সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

0

লোকসমাজ ডেস্ক ।। “চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ভবনের নকশা অনুমোদনে গুরুতর অনিয়মের অভিযোগে বুধবার দুপুরে সংস্থাটির উপ-পরিচালক নাজমুস সাদাত এর নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়। এদিন বিকেলে দুদকের এই কর্মকর্তা জানান, হটলাইনে ভবনের নকশা অনুমোদন ফরমে ব্যাংকের সীল-স্বাক্ষর জাল করে টাকা আত্মসাতের অভিযোগ পেয়ে বুধবার দুপুরে সিডিএ কার্যালয়ে অভিযান চালিয়ে কিছু নথি যাচাই-বাছাই করেছি। এর মধ্যে কয়েকটি ফাইলে অনিয়মের সত্যতা পাওয়া গেছে। আরও কিছু নথিপত্র সিডিএ’র কাছে চাওয়া হয়েছে। এ বিষয়ে সিডিএ’র চেয়ারম্যান এম জহিরুল আলম চৌধুরী দোভাষ সাংবাদিকদের বলেন, ‘নকশা অনুমোদন ফরমে ব্যাংকের সীল-স্বাক্ষর জাল করে টাকা আত্মসাতের বিষয়টি জানার পর পরই তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১৩ সেপ্টেম্বর) দুদকের টিম সিডিএ-কার্যালয়ে এসেছিল। তারা আমাদের কাছে কিছু কাগজপত্র চেয়েছে, আমরা সংশ্লিষ্ট কাগজপত্র সংস্থাটির কাছে হস্তান্তর করব।’ (সুত্র:দেশ রূপান্তর)