বাংলাদেশে প্রথমবার দৃষ্টিপ্রতিবন্ধীদের টি-টোয়েন্টি এশিয়া কাপ

0

স্পোর্টস ডেস্ক, লোকসমাজ : বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে যুক্ত হতে যাচ্ছে নতুন এক আন্তর্জাতিক অধ্যায়। প্রথমবারের মতো দেশের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দৃষ্টিপ্রতিবন্ধীদের টি-টোয়েন্টি এশিয়া কাপ। আগামী ১৫ থেকে ২০ নভেম্বর পর্যন্ত এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এশিয়ার দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেটারদের এই আন্তর্জাতিক প্রতিযোগিতা।

ছয় দিনব্যাপী এ টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশের পাশাপাশি অংশ নেবে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। ক্রিকেটীয় প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি এ আয়োজন দৃষ্টিপ্রতিবন্ধী খেলোয়াড়দের সক্ষমতা, প্রতিভা ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের তুলে ধরার সুযোগ আরও সম্প্রসারিত করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল (বিবিসিসি) এ প্রতিযোগিতার আয়োজন করছে। সংস্থাটি ওয়ার্ল্ড ব্লাইন্ড ক্রিকেট লিমিটেডের (ডব্লিউবিসি) অধিভুক্ত। টুর্নামেন্ট সামনে রেখে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি ও আনুষঙ্গিক আয়োজন শুরু করেছে আয়োজকরা।

আন্তর্জাতিক এ আসরের প্রধান পৃষ্ঠপোষক সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল (এসবিজি)। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, দৃষ্টিপ্রতিবন্ধী ক্রীড়াবিদদের জন্য আরও বেশি সুযোগ তৈরি এবং তাঁদের প্রতিভা ও সাফল্য বৃহত্তর পরিসরে তুলে ধরতে এ ধরনের আন্তর্জাতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

টুর্নামেন্টের এক্সক্লুসিভ গণমাধ্যম সহযোগী হিসেবে থাকছে দেশের একমাত্র ক্রীড়াভিত্তিক টেলিভিশন চ্যানেল টি স্পোর্টস।

আয়োজকদের মতে, এ প্রতিযোগিতার উদ্দেশ্য শুধু দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেটারদের আন্তর্জাতিক পর্যায়ে খেলার সুযোগ করে দেওয়া নয়; ক্রিকেটের মাধ্যমে অংশগ্রহণকারী দেশগুলোর খেলোয়াড়দের মধ্যে পারস্পরিক যোগাযোগ, বন্ধুত্ব, সমতা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়াও এর অন্যতম লক্ষ্য।

বাংলাদেশে প্রথমবারের মতো দৃষ্টিপ্রতিবন্ধীদের টি-টোয়েন্টি এশিয়া কাপ আয়োজন দেশের ক্রীড়াঙ্গনে একটি উল্লেখযোগ্য সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে। একই সঙ্গে এ আয়োজন এশিয়ার বিভিন্ন দেশের মধ্যে ক্রীড়া-সম্পর্ক, পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি আরও জোরদার করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।