দীপাবলির কারণে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

0
ছবি: দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল।

বেনাপোল (যশোর) সংবাদদাতা ॥ সনাতন ধর্মাবলম্বীদের উৎসব দীপাবলি (কালীপূজা) উপলক্ষে ভারতে ছুটি থাকায় সোমবার সকাল থেকে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। তবে বেনাপোল কাস্টমস হাউজ ও বন্দরের কার্যক্রম স্বাভাবিক ছিল। দুদেশের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল অব্যাহত ছিল।

আগামীকাল মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলবে।

বিষয়টি নিশ্চিত করে বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি জানান, দীপাবলি উপলক্ষে ভারতের পেট্রাপোলের ব্যবসায়ীরা সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রেখেছেন। এ বিষয়ে তারা আমাদের চিঠি দিয়ে জানিয়েছেন। তবে যাত্রী পারাপার স্বাভাবিক ছিল। বেনাপোল বন্দর ও কাস্টমসে কাজ চলেছে। আগামীকাল মঙ্গলবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি চালু হবে।

ভারতের পেট্রাপোল বন্দর ক্লিয়ারিং এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী বলেন, সোমবার দীপাবলী উপলক্ষে (কালিপূজা) ভারত সরকারের সরকারি ছুটি থাকায় আমদানি-রপ্তানি বন্ধ ছিল। বেনাপোল বন্দর ব্যবসায়ীদের চিঠি দিয়ে আগেই তা জানিয়ে দেওয়া হয়েছে।

ভারত থেকে আমদানিকৃত পণ্যের ৯০ ভাগই আসে বেনাপোল বন্দর দিয়ে। মাত্র সাত দিনের এলসিতে পণ্য আনা যায় বেনাপোল বন্দর দিয়ে। বেনাপোল চেকপোস্ট থেকে কলকাতার দূরত্ব মাত্র ৮১ কিলোমিটার। আড়াই ঘন্টায় চলে আসা যায় চেকপোস্টে। সে কারণে আমদানিকারকরা পণ্য আমদানির জন্যে বেনাপোল বন্দর ব্যবহার করেন।

প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ৩শ থেকে সাড়ে ৩শ পণ্য বোঝাই ট্রাক আসে ভারত থেকে। আর ১০০ ট্রাক পণ্য রপ্তানি হয় ভারতে। এ ছাড়াও শিল্প প্রতিষ্ঠানের কাঁচা মালামালের পাশাপাশি বিভিন্ন খাদ্যদ্রব্য আসে এই বন্দর দিয়ে ।

এরআগে দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটিতে টানা ৮দিন বন্ধ ছিল আমদানি-রপ্তানি কার্যক্রম। পরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বন্ধ থাকে আমদানি-রপ্তানি। আমদানি-রপ্তানির পাশাপাশি চিকিৎসা, ব্যবসা ও বিভিন্ন প্রয়োজনে প্রতিদিন দেড় হাজারের বেশি পাসপোর্টধারী যাত্রী এ পথে যাতায়াত করেন। বাণিজ্যিক কার্যক্রমের মাধ্যমে প্রতিদিন সরকার প্রায় ১০ কোটি টাকা ও যাত্রী যাতায়াত থেকে প্রায় ২০ লাখ টাকা রাজস্ব পেয়ে থাকে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান বলেন, ভারতে কালী পূজার ছুটির কারণে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে পণ্য পরিবহন বন্ধ থাকলেও ভারতের সাথে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক ছিল। ভারত থেকে আগত বা বাংলাদেশ থেকে ভারতগামী পাসপোর্টযাত্রীরা স্বাভাবিক নিয়মে যাতায়াত করেছেন।
বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন জানান, ভারতে দীপাবলি উপলক্ষে সোমবার বেনাপোল বন্দর দিয়ে কোনো পণ্য আমদানি-রপ্তানি হয়নি। তবে বন্দর ও কাস্টমসের সকল কার্যক্রম চালু ছিল। ভারত থেকে আমদানি পণ্য নিয়ে আসা খালি ট্রাক ফেরত যাওয়ার জন্যে চেকপোস্ট কার্গো শাখা খোলা ছিল। সেই সাথে দুদেশের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক ছিল।