জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

0
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সোমবার সকালে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন ।। ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি সফরসঙ্গীদের নিয়ে রওনা হন। আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ আলোচনায় তিনি বক্তব্য দেবেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান এবং প্রতিনিধি দলের সদস্যরা সকাল ৬টা ৫ মিনিটে ঢাকা ত্যাগ করেন। ইস্তাম্বুলে ট্রানজিট শেষে নিউইয়র্ক সময় বিকেলে জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁদের পৌঁছানোর কথা রয়েছে। বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানাবেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান ও রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম। নিউইয়র্ক সফরকালে তিনি হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে অবস্থান করবেন। ঢাকা ছাড়ার সময় বিমানবন্দরে উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

সফর সূচি অনুযায়ী, ২২ সেপ্টেম্বর জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত স্বাগত প্রাতরাশ সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর তিনি বিশ্বনেতাদের সঙ্গে অধিবেশনে যোগ দেবেন এবং সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্টের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন। ২৩ সেপ্টেম্বর তিনি ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, নরওয়ে ও স্পেনের যৌথ উদ্যোগে আয়োজিত বৈশ্বিক বৈষম্য সংকট বিষয়ক বৈঠক এবং ‘জলবায়ু পদক্ষেপ ও ন্যায়সংগত উত্তরণ’ শীর্ষক উচ্চপর্যায়ের আলোচনায় অংশ নেবেন। একই দিন রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা চেয়ে আয়োজিত একটি পার্শ্ব অনুষ্ঠানেও বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান ও অন্য সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইটটি সকাল ৬টা ৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।। ছবি: সংগৃহীত

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জলবায়ু ঝুঁকির মধ্যে থাকা দেশ হিসেবে বাংলাদেশে জলবায়ু অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর ও ন্যায়বিচারের দাবি বিশ্বমঞ্চে তুলে ধরবেন তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি সংক্রান্ত বৈঠকে উদ্বোধনী বক্তব্য ছাড়াও বাংলাদেশ আয়োজিত দুটি পার্শ্ব অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। একই দিনে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষা এবং দক্ষ ধাত্রীসেবা জোরদারে নতুন সরকারের রূপরেখা তুলে ধরবেন।

সফরের ফাঁকে কুয়েতের ক্রাউন প্রিন্স, ক্রোয়েশিয়া, ভুটান, থাইল্যান্ড, পাকিস্তান ও হাইতির প্রধানমন্ত্রীদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি বিশ্বব্যাংক, ইউরোপীয় কাউন্সিল, জাতিসংঘ শরণার্থী ও মানবাধিকার বিষয়ক হাইকমিশনার এবং ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের শীর্ষ নির্বাহীদের সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। এ ছাড়া সরকারের অর্থনৈতিক কূটনীতির অংশ হিসেবে মেটা ও ওয়াল স্ট্রিটের ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন তিনি। ২৫ সেপ্টেম্বর রাতে ঢাকার উদ্দেশে নিউইয়র্ক ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।