সুন্দরবনের অভয়ারণ্য থেকে দুই জেলে আটক

0

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা॥ সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় বিনা অনুমতিতে অনুপ্রবেশ করে কাঁকড়া ধরার সময় দুই জেলেকে আটক করেছে হলদেবুনিয়া বন টহল ফাঁড়ির সদস্যরা । মঙ্গলবার ভোর ৬টার দিকে টহল ফাঁড়ির ওসি মাহাবুর রহমানের নেতৃত্বে সদস্যরা হলদেবুনিয়া নিষিদ্ধ এলাকা থেকে ওই দুই জেলেকে আটক করেন। এ সময় অভিযানের খবর টের পেয়ে অন্যান্য জেলেরা মালামাল ফেলে সুন্দরবনে সটকে পড়েন।  আটক দুই জেলে হলেন- উপজেলার চুনকুড়ি গ্রামে ইসমাইল গাজীর ছেলে আসাদুর রহমান ও রফিকুল গাজীর ছেলে রাকিবুল ইসলাম। এ সময় ঘটনাস্থল থেকে একটি নৌকা জব্দ করেন বনকর্মীরা।  অপর এক অভিযানে খুলনা বিভাগীয় ড. আবু নাসের মো. মহসীন আলম গহিন সুন্দরবনের মান্দারবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে একটি নৌকা জব্দ করেন। তবে কোন জেলেকে আটক করতে পারেন নি। সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এ.কে.এম ইকবাল হোসেন চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, আটক জেলেদের বন আইনে মামলায় সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে।