যশোর-নড়াইল সড়কে ডিব’র অভিযান; ৬ হাজার পিস ইয়াবাসহ আটক ১

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ যশোর-নড়াইল সড়কের হামিদপুরে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারের ভেতর থেকে ছয় হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় জুয়েল বিশ্বাস নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

আটক জুয়েল বিশ্বাস (৩৬) চৌগাছা উপজেলার বুড়িন্দিয়া বিশ্বাস পাড়ার রিজাউল বিশ্বাসের পুত্র।

ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন মাদক ব্যবসায়ীরা একটি প্রাইভেটকারে করে ইয়াবার বড় চালান ঢাকা থেকে যশোরে নিয়ে আসছেন।

এই তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলামের নেতৃত্বে যশোর-নড়াইল সড়কের হামিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। কিছু সময় পর ঢাকা মেট্রো-গ-১৪-০২৭৭ নম্বরের একটি প্রাইভেটকার যশোরমুখী হয়ে সেখানে পৌঁছালে পুলিশ থামার সংকেত দেয়। চালক গাড়ি থামানোর পর তল্লাশি চালিয়ে গাড়ির ভেতর চালকের পায়ের কাছে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ছয় হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ সময় গাড়িচালক জুয়েল বিশ্বাসকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, জব্দ করা ইয়াবা ট্যাবলেটের মালিক তিনি নিজেই।