যারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: এমপি নুসরাত

0
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে আগুনে পুড়ে যাওয়া পৈতৃক বাড়ির সামনে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন এমপি নুসরাত তাবাসসুম।। ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুরে আগুনে পুড়ে যাওয়া নিজের পৈতৃক বাড়ি পরিদর্শন শেষে সংবাদ সম্মেলন করেছেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার বাগোয়ান গ্রামে পোড়া বাড়ির সামনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় তাঁর সঙ্গে বাবা আব্দুল হালিম এবং এনসিপির কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত উপস্থিত ছিলেন।

গত রাতে নিজ বাড়িতে পেট্রোলবোমা হামলা চালানোর অভিযোগ তোলার পর রাতেই ঢাকা থেকে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন এই এনসিপি নেত্রী। সকালে পোড়া বাড়ি পরিদর্শন করে তিনি সংবাদ সম্মেলনে বলেন, এ সমস্ত ঘটনা ঘটিয়ে যারা তাঁদের ভয় পাইয়ে বা কষ্ট পাইয়ে দিতে চাইছে, তাদের মুখে শুধুই চুনকালি পড়বে।

তিনি আরও উল্লেখ করেন, অতীতে ১৭ বছরে বাংলাদেশের মানুষ এ ধরনের অসংখ্য ঘটনা দেখার ফলেই চব্বিশের গণঅভ্যুত্থান এসেছিল।

সংবাদ সম্মেলনে নুসরাত তাবাসসুম জানান, গত ২৮ অক্টোবর রাত সাড়ে নয়টার দিকে একটি স্প্যাম নম্বর থেকে তাঁর কাছে হুমকির কল আসার পর তিনি গত মঙ্গলবার কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। এমনকি গতকাল তাঁর বাড়িতে হামলার তিন ঘণ্টা আগে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের (নিষিদ্ধঘোষিত) পলাতক সভাপতির ফেসবুক আইডি থেকে একটি হুমকি পোস্ট দেওয়া হয়েছিল।

মধ্যরাতে সিসিটিভির হিসাব অনুযায়ী ১২টা বেজে ১৫ মিনিট ৩০ সেকেন্ডে তাঁর বাড়িতে পরপর চারটি বিস্ফোরণ ঘটে, যার ধরণ দেখে পেট্রোলবোমা হামলা বলে প্রতীয়মান হয়। তিনি অভিযোগ করেন, খবর পেয়ে পুলিশ এসে সাধ্যমতো পাহারা দিলেও প্রায় ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো কোনো আলামত সংগ্রহ করতে পারেনি।

এছাড়া দৌলতপুর উপজেলায় কোনো ফায়ার সার্ভিস না থাকায় অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই সবকিছু পুড়ে গেছে।

বাড়িটি পরিত্যক্ত নয় বলে স্পষ্ট করে নুসরাত জানান, এই বাড়িতে পাঁচ-ছয় বছর ধরে একটি পরিবার বসবাস করত এবং তারাই বাড়িটি দেখাশোনা করত। এই বাড়িতেই তিনি ও তাঁর ভাই বড় হয়েছেন এবং তাঁর বাবা-মা সংসার করেছেন। এটি তাঁর দাদার হাতের তৈরি পৈতৃক বসতবাড়ি, যেখানে গবাদি পশুর খামার ও সেই পরিবারটি থাকত।

হামলায় একটি শিশু আহত এবং অনেকগুলো গবাদি পশু মারা গেছে বলে তিনি জানান। স্থানীয় লোকজন নয়, বরং এটি নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের কাজ বলে দাবি করে নুসরাত বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা এখন ‘ঢিলা’। পেট্রলবোমা হামলা চালিয়ে বাড়ি পুড়িয়ে দেওয়ার এই ঘটনায় তিনি দৌলতপুর থানায় মামলা করবেন বলেও জানান।