চুয়াডাঙ্গায় মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

0
ছবি: সংগৃহীত।

রিফাত রহমান, চুয়াডাঙ্গা ॥ চুয়াডাঙ্গায় মাদক মামলায় আসামি বকুল হোসেনকে (৫১) যাজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে তিন হাজার টাকা জরিমানা,অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার চুয়াডাঙ্গার বিশেষ দায়রা জজ আদালতের বিচারক শিমুল কুমার বিশ্বাস আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। কারাদণ্ডপ্রাপ্ত বকুল হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলাতদিয়াড় দক্ষিণপাড়ার মরহুম কুদরত আলীর ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ৯ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে দৌলাতদিয়াড় দক্ষিণপাড়ায় বকুলের বাড়িতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাকে আটক করা হয়। তার স্বীকারোক্তিতে বাড়ির ছাদে রাখা একটি সিগারেটের প্যাকেট থেকে ১৩টি বুপ্রেনরফিন ইনজেকশন (মাদক হিসেবে ব্যবহার) উদ্ধার করে ডিবি সদস্যরা।

ওই ঘটনায় ডিবি পুলিশের তৎকালীন উপপরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন।

আদালতের রায়ে বলা হয়, রাষ্ট্রপক্ষের সাক্ষ্য-প্রমাণ ও মামলার নথিপত্র পর্যালোচনায় আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০-এর সংশ্লিষ্ট ধারায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

মামলায় হাজতবাসের সময় তার সাজা থেকে বাদ যাবে। একই সঙ্গে জব্দ করা আলামত রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দেন আদালত।