কেশবপুর প্রেসক্লাব অবৈধ দখলমুক্তে দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর)॥ যশোরের কেশবপুর প্রেসক্লাব অবৈধ দখলদারদের হাত থেকে মুক্ত করতে সহযোগিতা চেয়ে যশোর জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি প্রদান করেছেন কেশবপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ । তারা মঙ্গলবার দুপুরে যশোরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের দপ্তরে হাজির হয়ে এই স্মারকলিপি দেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে যে, ১৯৭৮ সাল থেকে কেশবপুর প্রেসক্লাব গঠনতন্ত্র মোতাবেক চলে আসছে। চলতি বছরের গত ২৬ সেপ্টেম্বর প্রেসক্লাবের দ্বি বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করে গঠিত নির্বাচন কমিশন।

এ নির্বাচন ভন্ডুল করতে ও প্রেসক্লাব ভবন দখল করার জন্য গত ২০ সেপ্টেম্বর দুপুর সাড়ে বারোটার দিকে ওয়াজেদ আলী খান ডবলু, পৌর কৃষক লীগের সভাপতি আশরাফুজ্জামান, পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক বাবু, সাবেক ছাত্র লীগ নেতা হারুন অর রশীদ বুলবুল, মাহাবুব রশীদ সবুজ, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল বাসার খান, শামীম আক্তার মুকুল,ইমরান হোসেন ও রুহুল আমিন এর নেতৃত্বে ৫০/৬০ জনের একদল সন্ত্রাসী বাঁশের লাঠি, লোহার রড ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে প্রেসক্লাবে প্রবেশ করে।

এসময় ক্লাবে অবস্থানরত সাংবাদিকদের বেধড়ক মারপিট করে আহত ও জখম করে এবং সাংবাদিকদেরকে প্রেসক্লাব ভবন থেকে বের করে দেয়। তাদের হামলায় আহত হয়ে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন দৈনিক লোকসমাজ এর স্টাফ রিপোর্টার জয়দেব চক্রবর্তী, দৈনিক কল্যাণ এর প্রতিনিধি আব্দুল্লাহ আল ফুয়াদ, দৈনিক সময়ের খবর এর সাংবাদিক মেহেদী হাসান জাহিদ ও দৈনিক ইত্তেফাক এর কেশবপুর প্রতিনিধি আশরাফ উজ জামান খান।

এ ছাড়া অন্য আহতরা হলেন দৈনিক সমকাল এর কেশবপুর প্রতিনিধি মোতাহার হোসাইন, দৈনিক প্রথম আলো পত্রিকার সাংবাদিক দিলীপ মোদক। তারা স্থানীয় ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নিয়েছেন।

গত ২২ সেপ্টেম্বর কেশবপুর থানায় অভিযোগ দেয়া হলেও তার কোন সুরাহা হয়নি। সে সময় গঠিত নির্বাচন কমিশন নির্বাচন স্থগিত ঘোষণা করে। গঠনতন্ত্র রক্ষায় গত ১৩ অক্টোবর নির্বাচন কমিশন প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে নির্বাচনে ভোট গ্রহণ করে।

নির্বাচনে দৈনিক লোকসমাজ এর স্টাফ রিপোর্টার জয়দেব চক্রবর্তী সভাপতি ও দৈনিক ইনকিলাব এর প্রতিনিধি রুহুল কুদ্দুস সাধারণ সম্পাদকসহ ১৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি নির্বাচনে বিজয়ী হন।

মঙ্গলবার দুপুরে স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন কেশবপুর প্রেসক্লাবের সভাপতি জয়দেব চক্রবর্তী, সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস, যুগ্ম সম্পাদক মশিয়ার রহমান, মেহেদী হাসান জাহিদ, কোষাধ্যক্ষ সিদ্দিকুর রহমান সাংবাদিক তন্ময় মিত্র বাপি, শুশান্ত মল্লিক, অমিতাভ চৌধুরীর, রোস্তম আলী, খমিনুর রহমান প্রমুখ।