দিঘলিয়ায় ইউপি সদস্যের স্বামীর বিরুদ্ধে ৫ লাখ ৩০ হাজার টাকা লুটের অভিযোগ

0

খুলনা ব্যুরো ॥ খুলনার দিঘলিয়ায় সংখ্যালঘু হিন্দু পরিবারের এক সদস্যকে জিম্মি করে মারধরের ভয় দেখিয়ে অপহরণ এবং জমি বিক্রির ৫ লাখ ৩০ হাজার টাকা কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় দুই ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্তদের একজন মাসুম মোল্যা। তিনি স্থানীয় সংরক্ষিত নারী ইউপি সদস্য রুমা নাসরিন ডেইজির স্বামী। স্ত্রীর জনপ্রতিনিধির পরিচয় ও প্রভাব ব্যবহার করে এলাকায় বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা এবং সাধারণ মানুষকে হয়রানির অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী সুশান্ত বিশ্বাস দিঘলিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আড়ুয়া গ্রামের বাসিন্দা সুশান্ত বিশ্বাস প্রায় তিন মাস আগে দিঘলিয়া থানাধীন লাখোহাটি মৌজায় তাঁর একটি জমি বাশার নামে এক ব্যক্তির কাছে বিক্রি করেন। জমি বিক্রির প্রায় এক সপ্তাহ পর আড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের সড়ক থেকে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে মোটরসাইকেলে তাঁকে তুলে আমবাড়িয়া নদীর তীরের শ্মশানঘাটে নিয়ে যায়। সেখানে গিয়ে তিনি মাসুম মোল্যা ও মিশর মোল্যাকে দেখতে পান।

সুশান্তের অভিযোগ, মাসুম মোল্যাদের যোগসাজশে ওই দুই ব্যক্তি পুলিশের পরিচয় দিয়ে তাঁর কাছে জমি বিক্রির টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে মাসুম ও মিশর তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ, মারধরের চেষ্টা এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখান। পরে মাসুম তাঁকে জমির ক্রেতা বাশারের সঙ্গে ফোনে কথা বলতে বলেন।

অভিযোগে সুশান্ত আরও উল্লেখ করেন, ঘটনার এক সপ্তাহ পর মাসুমের মোটরসাইকেলে করে তিনি বাশারের বাড়িতে যান। সেখানে বাশার তাঁকে এক লাখ টাকা দেন। পরের সপ্তাহে আড়ুয়া বাজারের একটি চায়ের দোকানে এলাকাবাসীর উপস্থিতিতে সুশান্তের ভাই অমর বিশ্বাস মাসুমকে ৫০ হাজার টাকা দেন। এভাবে বিভিন্ন সময়ে তাঁর কাছ থেকে মোট ৫ লাখ ৩০ হাজার টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, টাকা নেওয়ার সময় এ ঘটনা কাউকে জানালে সুশান্ত ও তাঁর পরিবারের সদস্যদের হত্যা এবং গুম করার হুমকি দেওয়া হয়। অভিযুক্তদের ভয়ে এবং পরিবারের সদস্যদের সঙ্গে পরামর্শের কারণে থানায় অভিযোগ করতে বিলম্ব হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী।

এ বিষয়ে জমির ক্রেতা বাশার এ প্রতিবেদককে বলেন, সুশান্তের কাছ থেকে জমি কেনার এক সপ্তাহ পর মাসুম মোল্যা ও সুশান্ত তাঁর বাড়িতে যান। তখন তিনি এক লাখ টাকা দেন।

এদিকে, সংরক্ষিত নারী ইউপি সদস্য রুমা নাসরিন ডেইজির স্বামী হওয়ায় মাসুম মোল্যা বিভিন্ন সময় স্ত্রীর জনপ্রতিনিধির পরিচয় ও প্রভাব ব্যবহার করেন বলে স্থানীয়ভাবে অভিযোগ রয়েছে। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন ভুক্তভোগী ও স্থানীয়রা।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরূপ কুমার চৌধুরী অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাসুম মোল্যার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এ বিষয়ে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।

তবে মাসুম মোল্যা তাঁর বিরুদ্ধে আনা অপহরণ, চাঁদাবাজি ও টাকা লুটের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তাঁর দাবি, স্থানীয় বিরোধের জেরে তাঁর বিরুদ্ধে সাজানো ও মিথ্যা অভিযোগ করা হয়েছে।

নিজের অবস্থান ব্যাখ্যা করে মাসুম মোল্যা বলেন, সুশান্ত বিশ্বাসের সঙ্গে তাঁর মাত্র ৪৫ হাজার টাকার একটি সাধারণ লেনদেন ছিল। দেড় থেকে দুই মাসের মধ্যে ওই টাকা পরিশোধের মাধ্যমে লেনদেনের নিষ্পত্তি হয়েছে।

জমি বিক্রির প্রসঙ্গে তিনি বলেন, সুশান্ত তাঁর এক আত্মীয় বাশারের কাছে জমি বিক্রি করেছিলেন। জমি রেজিস্ট্রির প্রয়োজনে বাশারের অনুরোধে এবং সুশান্ত ও তাঁর ভাইদের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের সম্মতিতেই তাঁর স্ত্রী ইউপি সদস্য রুমা নাসরিন ডেইজি নিয়ম অনুযায়ী একটি ওয়ারিশ সনদ প্রদান করেন। টাকা লুট ও প্রাণনাশের হুমকির অভিযোগও তিনি নাকচ করেন।