শেখ হাসিনাকে ‘বিশ্বের সেরা অভিনেত্রী’ আখ্যা দিয়ে স্পিকারের কড়া সমালোচনা

0
লালমোহন উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের গণভবনে ডেকে তাঁদের স্ত্রী-সন্তানদের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতেন। অথচ তাঁর ভেতরেই লুকিয়ে থাকত গুমের সঙ্গে সম্পৃক্ত থাকার হিংস্র মনোভাব।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ভোলার লালমোহন উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত এক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, গুমের শিকার স্বজনদের ফিরিয়ে দেওয়ার কথা বলে শেখ হাসিনা আশ্বস্ত করলেও তিনি নিজেই জানতেন তারা কোথায় রয়েছে। তাঁর এসব আচরণের কারণে তিনি বিশ্বের সেরা অভিনেত্রীর মতো ভূমিকা পালন করেছেন। তিনি আরও উল্লেখ করেন, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে গুম হওয়া ব্যক্তিদের সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে প্রমাণ হয়েছে যে শেখ হাসিনা নিজেই গুমের মূল নির্দেশদাতা ছিলেন।

বক্তব্যে ১৭ বছরের শাসনকালের কথা উল্লেখ করে তিনি বলেন, অপকর্ম ও অত্যাচারের কারণেই সাবেক প্রধানমন্ত্রীসহ প্রশাসন ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। এ সময় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের সম্পদের বিবরণ টেনে তিনি বলেন, সাধারণ মানুষের ওপর অত্যাচার চালিয়ে ও পুলিশ বাহিনীকে ব্যবহার করে সরকারি বনাঞ্চলসহ বহু সম্পত্তি অবৈধভাবে দখল করা হয়েছে।

তিনি অভিযোগ করেন, বিগত সময়ে বিনা ভোটে নির্বাচিত প্রতিনিধিরা রাজনীতিকে লুটপাটের মাধ্যম বানিয়ে দেশ ও বিদেশে অঢেল সম্পদের মালিক হয়েছেন। যার প্রভাবেই সাধারণ মানুষের কাছে রাজনীতিবিদদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত উক্ত মতবিনিময়সভায় উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত, পৌর বিএনপির সভাপতি ছাদেক জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারী এবং উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদারসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।