সন্তানকে কোমরে শিকল বেঁধে রাতযাপন ভিক্ষুক মায়ের

0

মুকুরুল ইসলাম মিন্টু, চৌগাছা (যশোর) ॥ ছোট্ট শিশু আব্দুর রহিম (৫) খুবই চঞ্চল, মা রহিমা খাতুন (৪২) শারীরিক প্রতিবন্ধী। চৌগাছাসহ বিভিন্ন এলাকায় ঘুরে ভিক্ষা করেন। সারা দিনে যা রোজগার করেন তা দিয়ে চলে মা ও ছেলের জীবন। বুধবার চৌগাছা বাজারের স্বর্ণপট্টির মুখে ভিক্ষা করে রাতে তারা স্বাধীনতার ভাস্কর্য মোড়ে ঘুুমিয়ে যায়। শিশু আব্দুর রহিম যাতে রাতে কোথাও যেতে না পারে তাই মা শিঁকল আর তালা দিয়ে ছেলের কোমরে বেঁধে রাখেন। মা-ছেলের এই দৃশ্য ভোরে সড়কে চলাচলরত অনেকেই দেখে থমকে যান।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার তিলেচানপুর ইউনিয়নের দাতপুর গ্রামের বাসিন্দা রহিমা খাতুন (৪২)। চৌগাছার হাকিমপুর ইউনিয়নের গা ঘেঁষা গ্রাম হওয়ার সুবাদে দিনের বেশির ভাগ সময় তিনি চৌগাছাতে ভিক্ষাবৃত্তি করেন। বহুবছর আগে একটি দুর্ঘটনায় তার মাথা ও মুখম লসহ শরীরের বেশির ভাগ অংশ আগুনে ঝলসে যায়। দীর্ঘ চিকিৎসায় সুস্থ হন ঠিকই কিন্তু চোখে ভালো দেখতে পান না, মুখ মন্ডলসহ স্বাভাবিক চেহারাও হয়ে যায় বিকৃত। শারীরিক ভাবে কিছুটা সুস্থ হওয়ার পর ৭/৮ বছর আগে ফরিদপুর এলাকার জনৈক আবুল কালামের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর কিছুটা হলেও স্বস্তি ফিরে রহিমার জীবনে। বিয়ের কিছুদিন পর স্বামী আবুল কালাম রাতের আঁধারে রহিমাকে ফেলে চলে যায়। স্বামী আবুল কালামের সঠিক কোনো ঠিকানা জানা না থাকায় যোগাযোগও করতে পারেন না অসহায় রহিমা খাতুন। স্থানীয়রা জানান, রহিমার কাছে যে শিশুটি আছে সেটি তার পালিত সন্তান। নিজের শরীর চলে না তারপর ছোট্ট শিশু আব্দুর রহিমকে তিনি আগলে রেখেছেন নিজের মায়ের মত করে।
গত বুধবার সকালে প্রিয় সন্তানকে নিয়ে আসেন চৌগাছায় ভিক্ষা করতে। পায়ে হেঁটে চলতে পারেন না রহিমা, তাই স্বর্ণপট্টির প্রবেশ মুখে সন্তানকে নিয়ে বসে তিনি ভিক্ষা করেন। সারা দিন ভিক্ষা করে সন্ধ্যায় আর ফিরতে পারেনি আপন ঠিকানায়। তাই স্বাধীনতা ভাস্কর্য মোড়ে মা রহিমা খাতুন নিচে পিচের রাস্তায় আর শিশু আব্দুর রহিম ভাস্কর্যের দেয়ালের পরে ঘুমিয়ে পড়ে। রাতে মা তাকে শিকল দিয়ে নিজের শরীরের সাথে তালাবদ্ধ করে রাখে। যাতে রাতে শিশুটি কোথাও যেতে না পারে। এ দিন সকালে শিকল বাঁধা দৃশ্য দেখে রহিমা খাতুনের কাছে জানতে চাইলে তিনি বলেন, শিশু আব্দুর রহিম তার বেঁচে থাকার প্রেরণা, তাই ওকে শিকল দিয়ে বেঁধে রেখেছি। মা আর ছেলের এই দৃশ্য দেখে চলতে পথে অনেকেই ক্ষণেকের জন্য থমকে যান।
চৌগাছা বাজারের ব্যবসায়ী মহিদুল ইসলাম, নারায়ণ চন্দ্র বিশ্বাস, কবির হোসেন বলেন, প্রতিবন্ধী এই নারী প্রায় দিনই বাজারে এসে স্বর্ণপট্টির মুখে ভিক্ষা করেন। শিশুটি তার সাথেই থাকে।
এ বিষয়ে দাতপুর গ্রামের ইউপি সদস্য ফারুক হোসেন বলেন, মেয়েটির পিতার নাম জয়নাল হোসেন, তিনি পেশায় একজন ভ্যান চালক, তাদের গ্রামে বসবাস উপযোগী বাড়িও আছে। মেয়েটি বেশ সুন্দরী ছিল, কিন্তু একটি দুর্ঘটনায় সে নিজের শরীরে কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তারপর হতে তিনি প্রতিবন্ধী হয়ে যান। পিতা জয়নাল হোসেনের ভ্যানে বসে এলাকার বিভিন্ন জায়গায় তারা ভিক্ষাবৃত্তি করেন বলে তিনি জানান।