যশোরের কুখ্যাত ভেজাল মধু তৈরিকারী মাহবুবের কারাদণ্ড

কুখ্যাত মাহাবুব ইসলামকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

0

স্টাফ রিপোর্টার, লোকসমাজ : যশোরে ভেজাল মধু তৈরিকারী হিসেবে কুখ্যাত মাহাবুব ইসলামকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মেসার্স বিসমিল্লাহ মধু ট্রেডিং নামে তার একটি প্রতিষ্ঠান রয়েছে।
বুধবার দুপুরে যশোর শহরতলীর শেখহাটিতে আলোচিত ওই ভেজাল মধু কারখানায় অভিযান চালায় র‌্যাব। এসময় ভেজাল মধু তৈরির সত্যতা পাওয়ায় মালিককে সাজা ও জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

যশোর শহরতলীর শেখহাটিতে ভেজাল মধু তৈরির কারখানায় র‌্যাবের অভিযান

রাব-৬ সিপিসি-৩ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর এটিএম ফজলে রাব্বী প্রিন্স জানান, বুধবার দুপুরে শেখহাটির মেসার্স বিসমিল্লাহ মধু ট্রেডিং এর কারখানায় অভিযান চালালো হয়। এ সময় সেখানে ভেজাল মধু তৈরির সত্যতা পাওয়া যায়। এছাড়া চারটি পণ্য উৎপাদনের নাম করে কালোজিরা, সাদাতিলসহ বিভিন্ন পণ্য অবৈধভাবে মোড়কজাত করা হয় সেখানে। এছাড়া প্রতিষ্ঠানটির গুদামে গিয়ে অন্য কোম্পানির বিভিন্ন পণ্যের মোড়ক পাওয়া যায়। এ কারণে নির্বাহী ম্যাজিস্ট্রেট গুঞ্জন বিশ্বাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে কারখানা মালিক মাহবুব ইসলামকে ৬ মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন।
উল্লেখ্য, আলোচিত ওই মধু কারখানায় দীর্ঘদিন ধরে ভেজাল মধু তৈরি ও বাজারজাত করা হচ্ছে। ইতোপূর্বে বিশুদ্ধ খাদ্য আদালত দুই দফা সেখানে অভিযান চালিয়ে এর সত্যতা পাওয়ায় দুটি মামলাও দিয়েছিল। যার বিচার কাজ বিশুদ্ধ খাদ্য আদালতে চলমান রয়েছে।