কলারোয়ার পাটের গুদামে অগ্নিকাণ্ড : ব্যবসায়ীর ৬৫ লাখ টাকার ক্ষতি

0
ছবি: সংগৃহীত।

​কাজীরহাট (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার কলারোয়া উপজেলার দেয়ারা ইউনিয়নের খোরদো বাজারে একটি পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত সোমবার রাতে এই আগুনে গুদামে থাকা প্রায় তিন’শ মণ পাট পুড়ে ছাই হয়ে গেছে। ব্যবসায়ীর দাবি, এতে তাঁর প্রায় ৬৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানান, গত সোমবার রাত সাড়ে এগারোটার দিকে খোরদো বাজারে অবস্থিত গোলাম ফারুক মধুর পাটের গুদামে হঠাৎ আগুনের শিখা দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুন দেখে বাজারের ব্যবসায়ী ও বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আগুন নেভানোর প্রাথমিক চেষ্টা চালান এবং ফায়ার সার্ভিসকে খবর দেন।

ছবি: সংগৃহীত।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির চূড়ান্ত পরিমাণ তদন্ত সাপেক্ষে পরে জানানো হবে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী গোলাম ফারুক মধু বলেন, গুদামে তিন’শ মণ উৎকৃষ্ট মানের পাট মজুত করা হয়েছিল, যা বিক্রির জন্য প্রস্তুত রাখা হয়েছিল। এই আকস্মিক অগ্নিকাণ্ডে তাঁর সর্বস্ব পুড়ে গেছে এবং প্রায় ৬৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।