হামলায় আহত ভেকুটিয়ার ত্রাস সাগরের মৃত্যু

0

স্টাফ রিপোর্টার || যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের ভেকুটিয়া বাজারে হাতুড়ি পেটায় গুরুতর আহত আওয়ামী লীগের ক্যাডার, ভেকুটিয়ার ত্রাস সাইফুল ইসলাম সাগর মারা গেছেন। গত সোমবার যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় নিয়ে যাওয়ার পথে রাত সোয়া ১টার দিকে তিনি মারা যান বলে  জানিয়েছেন তার ভাই আশরাফুল ইসলাম আকাশ। সাইফুল ইসলাম সাগর বালিয়া ভেকুটিয়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, সন্ত্রাসী সাগর এবং তার সহযোগীদের হাতে ভেকুটিয়া বাজারের ব্যবসায়ীরা ছাড়াও আশেপাশের মানুষ দীর্ঘদিন ধরে জিম্মি ছিলেন। জোরপূর্বক চাঁদা আদায়সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত সন্ত্রাসী সাগর। অস্ত্র আইনের একটি মামলায় আটকের পর সম্প্রতি তিনি জামিনে কারাগার থেকে বেরিয়ে আসেন।

গত সোমবার বিকেলে সাগর এবং তার দুই সহযোগী একটি মোটরসাইকেল করে ভেকুটিয়া বাজারে আসেন। কিছুক্ষণ পর তারা আমদাবাদ গ্রামে যান। পরে সেখান থেকে ফের ভেকুটিয়া বাজারে এলে কয়েক জন ধাওয়া দেয়। এ সময় তার দুই সহযোগী পালিয়ে গেলেও সন্ত্রাসী সাগর মোটরসাইকেলসহ ধরা পড়ে যান। এ সময় হামলায় তার দুই পা ভেঙে যায়। গুরুতর আহত সাগরকে তার স্বজনেরা ভ্যানে করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়।

কোতয়ালি থানার সেকেন্ড অফিসার এসআই তারেক মোহাম্মদ নাহিয়ান জানান, নিহত সাগরের পরিবার থেকে এখনো কেউ থানায় অভিযোগ দায়ের করেনি।