সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী ডাবা হারুন ফটিকছড়িত থেকে গ্রেপ্তার

0
গ্রেপ্তারকৃত মো. হারুন (৪৫) ওরফে ডাবা হারুন, ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ চট্টগ্রামের ফটিকছড়িতে আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী হিসেবে পরিচিত মো. হারুন (৪৫) ওরফে ‘ডাবা হারুনকে’ গ্রেপ্তার করেছে পুলিশ। ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার হওয়া টেস্টার মোবারককে জিজ্ঞাসাবাদে হারুনের নাম উঠে আসার পর শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার সন্ধ্যায় উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর এলাকার হাঁচি সরদার পাড়ায় অভিযান চালিয়ে হারুনকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান।

পুলিশ জানায়, হারুন কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর হাঁচি সরদার পাড়ার বদিউল আলমের ছেলে। এলাকায় তিনি ‘ডাবা হারুন’ নামে পরিচিত। পুলিশের দাবি, চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন, কালা মোবারক ও টেস্টের মোবারকের সহযোগী হিসেবে তিনি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

ডেভিড ইমনের সহযোগীদের গ্রেপ্তারে চলমান অভিযানের অংশ হিসেবে হারুনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তাকে জিজ্ঞাসাবাদ করে ডেভিড ইমনের সঙ্গে তার সম্পৃক্ততা এবং সাম্প্রতিক বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে তার ভূমিকা সম্পর্কে তথ্য জানার চেষ্টা চলছে।

ফটিকছড়ি থানার ওসি মো. রবিউল আলম খান বলেন, ‘শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ডাবা হারুনকে গ্রেপ্তার করা হয়।’

তিনি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও বিভিন্ন তথ্যের ভিত্তিতে ডাবা হারুনের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।

ওসি আরও বলেন, কাঞ্চননগরে আলোচিত সাদ্দাম হত্যা মামলাতেও হারুনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।