শ্যামনগরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

0

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা॥ সাতক্ষীরার শ্যামনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাই মোশারফ শেখের দায়ের কোপে বড় ভাই লোকমান শেখ (৫০) নিহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মাহমুদ গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামে মুনছুর শেখের ছেলে। নিহতের ছেলে আল আমিন জানান, তার পিতা ভাঙাড়ির ব্যবসা করতেন। ঘটনার দিন ভোরের দিকে ভ্যান নিয়ে বাজারের যাওয়ার সময় উভয়ের মধ্যে ভ্যান রাখা ও জমি নিয়ে ঝগড়া হয়। এক পর্যায়ে মোশারফ বড় ভাইয়ের বুকের মধ্যে দায়ের কোপ বসিয়ে দেন। দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. বশিরউজ্জামান তাকে মৃত ঘোষণা করেন। আল আমিন আরও জানান, আমার পিতা বৃদ্ধ দাদাকে দেখভাল করতেন। কিন্তু মেজচাচা মোশারফ বিষয়টি সহ্য করতে পারেননি। তিনি বাড়িতে ভ্যান রাখতে নিষেধ করেন। তাছাড়া দাদার বাড়িতে না যাওয়ার জন্য তার পিতাকে নিষেধ করেন। আমার পিতা তার কথা না শোনায় তিনি ক্ষিপ্ত হয়ে পিতার উপর আক্রমণ করে। শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে আল আমিন শ্যামনগর থানায় হত্যা মামলা দায়ের করেছেন। আসামিকে পাকড়াবার চেষ্টা অব্যাহত আছে বলে ওসি জানান।