ঘরের ওপর উল্টে পড়ল বালুবোঝাই ট্রাক, ঘুমন্ত শিশু নিহত, আহত অন্তঃসত্ত্বা মা

0
রংপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে বালুবোঝাই ট্রাক উল্টে যাওয়ায় ঘুমন্ত অবস্থায় এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার অন্তঃসত্ত্বা মা।। ছবি: প্রথম আলো

লোকসমাজ অনলাইন ডেক্স ॥ রংপুর নগরীতে বালুবোঝাই একটি ডাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বসতঘরে উল্টে পড়লে চাপা পড়ে ঘুমন্ত অবস্থায় এক শিশু নিহত হয়েছে। এই ট্রাক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার অন্তঃসত্ত্বা মা।

আজ শুক্রবার ভোর চারটার দিকে রংপুর নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের পশ্চিম খাসবাগ চারমাথা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম তাসলিমা আক্তার (১১)। সে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল এবং তার আহত মা আশা বেগম (২৬) স্থানীয় পিন্টু মিয়ার স্ত্রী।

এ ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধ লোকজন ঘাতক ট্রাকচালক মেহেদী হাসান (৩১) ও তার সহকারী শ্রাবণ ইসলামকে (১৯) আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে।

কোতোয়ালি থানা–পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রংপুরের সাতমাথা এলাকা থেকে বালুবোঝাই ডাম্প ট্রাকটি নগরীর ভেতরে দ্রুতগতিতে প্রবেশের সময় চালক নিয়ন্ত্রণ হারালে তা টিনের চালার ঘরের ওপরে উল্টে পড়ে। এতে ঘরে ঘুমিয়ে থাকা শিশু ও তার মা চাপা পড়েন। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় মা আশা বেগমকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রতিবেশীর বক্তব্য, ভোরের দিকে বিকট শব্দ শুনে বাইরে এসে তাঁরা ট্রাকটি কাঁচা ঘরের ওপর উল্টে থাকতে দেখেন এবং ফায়ার সার্ভিসের সহায়তায় হতাহতদের উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াদুদ আলম জানান, আটককৃত ট্রাকচালক ও চালকের সহযোগী বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে এবং জব্দ করা হয়েছে দুর্ঘটনা কবলিত ট্রাকটি। এ ঘটনায় থানায় নিয়মিত মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।