মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগের আহ্বান

0

স্টাফ রিপোর্টার : মাদকমুক্ত সমাজ গঠনে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার ও সমাজে সচেতনতা বৃদ্ধি এবং সুস্থ সাংস্কৃতিক চর্চা জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন বক্তারা। রাজধানীর সেগুনবাগিচায় সোনার বাংলা সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত মাদকবিরোধী আলোচনা সভায় তারা এ আহ্বান জানান।

‘শিল্প ও সংস্কৃতি চর্চাই আমাদের লক্ষ্য’ এবং ‘সংস্কৃতি একটি জাতির অতীত ও ভবিষ্যতের কথা বলে’—এই প্রতিপাদ্য সামনে রেখে শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে ‘মাদকমুক্ত সমাজ বিনির্মাণে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

সোনার বাংলা সাংস্কৃতিক সংগঠনের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রিন্স সোহাগের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কল্পনা মিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জুয়েল হালদার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বীর মুক্তিযোদ্ধা বিচারপতি মীর হাসমত আলী। উদ্বোধক ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আ ক ম মোজাম্মেল হক।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদকের ভয়াবহ প্রভাব থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। শুধু আইন প্রয়োগের মাধ্যমে মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়। এর পাশাপাশি পরিবারে সচেতনতা সৃষ্টি, তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং সুস্থ সাংস্কৃতিক পরিবেশ গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের সাবেক যুগ্ম বার্তা সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুল বারী এবং সারা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক (মার্কেটিং) শেখ মো. শাহ কামাল (শ্যামল)।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সমাজ, সংস্কৃতি, শিক্ষা, সাংবাদিকতা, ব্যবসা ও মানবসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ১০ জন গুণী ব্যক্তিকে ‘সোনার বাংলা সম্মাননা-২০২৬’ প্রদান করা হয়। প্রধান অতিথি তাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন।

সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিরা বলেন, এ ধরনের স্বীকৃতি ভবিষ্যতে সমাজ ও দেশের কল্যাণে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করতে তাদের উৎসাহ জোগাবে।

পরে সংগঠনের শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গান, আবৃত্তি ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।