পটুয়াখালীতে ট্রান্সফরমার চুরির চেষ্টাকালে সাবেক ইউপি সদস্য আটক

0
আটক সাবেক ইউপি সদস্য মনির হোসেন। ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ পটুয়াখালীর গলাচিপায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির চেষ্টার সময় স্থানীয়দের হাতে ধরা পড়েছেন গোলখালী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মনির হোসেন। একই সঙ্গে চুরির কাজে ব্যবহৃত একটি নৌকাসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গভীর রাতে উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী গ্রামে। আটক মনির হোসেন ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে নলুয়াবাগী গ্রামের মজিবুল খলিফার বাড়ির সামনের বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার চুরির চেষ্টা করছিলেন মনির হোসেন। ওই সময় পথচারী কয়েকজন জেলে বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করেন। তাদের চিৎকারে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে মনিরকে হাতেনাতে আটক করে ফেলে। পরে ক্ষুব্ধ গ্রামবাসী তাকে দক্ষিণ-পূর্ব নলুয়াবাগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে আটকে রাখে। পর তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রান্সফরমার চুরির ঘটনায় সাবেক ইউপি সদস্য মনির হোসেনের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ঘটনাস্থল থেকে চুরির কাজে ব্যবহৃত নৌকাসহ আনুষঙ্গিক সরঞ্জাম জব্দ করা হয়েছে।