সংক্রামক রোগীর চাপে ঠাসা যশোর জেনারেল হাসপাতাল

0
যশোর জেনারেল হাসপাতালে রোগীর চাপ, বাড়ছে সংক্রমণের ঝুঁকি

ওয়ার্ড-বারান্দা-করিডোরে রোগী, ব্যাহত চিকিৎসাসেব,

বাড়ছে সংক্রমণের ঝুঁকি

বিএম আসাদ ॥ যশোরে ডেঙ্গু, ডায়রিয়া, হাম ও নিউমোনিয়াসহ বিভিন্ন সংক্রামক রোগের প্রকোপ বাড়ছে। রোগীর চাপে বিপর্যস্ত হয়ে পড়েছে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসাসেবা ও পরিবেশ। ওয়ার্ডের পাশাপাশি বারান্দা ও চলাচলের করিডোরেও ঠাঁই হয়েছে রোগীদের। গাদাগাদি করে চিকিৎসা নিতে গিয়ে একদিকে যেমন ভোগান্তি বাড়ছে, অন্যদিকে সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকিও তৈরি হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ধারণক্ষমতার কয়েক গুণ রোগীকে চিকিৎসা দিতে গিয়ে তারা হিমশিম খাচ্ছে।

বছরের শেষ প্রান্তে এসে ডেঙ্গু, ডায়রিয়া, হাম ও নিউমোনিয়ার প্রকোপ বাড়ায় হাসপাতালজুড়ে তৈরি হয়েছে অস্বাভাবিক পরিস্থিতি। সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বারান্দা ও করিডোরে বিছানা পেতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। চলাচলের জায়গাও সংকুচিত হয়ে পড়েছে। এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে যাতায়াত করতে গিয়ে রোগীদের বিছানার পাশ ঘেঁষে চলতে হচ্ছে। শয্যা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধার সংকটের মধ্যেই একটু সুস্থতার আশায় হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগীরা।

এদিকে চিকিৎসাসেবার মান নিয়েও রোগী ও স্বজনদের মধ্যে অসন্তোষ রয়েছে। অভিযোগ রয়েছে, কিছু জ্যেষ্ঠ চিকিৎসক হাসপাতালে দায়িত্ব পালনের পর দ্রুত ব্যক্তিগত চেম্বারে চলে যান। ফলে জুনিয়র ও ইন্টার্ন চিকিৎসকদের ওপর নির্ভর করতে হচ্ছে রোগীদের। উন্নত চিকিৎসার কথা বলে রোগীদের অন্যত্র রেফার করার প্রবণতা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ২৭৮ শয্যার এ হাসপাতালে (২৮ শয্যার করোনারি কেয়ার ইউনিটসহ) গত রোববার রোগী ভর্তি ছিলেন ৯৭২ জন। অর্থাৎ নির্ধারিত শয্যার তুলনায় রোগীর সংখ্যা সাড়ে তিন গুণেরও বেশি। এর মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত ৬১ জন।

যশোর সদর উপজেলার সাতমাইল এলাকার রুবেল হোসেন (২৫) এবং শেখহাটি এলাকার হাবিবা (১৬) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। হাবিবার মা কাকলী বেগম বলেন, সকালে কয়েকজন চিকিৎসক এসে চিকিৎসা দিয়ে গেছেন। কিন্তু দুপুর পর্যন্ত আর কোনো চিকিৎসক তাঁর মেয়ের খোঁজ নেননি।

হাসপাতাল ঘুরে দেখা গেছে, ডেঙ্গু ও হামের মতো সংক্রামক রোগে আক্রান্তদের সাধারণ রোগীদের সঙ্গেই একই ওয়ার্ড ও করিডোরে রাখা হচ্ছে। আলাদা ওয়ার্ড বা আইসোলেশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় অন্য রোগীদের মধ্যেও সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এতে রোগীদের পাশাপাশি হাসপাতালের সার্বিক স্বাস্থ্যসেবা পরিবেশ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ নভেম্বর পর্যন্ত যশোর জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৩৪ জন। এ সময়ে তিনজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১০৩ জন চিকিৎসাধীন রয়েছেন।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৩৭ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৭২৫ জনে। ডেঙ্গু, ডায়রিয়া ও হামের রোগীদের জন্য পৃথক চিকিৎসাব্যবস্থা ও পর্যাপ্ত জায়গার অভাবে হাসপাতালের ওপর চাপ আরও বাড়ছে। এতে সংক্রমণ নিয়ন্ত্রণ এবং মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।

এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত বলেন, হাসপাতালে শয্যা রয়েছে ২৭৮টি। এর বিপরীতে রোগী ভর্তি আছেন তিন গুণেরও বেশি। অতিরিক্ত রোগীদের আলাদা করে রাখার মতো জায়গাও হাসপাতালে নেই। বাধ্য হয়ে একই স্থানে গাদাগাদি করে চিকিৎসা দিতে হচ্ছে। এতে একজনের রোগ অন্যজনের শরীরে সংক্রমিত হওয়ার ঝুঁকি রয়েছে, যা চাইলেও পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না।

তিনি আরও বলেন, কোনো রোগীকেই হাসপাতাল থেকে ফিরিয়ে দেওয়া যায় না। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেই চিকিৎসকরা প্রচণ্ড চাপ নিয়ে সেবা দিয়ে যাচ্ছেন। তবে কোনো চিকিৎসকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগ পাওয়া গেলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।