যশোরে আদালত ভবন ও প্রাচীরে ককটেল বিস্ফোরণ : যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের প্রতিবাদ মিছিল

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের আদালতপাড়া এলাকায় বৃহস্পতিবার রাতে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে দুটি ককটেল চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের আঙিনায় এবং অপর দুটি প্রেসক্লাব যশোরের বিপরীতে অবস্থিত সহকারী জজ আদালতের প্রাচীর ও গেটের পিলার লক্ষ্য করে নিক্ষেপ করা হয়।

এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। এ ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ি করে রাতেই বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

ছবি: লোকসমাজ।

রাত ৮টা ২০ মিনিটের দিকে দুর্বৃত্তরা বাইরে থেকে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের আঙিনায় পরপর দুটি ককটেল নিক্ষেপ করে। কিছুক্ষণ পর প্রেসক্লাব যশোরের বিপরীতে সহকারী জজ আদালতের প্রাচীর ও গেটের পিলার লক্ষ্য করে আরও দুটি ককটেল নিক্ষেপ করা হয়। বিস্ফোরণের খবর পেয়ে ডিবি ও কোতোয়ালি থানা পুলিশের একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করে।

প্রেসক্লাবের সামনে উপস্থিত শংকরপুর এলাকার সাকিব নামে এক শ্রমিক জানান, একটি মোটরসাইকেলে করে দুই ব্যক্তি আইনজীবী সমিতির এক নম্বর ভবনের দিক থেকে মুজিব সড়ক ধরে চাঁচড়ার দিকে যাচ্ছিলেন।

যাওয়ার পথে তারা সহকারী জজ আদালতের গেটের পিলার লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যান।

ছবি: সংগৃহীত।

প্রত্যক্ষদর্শীর ভাষ্য অনুযায়ী, ঘটনার পরপরই পুলিশের একটি টহল গাড়ি ওই সড়ক দিয়ে যাওয়ার সময় ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছায়। পরে এসআই নুরু ঘটনাস্থলে যান।

এ বিষয়ে ডিবি পুলিশের ওসি মামুনুর রশিদ বলেন, যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, তারাই এ ঘটনা ঘটিয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের জন্য অভিযান চালানো হচ্ছে।

ছবি: লোকসমাজ।

এদিকে ঘটনার খবর পেয়ে জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, সদস্যসচিব মো. আনসারুল হক রানা এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. কামরুজ্জামান বাপ্পী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করেন।
ঘটনার প্রতিবাদে জেলা যুবদল শহরে বিক্ষোভ মিছিল করে।

এ সময় আনসারুল হক রানা ও কামরুজ্জামান বাপ্পী বলেন, শেখ হাসিনা দেশে ফিরবেন—এমন গুজব ছড়িয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা চোরাগোপ্তা হামলা ও সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে ভীতি সৃষ্টি করছে। রাজনৈতিকভাবে মোকাবিলার সক্ষমতা না থাকায় তারা এ ধরনের অপতৎপরতা চালাচ্ছে বলে তাদের অভিযোগ।

এ ধরনের সন্ত্রাসী কর্মকান্ড রাজনৈতিকভাবে প্রতিহত করার কথা জানান যুবদল ও ছাত্রদলের নেতারা।