ঝিনাইদহের শৈলকূপায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে আমন ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা

0
ঝিনাইদহের শৈলকূপায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টির তোড়ে মাঠে লুটিয়ে পড়া আমন ধানখেতের ক্ষতিগ্রস্ত দৃশ্য।। ছবি: লোকসমাজ

মফিজুল ইসলাম, শৈলকূপা (ঝিনাইদহ)॥ ঝিনাইদহের শৈলকূপায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে আমন ধানের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। বুধবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঝড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়। এতে মাঠে থাকা পাকা ও আধাপাকা ধান মাটিতে নুয়ে পড়েছে এবং কোথাও কোথাও কাটা ধান পানিতে তলিয়ে গেছে।

সারা বছরের ফসল ঘরে তোলার স্বপ্ন নিয়ে অপেক্ষায় থাকা কৃষকদের মধ্যে এই বিপর্যয়ে চরম হতাশা ও দুশ্চিন্তা দেখা দিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ধলহরাচন্দ্র, আবাইপুর, নিত্যানন্দনপুর, সারুটিয়া, দুধসর ও উমেদপুর ইউনিয়নে শিলাবৃষ্টির প্রভাব সবচেয়ে বেশি পড়েছে। এসব এলাকার অনেক কৃষকের ধানক্ষেত ঝড়ের তোড়ে মাটিতে লুটিয়ে পড়ার পাশাপাশি শিলাবৃষ্টিতে ধানের শিষ ও দানা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়া বৃষ্টির পানিতে কাটা ও শুকাতে দেওয়া ধানও নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা। কৃষকদের কাছে আমন ধান কেবল একটি ফসল নয়, বরং সারা বছরের সংসার পরিচালনা ও জীবিকা নির্বাহের অন্যতম প্রধান অবলম্বন। ধান পেকে ওঠায় অনেকেই তা কাটার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক সেসময়ের এই আকস্মিক দুর্যোগ তাদের আশায় বড় আঘাত হেনেছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে শৈলকূপায় আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ২৪ হাজার ৯৪৫ হেক্টর জমিতে এবং এর বিপরীতে আবাদ হয়েছে ২৪ হাজার ৯৪৮ হেক্টর জমিতে।

শৈলকূপায় হঠাৎ বৃষ্টির পানিতে মাঠে কেটে রাখা ধান ভিজে যাওয়ায় কৃষকদের মাঝে দেখা দিয়েছে চরম দুশ্চিন্তা।। ছবি: লোকসমাজ

দুধসর ইউনিয়নের কৃষক বায়েজিদ হোসেন জানান, রাতের ঝড় ও বৃষ্টিতে তাঁর দুই বিঘা জমির ধান পানির নিচে তলিয়ে গেছে এবং শিলাবৃষ্টিতে খেতের ব্যাপক ক্ষতি হয়েছে। উমেদপুর ইউনিয়নের কৃষক সিহাব মোল্লা বলেন, হঠাৎ বৃষ্টিতে অনেক কৃষক কেটে রাখা ধান পলিথিন দিয়ে ঢাকার চেষ্টা করলেও বহু ধান ভিজে নষ্ট হয়েছে।

অন্যদিকে মনোহরপুর ইউনিয়নের হেতামপুর গ্রামের স্কুলশিক্ষক শফিকুল ইসলাম জানান, তাঁর দেড় বিঘা জমির কাটা ও শুকানো ধান তলিয়ে যাওয়ার পাশাপাশি পেঁয়াজের দানারও ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকেরা দ্রুত মাঠপর্যায়ে সরেজমিন তদন্ত করে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণ এবং তালিকা তৈরি করে জরুরি ভিত্তিতে সরকারি সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা কৃষি বিভাগের কর্মকর্তাদের মাঠপর্যায়ে গিয়ে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়ার আহ্বান জানান।

এ বিষয়ে শৈলকূপা উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান জানান, এখনো ক্ষয়ক্ষতির চূড়ান্ত হিসাব পাওয়া যায়নি, তবে দ্রুত সময়ের মধ্যে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ করে ক্ষতিগ্রস্ত ফসলের পরিমাণ নিরূপণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।