-৩ আসনের সংসদ সদস্যের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ প্রার্থী ফাতেমা আনোয়ারের

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের বিরুদ্ধে নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ এনে প্রধান নির্বাচন কমিশনার বরাবর অভিযোগ দিয়েছেন যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ঘোড়া প্রতীকের ফাতেমা আনোয়ার।
সোমবার বিকেলে প্রেস ক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান তিনি এবং অভিযোগটি পড়ে শোনান।
অভিযোগে ফাতেমা আনোয়ার বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নির্বাচন কমিশন একটি অংশগ্রহণমূলক নির্বাচন করতে চাইলেও সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ ও তার সমর্থিত প্রার্থী চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, চোরাচালানি আনোয়ার হোসেন বিপুল ভয়ভীতি ও ত্রাস সৃষ্টি করছেন’।
তিনি বলেন, স্থানীয় সংসদের পক্ষে কোনো চেয়ারম্যান প্রার্থী থাকবে না মর্মে প্রধানমন্ত্রীর সুস্পষ্ট আদেশ থাকা সত্ত্বেও যশোর সদর (যশোর-৩) আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহম্মেদ জেলা আওয়ামী লীগ কর্তৃক সদ্য বহিষ্কৃত, বিতর্কিত, একাধিক চাঁদাবাজি, সোনা ও অবৈধ অস্ত্র চোরাচালান মামলার জামিনপ্রাপ্ত আসামি আনোয়ার হোসেন বিপুলকে তাঁর মনোনীত চেয়ারম্যান প্রার্থী ঘোষণা দিয়েছেন। তিনি দলীয় নেতাকর্মী, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্বাচনে প্রভাব বিস্তারে সরাসরি হুকুম প্রদান করছেন। তাঁর মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনে অংশ না নিলে দলীয় পদ হারানোসহ বিভিন্ন সরকারি আর্থিক সুবিধা থেকে বঞ্চিত করা হবে মর্মে হুমকি দিচ্ছেন বলে অভিযোগে জানান তিনি।
সংবাদ সম্মেলনে ফাতেমা আনোয়ার লিখিত বক্তব্যে আরও জানান, কাজী নাবিল আহম্মেদ নেতাকর্মীদের ডেকে সরাসরি বলেছেন যে, তিনি স্থানীয় সংসদ সদস্য। তিনি আরও ৪ বছর এমপি হিসেবে আছেন বিধায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সকল আর্থিক উৎস তার হাতে রয়েছে। এজন্য তার মনোনীত প্রার্থীর পক্ষে যদি কাজ না করা হয়, তাহলে চেয়ারম্যান ও তাদের সহযোগী অঙ্গ-সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নিবে এবং সরকারি আর্থিক সুবিধা (ভিজিএফ, ভিজিডি, বয়স্কভাতা, বিধবাভাতা, মাতৃকালীনভাতা, মুক্তিযোদ্ধাভাতা, প্রতিবন্ধীভাতা) থেকে বঞ্চিত করবেন। এছাড়াও উপজেলার সকল ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের পদ হারানোর ভয়ভীতি প্রদর্শন করার পাশাপাশি স্থানীয় সংসদ সদস্যের নির্দেশের বাহিরে যে সকল আওয়ামী লীগ নেতাকর্মী কাজ করবে তাদের নামের তালিকা তৈরি করার নির্দেশ দেওয়া হচ্ছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
ফাতেমা আনোয়ার আরও বলেন, স্থানীয় সংসদ সদস্যের প্রভাবে প্রভাবিত হয়ে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন বিপুল তার পক্ষের কিশোর গ্যাং ও সন্ত্রাসীদের দিয়ে বিভিন্ন এলাকায় পেশী শক্তি প্রদর্শন করছেন। অবৈধ অস্ত্রশস্ত্রে সর্জিত হয়ে গভীর রাতে বাড়ি বাড়ি গিয়ে কর্মী সমর্থকদের হুমকি দিচ্ছেন। এ অবস্থায় সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনের চেষ্টা ব্যর্থ হবে বলে তিনি আশঙ্কা করেন। এ বিষয়ে তিনি নির্বাচন কমিশনসহ স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ।
সংবাদ সম্মেলনে ফাতেমা আনোয়ারের প্রধান নির্বাচনী এজেন্ট অ্যাডভোকেট আকরাম হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মীর জহুরুল হক, জেলা ছাত্রলীগের সাবেক সেক্রেটারি সৈয়দ মেহেদী হাসান, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অশোক বোসসহ নির্বাচন পরিচালনা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব দেবেন না বলে জানান তার সাথে থাকা নেতৃবৃন্দ।