ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সদর ইউনিয়ন ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

0
যশোরের ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে শংকরপুর ইউনিয়নকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঝিকরগাছা সদর ইউনিয়ন ফুটবল একাদশ।। ছবি: লোকসমাজ

তরিকুল ইসলাম, ঝিকরগাছা (যশোর) ॥ যশোরের ঝিকরগাছা স্পোর্টস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-এর ফাইনাল খেলায় শংকরপুর ইউনিয়ন ফুটবল একাদশকে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে ঝিকরগাছা সদর ইউনিয়ন ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় ঐতিহ্যবাহী ঝিকরগাছা বিএম হাই স্কুল মাঠে এই খেলা শুরু হয়। খেলার দ্বিতীয়ার্ধের ২০ মিনিটের মাথায় ঝিকরগাছা ইউনিয়ন ফুটবল একাদশের ৯ নম্বর জার্সি পরিহিত বিদেশি খেলোয়াড় (ঘানা) সেলিম রেজা গোল করে দলকে এগিয়ে নেন।

ফাইনাল ম্যাচটি উপভোগ করতে মাঠে বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী দর্শকের সমাগম ঘটে। শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দিলেও নির্ধারিত সময়ে ঝিকরগাছা সদর ইউনিয়ন ফুটবল একাদশ একটি গুরুত্বপূর্ণ গোল করে এগিয়ে যায় এবং শেষ পর্যন্ত সেই একমাত্র গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে ১-০ ব্যবধানে জয় নিশ্চিত করে।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিরা সুলতানা মুন্নী চ্যাম্পিয়ন ঝিকরগাছা সদর ইউনিয়ন ফুটবল একাদশ এবং রানার্সআপ শংকরপুর ইউনিয়ন ফুটবল একাদশের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

এ সময় ঝিকরগাছা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি খোরশেদ আলম, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, ঝিকরগাছা স্পোর্টস ক্লাবের সভাপতি আরাফাত কল্লোল, সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, সহ-সভাপতি আলহাজ্ব ইয়াউর রহমান, ক্রীড়া সম্পাদক মোস্তাফিজ রহমান মুন্না, শংকরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার ফয়জুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক বাবলু, ঝিকরগাছা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি দাউদ হোসেন, সাধারণ সম্পাদক আয়ুব হোসেন, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু মুসা মিন্টু, ঝিকরগাছা ইউনিয়নের কোচ সবুজ হোসেন, টিম ম্যানেজার ঝিকরগাছা প্রেসক্লাবের সেক্রেটারি সাংবাদিক তরিকুল ইসলাম, পরিচালক তৌহিদুল ইসলাম রাজু, ক্যাশিয়ার মশিয়ার রহমান মশিসহ আয়োজক কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী দর্শক এবং বিভিন্ন ইউনিয়নের সমর্থকেরা উপস্থিত ছিলেন।

সফল আয়োজনের জন্য ঝিকরগাছা স্পোর্টস ক্লাবের ভূয়সী প্রশংসা করেন উপস্থিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে অর্ধশতাধিক সাবেক খেলোয়াড়কে ক্রেস্ট প্রদান করা হয় এবং সন্ধ্যায় র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।