যশোর টাউন হল মাঠে দুই দিন পড়ে থাকা মোটরসাইকেলটি কার?
স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের টাউন হল মাঠে দুই দিন ধরে একটি মোটরসাইকেল পরিত্যক্ত অবস্থায় রয়েছে। যা নিয়ে কৌতূহল ও প্রশ্নের সৃষ্টি হয়েছে—গাড়িটি আসলে কার?
স্থানীয়রা জানায়, গত শনিবার রাত থেকে মোটরসাইকেলটি মাঠে থাকতে দেখা যায়। রাত পেরিয়ে রোববার সারাদিনেও কেউ সেটি নিতে না আসায় স্থানীয়দের মধ্যে সন্দেহ দেখা দেয়। পরে রোববার রাত ১০টার দিকে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির সদস্যরা টাউন হল মাঠে গিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যান।
পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এটিএসআই নাসির উদ্দিন তালুকদার সোমবার সকালে জানান, এখনও পর্যন্ত মোটরসাইকেলটির মালিকের সন্ধান পাওয়া যায়নি। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
তিনি আরও জানান, মোটরসাইকেলটির বিষয়ে কোনো তথ্য জানা থাকলে ০১৭১২৬৭৪৯৮৭ মোবাইল ফোন নম্বরে যোগাযোগ করার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।
এলপিজির দামও বাড়ল, জ্বালানি তেল নিয়ে দিনমান আলোচনা
লোকসমাজ ডেস্ক॥ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে সারাদিন আলোচনা চলার মধ্যেই দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম বাড়ানোর ঘোষণা এসেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভোক্তা পর্যায়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম এক লাফে ২১২ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৯৪০ টাকা, যা রোববার সন্ধ্যা থেকেই কার্যকর হয়েছে।
রোববার বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এর আগে চলতি মাসের ২ এপ্রিল নির্ধারিত মূল্য অনুযায়ী ১২ কেজির সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৭২৮ টাকা।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরপরই এলপিজির দাম বাড়ানোর এই সিদ্ধান্তে বাজারে নতুন করে চাপ তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে জ্বালানি খাতের সর্বশেষ পরিস্থিতি নিয়ে রোববার দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে জ্বালানি তেলের বাজার পরিস্থিতি ও সরবরাহ পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের জ্বালানি মন্ত্রী বলেন, “আমরা এখন একটি যুদ্ধকালীন অবস্থার মধ্যে আছি। সারা বিশ্বেই জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে। বৈশ্বিক পরিস্থিতির কারণে আমরাও বাধ্য হয়ে এই সমন্বয় করেছি।”
তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাজার থেকে আমদানি করা জ্বালানির মূল্য বেড়ে যাওয়ায় সেই চাপ সামাল দিতে বর্তমান মূল্য সমন্বয় করা হয়েছে। ভর্তুকি এখনও বহাল রয়েছে বলেও জানান তিনি।
মন্ত্রী উল্লেখ করেন, বৈশ্বিক অস্থিরতার প্রভাব শুধু বাংলাদেশ নয়, বিশ্বের প্রায় সব দেশেই পড়েছে এবং এর প্রভাব থেকে বাংলাদেশও মুক্ত নয়।
অন্যদিকে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর কোনো শর্তের সম্পর্ক নেই বলে স্পষ্ট করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
গতকাল রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আইএমএফ-এর শর্তের সঙ্গে তেলের দাম বাড়ানোর কোনো সম্পর্ক নেই। আন্তর্জাতিক বাজারের অস্থিরতার কারণেই এই সমন্বয় করা হয়েছে।”
তিনি আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। জাতীয় তহবিলের ওপর চাপ থাকা সত্ত্বেও সরকার দীর্ঘ সময় ধরে দাম অপরিবর্তিত রেখেছিল। তবে বাজেট ব্যবস্থাপনা ও অর্থনৈতিক কার্যক্রম সচল রাখতে সীমিত পরিসরে মূল্য সমন্বয় করা হয়েছে।
মূল্যস্ফীতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, তেলের দাম সামগ্রিক অর্থনীতির একটি অংশমাত্র এবং সরবরাহ-চাহিদার ওপরই মূল্যস্ফীতি নির্ভর করে। সরকার পর্যাপ্ত মজুত ও সরবরাহ নিশ্চিতের মাধ্যমে জনগণের ওপর প্রভাব সহনীয় রাখার চেষ্টা করছে বলেও জানান তিনি।
এছাড়া আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সঙ্গে চলমান আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, দেশের স্বার্থবিরোধী কোনো শর্ত সরকার গ্রহণ করবে না। জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়েই সব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
সংকট কাটাতে জ্বালানি সরবরাহ বাড়লো
লোকসমাজ ডেস্ক : দেশে জ্বালানি সংকট মোকাবেলায় সোমবার (২০ এপ্রিল) থেকে ডিজেল, অকটেন ও পেট্রলের সরবরাহ ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, অকটেনের সরবরাহ ২০ শতাংশ এবং ডিজেল ও পেট্রলের সরবরাহ ১০ শতাংশ বাড়ানো হয়েছে।
রোববার রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্তমান চাহিদা বিবেচনায় এবং ডিলার ও ভোক্তা পর্যায়ে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই সিদ্ধান্ত এমন সময় নেওয়া হলো, যখন সরকার সম্প্রতি খুচরা পর্যায়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে। একই সঙ্গে বাজারে চাপ কমাতে অতিরিক্ত সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে।
এই সিদ্ধান্ত এমন সময় নেওয়া হলো যখন সরকার একদিকে খুচরা পর্যায়ে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে, অন্যদিকে সরবরাহ চাপ কমাতে বাজারে অতিরিক্ত তেল ছাড়ার পদক্ষেপ নিচ্ছে। শনিবার রাতে সরকার চার ধরনের তেলের দাম এক লাফে ১০ শতাংশের বেশি বাড়িয়েছে। নতুন দর নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ডিজেল ১১৫, অকটেন ১৪০, পেট্রোল ১৩৫ ও কেরোসিন ১৩০ টাকা, যা রোববার থেকে কার্যকর হয়েছে। এতে ডিজেলের দাম ১৫ টাকা, অকটেন ২০ টাকা, পেট্রোল ১৯ টাকা এবং কেরোসিন ১৮ টাকা বেড়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাজধানীসহ বিভিন্ন এলাকায় পেট্রোল পাম্পগুলোতে তেলের জন্য দীর্ঘ লাইন দেখায যাচ্ছে। এর আগে মার্চের শুরুতে বিপিসি মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি, বাস, ট্রাক ও পিকআপের জন্য দৈনিক বিক্রির সীমা বেঁধে দিয়েছিল। মোটরসাইকেলে অকটেন বা পেট্রোল ২ লিটার, ব্যক্তিগত গাড়িতে ১০ লিটার, এসইউভি ও মাইক্রোবাসে ২০ থেকে ২৫ লিটার, আর ডিজেলচালিত বিভিন্ন যানবাহনে ৭০ থেকে ২২০ লিটার পর্যন্ত সরবরাহের সীমা নির্ধারণ করা হয়। পরে রাইড শেয়ারিং মোটরসাইকেলের জন্য সীমা ৫ লিটারে তোলা হয়। নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অধীন বিতরণ কোম্পানিগুলো সোমবার থেকে প্রতিদিন ১৩ হাজার ৪৮ মেট্রিক টন ডিজেল, এক হাজার ৪২২ মেট্রিক টন অকটেন এবং এক হাজার ৫১১ মেট্রিক টন পেট্রল বিক্রি করবে। ডিজেলের ক্ষেত্রে পদ্মা অয়েল কোম্পানি পাবে ৪ হাজার ৩৩৩ টন (৩৩.২১%), মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড পাবে ৫ হাজার ৩৯ টন (৩৮.৬২%), যমুনা অয়েল কোম্পানি ৩ হাজার ৬১৭ টন (২৭.৭২%) এবং স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি পাবে ৫৯ টন (০.৪৫%)। অকটেনের ক্ষেত্রে মেঘনা পেট্রোলিয়াম পাবে সর্বোচ্চ ৫৩৬ টন (৩৭.৬৮%), পদ্মা অয়েল পাবে ৫১৬ টন (৩৬.৩১%) এবং যমুনা অয়েল পাবে ৩৭০ টন (২৬.০১%)। পেট্রলের ক্ষেত্রে মেঘনা পেট্রোলিয়াম পাবে ৫৪৭ টন (৩৬.১৮%), পদ্মা অয়েল ৫২২ টন (৩৪.৫৭%) এবং যমুনা অয়েল ৪৪২ টন (২৯.২৫%)।
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় বন্দুক হামলায় ৮ শিশু নিহত
লোকসমাজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের লুসিয়ানা অঙ্গরাজ্যের শ্রিভপোর্ট শহরে ভয়াবহ বন্দুক হামলায় ১ থেকে ১৪ বছর বয়সী ৮ শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, রোববার ভোরের দিকে শ্রিভপোর্ট শহরের বিভিন্ন বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। প্রাথমিকভাবে এটিকে পারিবারিক বা গার্হস্থ্য বিবাদজনিত সহিংসতা হিসেবে দেখছে পুলিশ। হামলায় মোট ১০ জন গুলিবিদ্ধ হন, যার মধ্যে ৮ শিশু ঘটনাস্থলেই মারা যায়।
শ্রিভপোর্ট পুলিশের মুখপাত্র ক্রিসটোফার জানান, সন্দেহভাজন হামলাকারী গুলি চালানোর পর একটি গাড়ি ছিনতাই করে পালানোর চেষ্টা করে। পরে পুলিশের ধাওয়ার মুখে গুলিবিদ্ধ হয়ে সে নিহত হয়।
তিনি আরও জানান, নিহত শিশুদের কয়েকজন হামলাকারীর আত্মীয় হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ এখনো হামলাকারীর বিস্তারিত পরিচয় প্রকাশ করেনি। ঘটনাটির পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং এটি গার্হস্থ্য সহিংসতার সঙ্গে যুক্ত কিনা তা যাচাই করা হচ্ছে।
যশোরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মণিরামপুরে যুবদলের প্রস্তুতি সভা
স্টাফ রিপোর্টার ॥ যুব সমাজই পারে একটি সুন্দর ও পরিচ্ছন্ন সমাজ গড়তে। দেশের যেকোনো সংকটময় মুহূর্তে এবং উন্নয়নের ধারায় যুবদলের ভূমিকা অনস্বীকার্য। আগামী ২৭ এপ্রিল যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে আয়োজিত এক যৌথ সভায় এসব কথা বলেন বক্তারা।
রোববার রাতে মণিরামপুর উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে জেলা পরিষদ অডিটোরিয়ামে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, জাতীয়তাবাদী যুবদল কোনো অপশক্তির কাছে মাথা নত করবে না। সুশৃঙ্খল এই যুবশক্তি রাজপথে উপস্থিত থেকে আগামী ২৭ তারিখের সমাবেশ সফল করার মাধ্যমে তাদের শক্তির প্রমাণ দেবে।
উপজেলা যুবদলের আহ্বায়ক মোতাহারুল ইসলাম রিয়াদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, যুগ্ম আহ্বায়ক মিনুর রহমান মধু, সদস্য ওয়াসী আহম্মেদ উজ্জ্বল।
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেল হুসাইন ও পৌর যুবদলের সদস্য সচিব বিল্লাল হোসেনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব সাইদুল ইসলাম, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, উপজেলা যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী, মিজানুর রহমান, মাসুদ পারভেজ রুবেল প্রমুখ।
সভা শেষে তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে একটি বর্ণাঢ্য প্রচার মিছিল বের করা হয়। মিছিলটি মণিরামপুর পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।
চৌগাছায় হাট ইজারা নিয়ে চাঁদাবাজির অভিযোগ প্রেসক্লাব যশোরে

স্টাফ রিপোর্টার ॥ যশোরের চৌগাছা পৌরসভার সাধারণ হাট ও মাছ বাজারের ইজারাকে কেন্দ্র করে চাঁদাবাজি ও হুমকির অভিযোগে এক ব্যবসায়ী থানায় অভিযোগ করেছেন বলে। এ ঘটনায় রোববার প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
চৌগাছা উপজেলার নিরিবিলিপাড়া গ্রামের বাসিন্দা ও ব্যবসায়ী মো. আতিকুর রহমান লেন্টু এই সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৫ মার্চ পৌরসভার সাধারণ হাটের টেন্ডারে সর্বোচ্চ দরদাতা হিসেবে ১ কোটি ৯৬ লাখ ৯৪ হাজার ৭৫০ টাকায় ১৪৩৩ বঙ্গাব্দের জন্য তিনি ইজারা লাভ করেন। ইজারা পাওয়ার পর থেকেই স্থানীয় কয়েকজন ব্যক্তি তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিতে থাকে এবং হাটের খাজনা উত্তোলনে বাধা দেওয়ার হুমকি দেয়।
লিখিত অভিযোগে মো. শুকুর আলী (৪৫), কাঠগড়া কলেজের সহকারী অধ্যাপক বিএম হাফিজুর রহমান, মো. আব্দুর রহিম (৫২), মো. মাসুদ (৪০), মো. উজ্জ্বল হোসেন (৩৮) সহ অজ্ঞাতনামা আরও ৮-১০ জন এই ঘটনার সঙ্গে জড়িত বলে উল্লেখ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গত ১৪ এপ্রিল থেকে অভিযুক্তরা জোরপূর্বক হাটের কাঁচাবাজার, মাছ বাজার ও ফুটপাতের দোকান থেকে প্রায় ১ লাখ টাকা চাঁদা আদায় করেছে। এরই ধারাবাহিকতায় ১৮ এপ্রিল সকাল ৯টার দিকে ভুক্তভোগীর খাজনা আদায়কারী মো. আরিফুল ইসলাম অসিম (৪০) মাছ বাজার এলাকায় গেলে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে তাকে খাজনা আদায়ে বাধা দেয়, গালিগালাজ করে এবং তার রশিদ বই ছিনিয়ে নেয়। পরে তাকে বাজার এলাকা থেকে বের করে দেয়। ঘটনার সময় স্থানীয় বেশ কয়েকজন ব্যক্তি বিষয়টি প্রত্যক্ষ করেন।
ভুক্তভোগী ব্যবসায়ী জানান, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে চাঁদা আদায়ের চেষ্টা করে আসছিল। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানানো হলেও কোনো সমাধান না হওয়ায় বাধ্য হয়ে তিনি থানায় এজাহার দায়ের করেছেন।
এ বিষয়ে চৌগাছা থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মো. শফিউদ্দিন, সিরাজুল ইসলাম, আরিফুল ইসলাম, হাবিবুর রহমান প্রমুখ।
এর আগে চৌগাছা পশুহাট নিয়ে কোটি টাকার ঊর্ধ্বে অর্থ ভাগাভাগির অভিযোগ উঠেছিল। স্থানীয় প্রভাবশালী মহলের ব্যক্তিবর্গ ওই অর্থ ভাগ করে নিয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
যশোর জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ
স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বেসরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে আব্দুল গফুর একাডেমি মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই বৃত্তি ও সনদ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ ও সনদপত্র তুলে দেন যশোর জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি ও আব্দুল গফুর একাডেমির পরিচালক জসিম উদ্দিন খান।
আব্দুল গফুর একাডেমির অধ্যক্ষ প্রফেসর জিল্লুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইস্টার একাডেমির পরিচালক অধ্যাপক আব্দুল গণি, কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোদাচ্ছের হোসেন, জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের পরীক্ষা নিয়ন্ত্রক মকবুল হোসেন, অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি ওলিয়ার রহমান, সাধারণ সম্পাদক ইকবাল কবীর খান, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার মিঠু এবং আব্দুল গফুর একাডেমির পরিচালক নারগিস আক্তার।
এবারের বেসরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে ৭২ জন এবং সাধারণ গ্রেডে ১১২ জনসহ মোট ১৮৪ জন শিক্ষার্থীকে এই বৃত্তি ও সনদ প্রদান করা হয়।
মালয়েশিয়ায় কালীগঞ্জের প্রবাসী নজরুল ও তার বাগদত্তাকে পুড়িয়ে হত্যা

আসিফ কাজল, ঝিনাইদহ॥ একটি ফোনকলের অপেক্ষায় ছিল পুরো পরিবার। কথা ছিল খামারের গরু-ছাগল বিক্রির টাকা নিয়ে দ্রুতই দেশে ফিরবেন রেমিট্যান্সযোদ্ধা নজরুল ইসলাম। বোনকে কথা দিয়েছিলেন, আর কষ্ট করতে হবে না আপা, আমি বাড়ি এসে সব ঠিক করে দেব।
ভাগ্নি সাদিয়া ইসলাম মিমকে বলেছিলেন, তোমার জন্যে অনেক কিছু নিয়ে আসব যা দেখে তুমি খুশি হয়ে যাবে। কিন্তু প্রিয়জনদের সেই অপেক্ষার প্রহর শেষ হলো এক দুঃসংবাদে। সুদূর মালয়েশিয়ায় নজরুল ইসলাম (২৯) ও তার বাগদত্তা কোহিনুর বেগমকে (২১) নৃশংসভাবে হত্যার পর পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ পেয়ে গোটা পরিবার শোকে স্তব্ধ।
গত ১৪ এপ্রিল গভীর রাতে ঘটনাটি ঘটেছে মালয়েশিয়ার শ্রীমবাং জেলার কামপুংচুয়া (লকেট) গ্রামে। নিহত নজরুল ইসলাম (২৯) ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গোবরডাঙ্গা গ্রামের মোতালেব মন্ডলের ছোট ছেলে। অন্যদিকে নজরুলের সঙ্গে নিহত তার বাগদত্তার বাড়ি নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার সেনপাড়ার গ্রামে।
ভাগ্নি সাদিয়া ইসলাম মিম রোববার বিকেলে জানান, তার ছোট মামা জীবনের শেষ সম্বলটুকু গুছিয়ে যখন নাড়ির টানে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই সব স্বপ্ন পুড়ে ছাই হয়ে যায়। সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের তেুলতলা গ্রামের শান্তি নামে এক প্রবাসী একটি ভিডিও পাঠিয়ে নজরুল ও তার বাগদত্তার মৃত্যুর খবর তাদের অবগত করেন।
ভাগ্নি মিম আরো জানান, তারা এখনো ওই দেশের সরকারের কাছ থেকে মৃত্যুর কোন সংবাদ পাননি। তবে ঝিনাইদহের যারা মালয়েশিয়ার শ্রিমবাং জেলার কামপুংচুয়া এলাকায় কাজ করেন তারা খবরটি নিশ্চিত হয়েই তাদেরকে জানিয়েছেন।
প্রবাসী নজরুলের ভাই জহির উদ্দীন জানান, ২০১৮ সালে মালয়েশিয়ায় পাড়ি দিয়েছিলেন নজরুল। সেখানে হাড়ভাঙা খাটুনি আর মেধা দিয়ে গড়ে তুলেছিলেন একটি বৈচিত্র্যময় খামার। হাঁস-মুরগি থেকে শুরু করে গরু-ছাগল ও বিদেশি কুকুর সবই ছিল তার নিবিঢ় মমতায় ঘেরা।
তিনি আরো জানান, চলতি বছরের শুরুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোহিনুর বেগমের সঙ্গে পরিচয় ঘটে নজরুলের। কিছুদিন পর নজরুল অসুস্থ হয়ে পড়লে তাকে সেবা করতে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় ছুটে যান বাগদত্তা কোহিনুর।
নজরুলের মা রসুলা বেগম দাবি করেন, ব্যবসায়িক সাফল্যে ঈর্ষান্বিত হয়ে সেদেশের কোন দুষ্টচক্র তাদের হত্যার সঙ্গে জড়িত থাকতে পারে। এরমধ্যে ব্যবসায়িক পার্টনারের সঙ্গে বিরোধের কথা নিহত নজরুল আগে থেকেই তার পরিবারের কাছে আভাস দিয়েছিলেন। এ কারণে বারবার নজরুল বাড়ি ফিরতে চেয়েছিলেন। কিন্তু ফেরার আগেই তার মরদেহ পুড়িয়ে ছাই করে দেওয়া হলো।
গোবরডাঙ্গা গ্রামটি তাই এখন শোকে স্তব্ধ। নজরুলের বৃদ্ধ পিতা মোতালেব হোসেন বাকরুদ্ধ। বাড়িতে কান্নার রোল। পিতা বারবার জ্ঞান হারাচ্ছেন। বোন শাপলা খাতুনের আর্তনাদে আকাশ-বাতাস ভারী হয়ে উঠছে। প্রতিবেশী ওমর ফারুক বলেন, নজরুল ছিল পরিশ্রমের উজ্জ্বল উদাহরণ। এমন এক তরুণের জীবনে এই নৃশংসতা মেনে নেওয়া যায় না।
ঝিনাইদহের পুলিশ সুপার মাহফুজ আফজাল রোববার সন্ধ্যায় জানান, এ ধরনের কোন খবর তাদের কাছে নেই। যদি আসে তবে জানাতে পারবো।
কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন জানিয়েছেন, মৃত্যুর খবরটি সম্পর্কে তারা নিশ্চিত নন। তবে পরিবারটি কান্নাকাটি করছে। তিনি বলেন, বিদেশে ঘটে যাওয়া এ ঘটনার বিষয়ে দূতাবাস ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে পদক্ষেপ নেওয়া উচিত।
বোতলজাত সয়াবিনের সংকট চলছেই, কমছে সবজির দাম

শেখ আব্দুল্লাহ হুসাইন॥ যশোরের বাজারে দোকানগুলোতে এ সপ্তাহেও বোতলজাত সয়াবিন তেল দেখা যায়নি। পাওয়া যাচ্ছে খোলা তেল। বিক্রেতাদের দাবি তেল সরবরাহকারীরা সরকারকে চাপ দিয়ে আরও দাম বাড়ানোর চেষ্টা করছে। এদিকে বৈশাখ মাসেও বাজারে ইলিশ মাছ সহজপ্রাপ্য হয়নি। তবে আমদানি বেড়ে কিছুটা কমেছে কয়েক ধরনের সবজির দাম।
যশোর শহরের বড় বাজারে রোববারও খুচরা দোকানগুলোতে বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায়নি। খুচরা বিক্রেতারা বলছেন তেল সরবরাহকারীরা সরকারকে চাপ দিয়ে আরও দাম বাড়ানোর চেষ্টায় কৃত্রিম সংকটের সৃষ্টি করেছে। তবে প্রায় সব দোকানেই স্বাভাবিকভাবে খোলা ভোজ্যতেল পাওয়া যাচ্ছে।
বড় বাজারের খুচরা ভোজ্যতেল ব্যবসায়ী রবি ব্যানার্জি জানান, এ সপ্তাহেও বাজারে খোলা তেলের দাম অপরিবর্তিত রয়েছে। তিনি রোববার প্রতি কেজি খোলা সয়াবিন তেল ২০৫ টাকা, পাম তেল ১৮০ টাকা, সুপার তেল ১৮৫ টাকা ও সরিষার তেল ২০০ টাকা দরে বিক্রি করেছেন।
তিনি আশঙ্কা করছেন, সরকারের জ¦ালানি তেলের দাম বাড়ানোর সুযোগটা পাইকারি ব্যবসায়ীরা নিতে পারেন। তারা গাড়িভাড়া বৃদ্ধির অজুহাতে হয়ত পাইকারি বাজারে খোলা ভোজ্যতেলের দাম বাড়িয়ে দেবেন। সেক্ষেত্রে খুচরা বাজারেও এর প্রভাব পড়বে।
এদিকে নতুন বাংলা বর্ষে বৈশাখেও বাজারে ইলিশ মাছের তেমন দেখা মিলছে না। বাজারে নেই এক কেজি ওজনের ইলিশ। বড় বাজার মাছবাজারের খুচরা ইলিশ বিক্রেতা এরশাদ আলী জানান, তিনি রোববার ৭০০/৮০০ গ্রাম ওজনের ইলিশের কেজি বিক্রি করেছেন ২৫শ টাকা, ৬০০ গ্রাম ওজনের ইলিশের কেজি ১৮শ টাকা ও ৩০০/৩৫০ গ্রাম ওজনের ইলিশের কেজি ১৩শ টাকা দরে বিক্রি করেছেন।
মাছ বিক্রেতা এরশাদ আলী ও আলাউদ্দিন বিশ্বাস জানান, ইলিশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বর্তমানে সাগর ও দেশের ৬টি ইলিশ অভয়াশ্রমে মাছ ধরায় নিষেধাজ্ঞা রয়েছে। এ কারণে বাজারে আমদানি অনেক কম। এদিকে, বাজারে অন্যান্য মাছের সরবরাহও কমে এসেছে।
রোববার খুচরা বিক্রেতা রতন বিশ্বাস জানান, আড়াই কেজি ওজনের কাতল মাছের কেজি ৩২০ টাকা, ২ কেজি ওজনের রুই মাছের কেজি ৩৩০ টাকা, ট্যাংরা মাছ ৪৮০ থেকে ৫৮০ টাকা, বাগদা চিংড়ি ৬০০ থেকে ৮০০ টাকা, বাইন মাছ ১০০০ থেকে ১২০০ টাকা, পাবদা ৪০০ টাকা, বাটা ২০০ টাকা, বেলে ৭০০ থেকে ৮০০ টাকা ও পুঁটি মাছ ৪০০ টাকা দরে বিক্রি হয়েছে।
তবে চলতি সপ্তাহে বেশ কিছু সবজির দাম কমেছে। বড় বাজারের খুচরা সবজি বিক্রেতা কৃষ্ণ চন্দ্র দাস জানান, রোববার মানভেদে উচ্ছে প্রতি কেজি ৮০ থেকে ৯০ টাকা দরে বিক্রি হয়েছে, গত সপ্তাহে ছিল ১০০ থেকে ১২০ টাকা। শিম বিক্রি হয়েছে ৮০ থেকে ১০০ টাকা, গত সপ্তাহে ছিল ৯০ থেকে ১০০ টাকা। বরবটি বিক্রি হয়েছে ৬০ থেকে ৭০ টাকা, গত সপ্তাহে ছিল ৯০ থেকে ১০০ টাকা। ঢেঁড়স বিক্রি হয়েছে ৪০ টাকা, গত সপ্তাহে ছিল ৭০ থেকে ৮০ টাকা। কুশি বিক্রি হয়েছে ৬০ থেকে ৭০ টাকা, গত সপ্তাহে ছিল ৭০ থেকে ৮০ টাকা। লেবুর হালি বিক্রি হয়েছে ৩০ থেকে ৪০ টাকা, গত সপ্তাহে ছিল ৫০ টাকা। পটল বিক্রি হয়েছে ৬০টাকা, গত সপ্তাহে ছিল ৭০ থেকে ৮০ টাকা।।
তাছাড়া অন্যান্য সবজির দর এ সপ্তাহেও অপরিবর্তিত রয়েছে। যেমন,শসার কেজি ৭০ থেকে ৮০ টাকা, টমেটো ৫০ থেকে ৬০ টাকা, গাজর ৪০ থেকে ৫০ টাকা, পালংশাক ৫০ থেকে ৬০ টাকা।
বড় বাজারের কাঁচামালের আড়তদার শাহাবুদ্দিন মাতুব্বর ও সুজিত কাপুড়িয়া বাবলু জানান, গ্রীষ্মের শুরতেই প্রচণ্ড তাপ্রবাহের কারণে সবজির ফলন কমেছিল। বর্তমানে আবার নতুন করে ফলন আসায় বাজারে সরবরাহ বাড়ছে। তারা আশা করছেন আগামী সপ্তাহ থেকে বাজারে আরও সবজির সরবরাহ বেড়ে দাম কমে আসবে।







