খুলনার দিঘলিয়ায় যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

0
খুলনার দিঘলিয়ায় যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার, হত্যা নাকি দুর্ঘটনা—তদন্তে পুলিশ
প্রতীকী চিত্র এআই সহায়তায়-লোকসমাজ

খুলনা ব্যুরো, লোকসমাজ : খুলনার দিঘলিয়া উপজেলার একটি মাদ্রাসা ভবনের পেছন থেকে মো. হাবিবুর রহমান ওরফে সায়েম (৩৫) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) রাতের কোনো এক সময়ে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত সায়েম দিঘলিয়া গ্রামের মো. রফিকুল ইসলাম শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রহমানিয়া আরাবিয়া মাদ্রাসার তিনতলা ভবনের পেছনের বাগানে রক্তাক্ত অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা দিঘলিয়া থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সায়েমের মুখমণ্ডলে আঘাতের চিহ্ন ছিল এবং ঘটনাস্থলে রক্তের দাগ দেখা যায়। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হোসেন মাসুম বলেন, “সায়েমের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মুখমণ্ডলে আঘাতের চিহ্ন রয়েছে। এটি হত্যাকাণ্ড, নাকি ভবন থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে—তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।”

ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।