্তির প্রক্রিয়া শুরু হবে।

অন্যদিকে, আগামী ৮ মে বাংলাদেশে মুক্তি পাচ্ছে বুবলী ও রোশান অভিনীত সিনেমা ‘সর্দারবাড়ির খেলা’। তবে এই সিনেমার প্রচারণায় অভিনেত্রীর অনুপস্থিতি এবং তাঁকে জনসমক্ষে দেখা না যাওয়ায় শোবিজ অঙ্গনে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে। যদিও বুবলী এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি।