শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

0
শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায়

সাতক্ষীরা সংবাদদাতা, লোকসমাজ: সাতক্ষীরার শ্যামনগরে বিআরটিসির একটি বাসের চাপায় শুভঙ্কর মণ্ডল (৩১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার বংশীপুর এলাকার লস্কর পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শুভঙ্কর মণ্ডল খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর গ্রামের দুর্গাপদ মণ্ডলের ছেলে। তিনি শ্যামনগরের হরিনগর এলাকায় বিয়েসংক্রান্ত একটি কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন বলে জানা গেছে।

শ্যামনগর থানার এসআই অনিরুদ্ধ জানান, বংশীপুর এলাকা দিয়ে যাওয়ার সময় খুলনাগামী বিআরটিসির একটি বাস পেছন দিক থেকে শুভঙ্করের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়েন। এ সময় বাসটির পেছনের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাফিউল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দুর্ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। একই সঙ্গে ভেটখালী-সাতক্ষীরা সড়কের দীর্ঘদিনের বেহাল অবস্থার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন তারা।

স্থানীয় সমাজকর্মী ও সাংবাদিক আব্দুল আহাদ বলেন, “ভেটখালী-সাতক্ষীরা সড়কটি সংস্কারের নামে কয়েক বছর ধরে খোঁড়াখুঁড়ি ও কর্দমাক্ত অবস্থায় রয়েছে। ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এই সড়কের দুরবস্থার বলি হলো তরুণ শুভঙ্কর মণ্ডল। দ্রুত স্থায়ী সমাধান প্রয়োজন।”

স্থানীয়দের দাবি, সড়কটির সংস্কারকাজ দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করা হলে দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমে আসবে।