শ্যামনগরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

0

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা॥ সাতক্ষীরা শ্যামনগরে পুকুরের পানিতে ডুবে আছিয়া (১৪ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৬ জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার ভূরুলিয়া ইউনিয়নের ব্রক্ষ্মশাসন গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সে ওই গ্রামে মো. আজিজুর রহমানের মেয়ে।

পরিবারের বরাত দিয়ে ভূরুলিয়া ইউপি চেয়ারম্যানে অধ্যক্ষ এ.কে.এম জাফরুল আলম বাবু জানান, সকালে ঘুম থেকে উঠে পিতার সাথে পার্শ্ববর্তী সাধুর হাটখোলায় ঘুরতে গিয়েছিল আছিয়া। সেখান থেকে ফিরে পরিবারের সবাই একসঙ্গে সকালে ভাত খাওয়া শেষে আছিয়াকে মায়ের কাছে রেখে তার পিতা রাজমিস্ত্রির কাজে চলে যান। আছিয়ার মা আছিয়াকে নিয়ে পুকুর পাড়ে থালা-বাসন পরিষ্কার করছিলেন। হঠাৎ করে একটি খবরে তিনি বাড়ি চলে আসেন। এসময় শিশুটি খেলতে থাকে। এ পর্যায়ে সে পুকুরে পড়ে পানিতে পড়ে তলিয়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর হতে উদ্ধার করে দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. ফাতিমা ইদ্রিস ইভা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। শ্যামনগর থানার ওসি আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।