এমএম কলেজে আন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা শুরু

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজে আন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে কলেজের ছাত্র কমনরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. হারুন অর রশিদ।

উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যক্ষ বলেন, শ্রেণিকক্ষে পাঠগ্রহণের পাশাপাশি শিক্ষার্থীদের মননশীলতা, ব্যক্তিত্ব ও শারীরিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধু শ্রেণিকক্ষের পাঠদান শিক্ষার্থীদের পরিপূর্ণ বিকাশের জন্য যথেষ্ট নয়। খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের একঘেয়েমি দূর করার পাশাপাশি সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করে।

তিনি আরও বলেন, খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব, শৃঙ্খলা, সহনশীলতা, দলগত চেতনা ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে ওঠে। এসব গুণ অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের বিকশিত করার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে পারে।

একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের সুনাম ও মর্যাদা বৃদ্ধি পায়। তাই শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে নিয়মিত ক্রীড়াচর্চা এবং সহশিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন।

ছবি: সংগৃহীত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এ কে এম রফিকুল ইসলাম ও শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আতিয়ার রহমান।

ক্রীড়া কমিটির আহ্বায়ক প্রফেসর সৈয়দ আহসান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এমএম কলেজ ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম বিল্টু ও ছাত্রশিবিরের ছাত্রকল্যাণবিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ।

অনুষ্ঠান পরিচালনা করেন কলেজের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা সবুজ।