যশোরে মামাতো ভাইয়ের হাতে বিএনপি নেতা খুন

0

স্টাফ রিপোর্টার, লোকসমাজ : যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের মুনসেফপুরে মামাতো ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে শেখ আবু তালেব (৭০) নামে বিএনপির এক নেতা খুন হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত শফিয়ার রহমানকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।
বুধবার (১১ নভেম্বর) দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটে মুনসেফপুর গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিমপাড়া বড় মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
নিহতের ছেলে তরিকুল ইসলাম জানান, বাড়ি নির্মাণের কাজের জন্য দোকান থেকে পলিথিন কিনে বাড়ি ফিরছিলেন তাঁর বাবা। পশ্চিমপাড়া মসজিদের সামনে পৌঁছালে শফিয়ার রহমান গাছি দা দিয়ে তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় শেখ আবু তালেবকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাধবী রাণী জানান, শেখ আবু তালেবকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্বজনেরা জানান, শফিয়ার রহমান কী কারণে এ ঘটনা ঘটিয়েছেন, তা তাঁরা বুঝতে পারছেন না।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় অভিযুক্ত শফিয়ার রহমানকে আটক করা হয়। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো জানা যায়নি।
নিহত শেখ আবু তালেব মুনসেফপুর গ্রামের মৃত শেখ মোতালেবের ছেলে। তিনি কচুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি এবং বর্তমানে ওই ওয়ার্ড বিএনপির সদস্য ছিলেন।