৬ বছরে ভারতের প্রথম জরিমানা

0

লোকসমাজ ডেস্ক ॥ নিউজিল্যান্ড ও ভারতের টানা দুই ম্যাচ সুপার ওভারে গড়ালো। দুটিই জিতলো ভারত। শুক্রবার ওয়েলিংটনে আরেকটি জয়ের পথে স্লো ওভার রেটিংয়ের অভিযোগ উঠেছে সফরকারীদের বিরুদ্ধে। তাদের জরিমানা করেছে আইসিসি। চতুর্থ টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে ১৬৫ রান করেছিল ভারত। নিউজিল্যান্ডও নির্ধারিত ২০ ওভারে একই স্কোর করলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। কিন্তু সুপার ওভারের ‘অভিশাপ’ ঘোচাতে পারেনি কিউইরা। তিন দিনের ব্যবধানে দুটি ম্যাচই জিতেছে ভারত। তাতে ৪-০ তে এগিয়ে গেছে তারা পাঁচ ম্যাচের সিরিজে।
কিন্তু ম্যাচে নির্ধারিত সময়ের চেয়ে দুটি ওভার কম করেছিল ভারত। তাই স্লো ওভার রেটের দায়ে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে খেলোয়াড়দের। প্রত্যেক ওভারের জন্য ২০ শতাংশ করে ম্যাচ ফি কেটে নেওয়া হবে। আইসিসি এক বিবৃতিতে জানায়, আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী এ শাস্তি দিয়েছেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড। ৬ বছরের মধ্যে এই প্রথম স্লো ওভার রেটের দায়ে জরিমানা গুনতে হলো ভারতকে, ২৬৪ ম্যাচ পরে। কোহলির অধীনে এমন শাস্তিও ভারতের। কোহলি দোষ স্বীকার করেছেন এবং শাস্তি মেনে নেওয়ায় কোনও শুনানির প্রয়োজন পড়েনি। আগামীকাল রবিবার মাউন্ট মঙ্গানুইতে হবে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ।