নড়াইলে প্রকৌশলীর বাড়িতে ডাকাতি; জিম্মি করে ৯০ লাখ টাকার মালামাল লুট

0
এই জানালার এই গ্রিল কেটে ভেতরে ঢোকে ডাকাত দল।। ছবি: প্রথমআলো

নড়াইল শহরের ভাদুলিডাঙ্গা এলাকায় এক প্রকৌশলীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। আজ রোববার ভোররাতে শহরের ভাদুলিডাঙ্গা এলাকার প্রকৌশলী মানিক বিশ্বাসের বাড়িতে এই ঘটনা ঘটে। পরিবারের সদস্যদের দাবি, মুখোশধারী ডাকাতেরা তাঁদের জিম্মি করে প্রায় ৯০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

প্রকৌশলী মানিক বিশ্বাস নড়াইল পৌরসভার ভাদুলিডাঙ্গা এলাকার প্রয়াত সুধীর কুমার বিশ্বাসের ছেলে এবং তিনি ঢাকায় বসবাস করেন। ভাদুলিডাঙ্গার বাড়িতে থাকেন তাঁর বড় ভাই অবসরপ্রাপ্ত শিক্ষক সমর কুমার বিশ্বাস।

দুর্গাপূজা ও একটি পারিবারিক অনুষ্ঠান উপলক্ষে বাইরে থাকা পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন ওই বাড়িতে এসেছিলেন। অনুষ্ঠানের কারণে তাঁদের সবার কাছেই অনেক স্বর্ণালংকার ছিল বলে স্বজনেরা জানিয়েছেন।

পরিবারের সদস্যরা জানান, আজ ভোররাতে বাড়ির উত্তর পাশের একটি কক্ষের জানালার গ্রিল কেটে ভেতরে ঢোকে মুখোশধারী ছয় থেকে সাতজনের একটি ডাকাত দল। এরপর বাড়ির সদস্যদের ভয়ভীতি দেখিয়ে জিম্মি করে ফেলে।

বাড়ির বড় ভাই সমর কুমার বিশ্বাস জানান, তিন-চারজন লোক তাঁর রুমে এসে তাঁকে ডাকেন এবং গামছা দিয়ে তাঁর হাত বেঁধে ফেলেন। তাঁর কাছে টাকা-পয়সা কোথায় আছে জানতে চাইলে তিনি আলমারি দেখিয়ে দেন, যেখানে আনুমানিক ১০-২০ হাজার টাকা ছিল।

এরপর শুরুতেই সবার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় এবং সবাইকে তাঁর ছোট মেয়ের রুমে নিয়ে গিয়ে ডাকাতেরা হুমকি দেয়, “আপনারা চিৎকার করবেন না। চিৎকার করলে বোমা মেরে উড়িয়ে দেব।”

সবাই চিৎকার না করার প্রতিশ্রুতি দেওয়ার পর ডাকাতেরা বাড়ি থেকে পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনের আনুমানিক ৩০ থেকে ৪০ ভরি স্বর্ণালংকার, প্রায় এক লাখ টাকা ও একটি ক্যামেরা লুট করে নিয়ে চলে যায়।

খবর পেয়ে আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার সাংবাদিকদের বলেন, “আমরা সিসিটিভি ক্যামেরার ফুটেজসহ আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে, সেগুলো সংগ্রহ করছি। পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। আমরা এই বাড়ি থেকে লুণ্ঠিত মালামাল উদ্ধার ও অপরাধীদের গ্রেপ্তার করার চেষ্টা করব।”