শৈলকুপায় সাংবাদিকের জমি দখলের অভিযোগ পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাটফাজিলপুর এলাকায় উচ্চ আদালতের নিষেধাজ্ঞা ও আইনি নির্দেশ অমান্য করে এক সাংবাদিকের কয়েক কোটি টাকার সম্পত্তি জবরদখল ও পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত পুলিশ কনস্টেবল সাজ্জাদুল ইসলাম মামুন ও তার পরিবারের বিরুদ্ধে এই অভিযোগ উঠলেও কোন প্রতিকার মিলছে না।

রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত কনস্টেবল মামুন খুলনায় ফাঁসিতে মৃত্যুদন্ড প্রাপ্ত অপরাধী এরশাদ শিকদারের একান্ত সহযোগী ও আবাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম ভুন্ডুলের ছেলে। ক্ষমতার প্রভাব খাটিয়ে তিনি এই সম্পত্তি জবরদখল করছেন বলে অভিযোগ।

দৈনিক সকালের সময় পত্রিকার ঝিনাইদহ জেলা প্রতিনিধি শামীমুল ইসলাম শামীম জানান, ১৬৯ নম্বর হাটফাজিলপুর মৌজার এসএ ৩০৭৯ এবং আরএস ৪৯১০ দাগে মোট ৪৬ শতাংশ জমির মধ্যে ৩১ শতাংশ জমির বৈধ মালিক তিনি। তার পিতা দলিলের মাধ্যমে এই সম্পত্তির মালিকানা দিয়ে গেছেন। জমির রেকর্ড, নামজারি, খাজনা দাখিলা, ডিজিটাল ম্যাপ ও দেওয়ানি ৭০/২০০০ নম্বর মামলার রায় ও ডিক্রিসহ সমস্ত আইনি কাগজপত্র তার পক্ষেই রয়েছে। পৈতৃক সূত্র ও ভোগদখল সূত্রে ওই জমিতে মেহগনি, আমসহ বিভিন্ন ফলদ ও বনজ গাছ লাগিয়ে ভোগ করে আসছেন।

ঝিনাইদহ পুলিশ সুপারের কাছে পাঠানো অভিযোগে জানা গেছে, জমির মালিকানা নিয়ে শামীমের সৎ ভাইয়েরা শৈলকুপা সিনিয়র সিভিল জজ আদালতে দেওয়ানি ৭০/২০০০ নম্বর মামলা দায়ের করেন। দীর্ঘ আইনি লড়াই শেষে ২০১৯ সালে আদালত সাংবাদিক শামীমের পক্ষেই রায় ও ডিক্রি প্রদান করে।

এই রায়ে ক্ষিপ্ত হয়ে তারা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে আপিল করেন, যা বর্তমানে বিচারাধীন। মামলা চলমান ও উচ্চ আদালতের স্পষ্ট ‘স্টে অর্ডার’ (নিষেধাজ্ঞা) থাকা সত্ত্বেও বিচারিক কার্যক্রম ও আইনের তোয়াক্কা না করে পুলিশ কনস্টেবল মামুন ও তার দুই ভাই নোমান ও সোহান মিলে প্রায় তিন কোটি টাকার ওই সম্পত্তি দখল করে পাকা স্থাপনা নির্মাণ শুরু করেছেন।

আদালতের নিষেধাজ্ঞা অমান্যের ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক শামীম ঝিনাইদহ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭ (গ) ধারায় মামলা দায়ের করেছেন। কিন্তু প্রতিপক্ষ পুলিশে চাকরি করায় আইনের প্রতি অবজ্ঞা প্রদর্শন করে নির্মাণকাজ অব্যাহত রেখেন।

এ বিষয়ে পুলিশ কনস্টেবল সাজ্জাদুল ইসলাম মামুনকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। তবে তার আরেক ভাই নাইমুল ইসলাম নোমান জানান, ওই জমি নিয়ে মামলা চলমান থাকলেও কোন নিষেধাজ্ঞা নেই। তারা কারো জমি দখল করছেন না। তারা তাদের জমিতেই ভবন তুলছেন। তাছাড়া তার চাচা শামীমের সঙ্গে সমঝোতা করার একাধিকবার চেষ্টা করা হলেও তিনি তা মানছেন না।

বিষয়টি নিয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ন কবীর মোল্লা মঙ্গলবার জানান, সাংবাদিক শামীমুল ইসলামের একটি লিখিত অভিযোগ থানায় এসেছে। নালিশি জমিতে জবরদখল ও নিষেধাজ্ঞা অমান্যের বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।