সুন্দরবনে নিখোঁজ পর্যটক রিয়াজের মরদেহ উদ্ধার

দুই দিন পর আলোরকোলের কানার মাথায় ভাসছিল লাশ

0

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

সুন্দরবনে বেড়াতে এসে সাগরের ঢেউয়ে ভেসে নিখোঁজ হওয়া পর্যটক মো. রিয়াজ আহমেদের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার দুই দিন পর শনিবার রাত ১০টার দিকে সুন্দরবনের দুবলার চর এলাকার আলোরকোলের কানার মাথা থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করেন কোস্টগার্ড ও বন বিভাগের সদস্যরা।

আলোরকোল শুঁটকি পল্লির রামপাল জেলে সমিতির সভাপতি মোতাসিম ফরাজী জানান, শনিবার রাত ১০টার দিকে আলোরকোলের জেলেরা সাগরপাড়ে একটি মরদেহ ভাসতে দেখেন। পরে তাঁরা বিষয়টি কোস্টগার্ড ও বন বিভাগকে জানান। খবর পেয়ে কোস্টগার্ড ও বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।

নিহত রিয়াজ আহমেদ (২৮) ময়মনসিংহের ভালুকা পৌরসভার কাঠালী পশ্চিমপাড়ার বাসিন্দা। তিনি আবুল বাশার ঢালীর ছেলে। গত শুক্রবার সুন্দরবনের দুবলার চর এলাকায় ভ্রমণে গিয়ে সাগরের ঢেউয়ে ভেসে নিখোঁজ হন তিনি। এরপর থেকে কোস্টগার্ড, বন বিভাগ ও তাঁর সফরসঙ্গীরা উদ্ধার অভিযান চালিয়ে আসছিলেন।

জানা যায়, গত ৫ নভেম্বর ১৯ জন পর্যটক নিয়ে ‘সুন্দরবন ইকোট্যুরিজম-২’ নামের একটি পর্যটকবাহী লঞ্চ তিন দিনের অনুমতি নিয়ে সুন্দরবনে প্রবেশ করে। শুক্রবার দুপুরে দুবলার চর এলাকায় নতুন জেগে ওঠা একটি চরে লঞ্চটি আটকে যায়। এ সময় লঞ্চটি ছাড়ানোর জন্য কয়েকজন পর্যটক পানিতে নেমে ধাক্কা দেন। একপর্যায়ে সাগরের ঢেউয়ে চার পর্যটক ভেসে যান। তাঁদের মধ্যে তিনজন ফিরে আসতে সক্ষম হলেও নিখোঁজ হন রিয়াজ।

ঘটনার পর থেকে তাঁর সন্ধানে সাগর ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হচ্ছিল। তবে প্রতিকূল পরিবেশ ও সাগরের ঢেউয়ের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হয়। অবশেষে দুই দিন পর আলোরকোলের কানার মাথা এলাকায় ভাসমান অবস্থায় তাঁর মরদেহ পাওয়া যায়।

মরদেহ উদ্ধারের পর কোস্টগার্ড ও বন বিভাগ পরবর্তী আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করে।