যশোরের মাদক ব্যবসায়ী রূপাসহ ৩ জন ফরিদপুরে আটক

0

 

স্টাফ রিপোর্টার ॥ মাদক ব্যবসায়ী যশোর শহরের শংকরপুর চোপদারপাড়া এলাকার রূপা বেগম ফরিদপুরের নগরকান্দায় বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আটক হয়েছে। তার রয়েছেন আরও দুই নারী-পুরুষ। তাদের সম্পর্কে খোঁজ নিচ্ছে ওই জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ফরিদপুরের একটি সূত্র জানায়, আটক রূপা বেগম যশোর শহরের শংকরপুর চোপদারপাড়া রেললাইন কলাবাগান এলাকার আব্দুল মান্নানের মেয়ে। অপর দুজন হলেন শংকরপুর চোপদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশের সেকেন্দার সিকদারের মেয়ে সাদিয়া খাতুন ও চুয়াডাঙ্গার দামুড়হুদা এলাকার নাজমুল হাসান। গত ১৭ নভেম্বর ফরিদপুরে নগরকান্দার জয় বাংলা মোড়ে ঢাকাগামী বিআরটিসির একটি বাসে তল্লাশি চালিয়ে সাড়ে ৬শ’ বোতল ফেনসিডিলসহ তাদেরকে আটক করা হয়। সূত্র জানায়, রূপা বেগম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ের সাথে জড়িত। তিনি মূলত ফেনসিডিলের বড় বড় চালান ঢাকার মাদকব্যবসায়ীদের কাছে সরবরাহ করেন। তবে তিনি বর্তমানে যশোর শহরের শংকরপুর চোপদারপাড়ায় বসবাস করেন না বলে তথ্য পাওয়া গেছে। ঝুমঝুমপুর বিজিবি ক্যাম্পের পেছনে বাজার এলাকায় তার একটি দোতলা বাড়ি থাকলেও সেটি বিক্রি করে দিয়েছেন। বর্তমানে তিনি ঢাকায় বাড়ি ভাড়া নিয়ে সেখানে বসবাস করেন। যশোরের বেনাপোল ও চুয়াডাঙ্গার জীবননগরের সীমান্ত এলাকার মাদকব্যবসায়ীদের কাছ থেকে পাইকারি ফেনসিডিল কিনে ঢাকায় সরবরাহ করতেন। আটকের পর জিজ্ঞাসাবাদে রূপা বেগম দাবি করেছেন যে, জীবননগর সীমান্ত এলাকা থেকে প্রতি বোতল ১ হাজার ৫০ টাকা করে সাড়ে ৬শ’ বোতল ফেনসিডিল সংগ্রহ করে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। গোপালগঞ্জের ভাটপাড়া থেকে তারা ফেনসিডিল নিয়ে বাসে উঠেছিলেন। এর আগে ইজিবাইকসহ ছোটখাটো বিভিন্ন গাড়িতে করে গ্রামাঞ্চলের অলিগলি পথ ধরে ভাটপাড়ায় যান। বস্তার ভেতর ফেনসিডিল ঢুকিয়ে সবজি দিয়ে ঢেকে রেখেছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দেয়ার জন্য। তবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ওই সূত্রের দাবি, চলতি বছরে অন্তত ফেনসিডিলের ৪টি বড় চালান ঢাকায় নিয়ে গেছেন রূপা বেগম। আটকের আগে তৃতীয় চালানে ১শ’ বোতল ঢাকায় সরবরাহ করেন। সর্বশেষ ৫ম চালানটি জীবননগর থেকে নিয়ে আসার কথা বললেও ধারণা করা হচ্ছে, রূপা বেগম সঠিক তথ্য দিচ্ছেন না। যশোরের বেনাপোলের বারোপোতা এলাকার মাদকব্যবসায়ী মিন্টুর কাছ থেকে ফেনসিডিলের চালানটি নিয়ে এসেছিলেন বলে মনে করা হচ্ছে। সূত্র আরো জানায়, রূপা বেগমের সাথে আটক নাজমুল হাসান একটি হত্যা মামলায় ১৫ বছর কারাগারে ছিলেন। তাকে স্বামী হিসেবে দাবি করেছেন রূপা। জানিয়েছেন, ১ বছর আগে তাদের বিয়ে হয়েছে। কারাগারে থাকার সময় তাদের মধ্যে পরিচয় হয়েছিলো। রূপা বেগমের আরো একটি বিয়ে হয়েছিলো। অপর আটক সাদিয়া খাতুনের সম্পর্কে খোঁজখবর নেয়া হচ্ছে।