ষাটগম্বুজ ঘুরলেন নরওয়ে ও কানাডার ২২ পর্যটক

0

বাগেরহাট সংবাদদাতা॥ বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ ঘুরে গেলেন নরওয়ে-কানাডার ২২ পর্যটক। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে মোংলা থেকে সড়ক পথে ষাটগম্বুজ মসজিদে আসেন বিদেশী পর্যটকরা। দীর্ঘক্ষণ ষাটগম্বুজ মসজিদ ঘুরে খানজাহান আলী (রহ.)-র মাজারে যান দর্শনার্থীরা। সেখানে বেশকিছুক্ষণ থেকে পরে দুপুরের দিকে আবারও সড়ক পথে মোংলার উদ্দেশ্যে রওনা দেন বিদেশিরা। ষাটগম্বুজ ও মাজার দেখে সন্তোষ প্রকাশ করেছেন বিদেশি পর্যটকরা।
এর আগে বুধবার (৫ এপ্রিল) বিকেলে ভারতীয় বিলাসবহুল প্রমোদতরী এম ভি গঙ্গা বিলাসে মোংলা বন্দরে পৌঁছান এই বিদেশি পর্যটকরা।
শুক্রবার সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র ভ্রমণ শেষে নারায়নগঞ্জ ও সোনারগাওয়ের উদ্দেশ্যে পর্যটকরা মোংলা ছাড়বেন বলে জানিয়েছেন জাহাজটির ট্যুর অপারেটর জার্নি প্লাসের প্রধান নির্বাহী তৌফিক রহমান।
তিনি বলেন, ১১ এপ্রিল নারায়ণগঞ্জ ও সোনারগাঁও ঘুরে ১২ এপ্রিল ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিজ দেশে ফিরে যাবেন এ পর্যটকরা। যাত্রী ছাড়াই ভারতে যাবে জাহাজটি।
টুরিস্ট পুলিশ বাগেরহাট জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিন্টু মিয়া সরদার বলেন, বিদেশি দর্শনার্থীরা ষাটগম্বুজ ও মাজার দেখে খুবই খুশি হয়েছে। বিশেষ করে ষাটগম্বুজের নির্মাণ শৈলি দেখে বিস্ময় প্রকাশ করেছেন তার। আবারও বাংলাদেশে আসার ইচ্ছে পোষণ করেছেন অনেকে।