যশোরে সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতাকে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ

0
ছবি: সিসি ক্যামেরা থেকে সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলা বিএনপির সহসভাপতি ও হৈবতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সালামকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র নিয়ে একদল মুখোশধারী সন্ত্রাসী তার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়েছে। শারীরিক অসুস্থতার কারণে ঘটনার সময় তিনি নিজ বাড়িতে অবস্থান করায় প্রাণে বেঁচে গেছেন বলে স্বজন ও বিএনপির নেতৃবৃন্দরা দাবি করেছেন।

শুক্রবার দিবাগত রাতে ১ নম্বর হৈবতপুর ইউনিয়নে তার মালিকানাধীন অটো রাইস মিলে এ ঘটনা ঘটে।

ছবি: বিএনপি নেতা সালাম।

ভুক্তভোগী আব্দুস সালাম জানান, দীর্ঘদিন ধরে তিনি রাতে এই মিলেই অবস্থান করতেন। কিন্তু ঘটনার রাতে অসুস্থ থাকায় তিনি বাড়িতে ছিলেন। রাত আনুমানিক ২টা ৫৩ মিনিটে ১১ জনের একটি মুখোশধারী দল রাইস মিলের ভেতরে ঢোকে। তারা তার শয়নকক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা চালায়।

ছবি: সিসি ক্যামেরা থেকে সংগৃহীত।

তিনি অভিযোগ করেন, তাকে হত্যার উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছে। এ বিষয়ে তিনি কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

এদিকে হামলার খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান যশোর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকনের নেতৃত্বে পৃথক দল। তারা ভুক্তভোগী সালামের সাথে কথা বলেন এবং খোঁজখবর নেন। এসময় ঘটনাটিকে ন্যাক্কারজনক আখ্যা দিয়ে জড়িতদের অবিলম্বে শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান বিএনপি নেতারা।

এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ কবীর হোসেন জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের চিহ্নিত করা হচ্ছে। ইতিমধ্যে একাধিক টিম মাঠে রয়েছে।

উল্লেখ্য, আব্দুস সালাম ১৯৯৮ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পলন করেছেন। দায়িত্ব পালনকালে তিনি মানুষের মন জয় করেছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।