৩২ দিন কারাবাসের পর জামিনে মুক্ত টিএস আইয়ূব

0

স্টাফ রিপোর্টার ॥ ৩২ দিন কারাবাসের পর জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব। বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫ মিনিটে তিনি যশোর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। সর্বশেষ মামলায় উচ্চ আদালত থেকে জামিন লাভ করার পর তিনি কারামুক্ত হন বলে দলটির নেতারা জানান।
গত ১১ নভেম্বর বিএনপির চলমান একদফা আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে অবরোধ চলাকালীন সময় বিএনপির এই শীর্ষ নেতাকে যশোর ডিবি পুলিশ বাঘারপাড়া থেকে আটক করে। যদিও ডিবি পুলিশের পক্ষ থেকে দাবি করা হয় তাকে ওই দিন যশোর মণিহার মোড় এলাকায় অবরোধ চলাকালীন সময় আটক করা হয়। আটকের পর যশোর কোতয়ালি থানা পুলিশের দায়ের করা কথিত নাশকতা সৃষ্টির অভিযোগ আনা একটি মামলায় তাকে আটক দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। পরে কারাগারে থাকাকালীন বাঘারপাড়া ও অভয়নগর থানা পুলিশ আরও চার মামলায় শ্যোনঅ্যারেস্ট দেখায়। ওই চারটি মামলায় তিনি যশোর জেলা ও দায়রা জজ আদালত থেকে জামিন লাভ করলেও কোতয়ালি থানা পুলিশের দায়ের করা মামলায় তাকে জামিন নাকচ করে জজ কোর্ট। সর্বশেষ ওই মামলায় তার পক্ষে হাইকোর্টে জামিন আবেদন করলে আদালত তাকে জামিন দেয়ার আদেশ দেন।
বিএনপি নেতা টিএস আইয়ূবের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল লতিফ লতা বলেন, হাইকোর্টের জামিনের আদেশের কপি বৃহস্পতিবার কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর পর তাকে মুক্তি দেওয়া হয়।
জামিনের পর ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব বলেন, যশোর কেন্দ্রীয় কারাগারে এখনো শ শ নেতাকর্মী মানবেতর জীবনযাপন করছেন। বর্তমান ফ্যাসিবাদি সরকার তাদেরকে অন্যায়ভাবে আটক রেখেছে। তাদের অশ্রুসিক্ত বিদায় আমাকে চরমভাবে কষ্ট দিয়েছে। এসব নেতাকর্মীর দ্রুত মুক্তি কামনা করছি।