শৈলকুপায় চ্যানেল-২৪’র সাংবাদিক সাদ্দাম হোসেনকে মারধর

0

স্টাফ রিপের্টার, ঝিনাইদহ ও শৈলকুপা সংবাদদাতা॥ শৈলকুপায় চ্যানেল ২৪’র জেলা প্রতিনিধি সাদ্দাম হোসেনকে মারধর করা হয়েছে। সেই সাথে তার বাড়িঘরে হামলার ঘটনাও ঘটেছে।
বৃহস্পতিবার রাত ১০ টার দিকে শৈলকুপার গাড়াগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। আহত সাদ্দাম হোসেনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাত ১০ টার দিকে সাদ্দাম হোসেন গ্রামে যাচ্ছিলেন। পথে গাড়াগঞ্জ বাজারে গেলে ওই এলাকার বখাটে বিপ্লব হোসেন ও তার চাচা ফিরোজ হোসেন তার ওপর হামলা চালান। পরে সাদ্দামের স্বজনরা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। পরে শৈলকুপা উপজেলা যুবলীগের সভাপতি শামীম হোসেন মোল্লার নির্দেশে তার সমর্থকরা সাদ্দামের বাড়িতেও হামলা চালায় বলে আহত সাদ্দাম হোসেন জানান।
সাদ্দামের স্বজনরা জানান, ২০২২ সালের প্রথম দিকে সাদ্দাম হোসেনের নামে ফেসবুকে বিরূপ মন্তব্য করতেন গাড়াগঞ্জ এলাকার বিপ্লব হোসেন নামের এক বখাটে। পরে চলতি বছরের জুলাই মাসে গোয়েন্দা পুলিশ বিপ্লব হোসেনকে শনাক্ত করে তাকে আটক করে । তখন তিনি ভুল স্বীকার করে মুচলেকা দিয়ে ক্ষমা চেয়ে নেয়। থানায় জিডি করা ও পুলিশের আটক করার কারণে বৃহস্পতিবার রাতে তারা এ হামলা চালিয়েছে বলে জানান আহত সাদ্দামের পরিবারের সদস্যরা।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিষয়টি নিয়ে শৈলকুপা উপজেলা যুবলীগের সভাপতি শামিম হোসেন মোল্লা বলেন, বিপ্লব ও তার চাচা ফিরোজ আমাদের দলের সমর্থক। সাংবাদিক সাদ্দামকে কেউ মারেনি। তিনি পড়ে গিয়ে আহত হয়েছেন। বিপ্লব ও সাদ্দামের বাড়ি একই এলাকায় এবং তারা পরস্পর বন্ধু। ব্যক্তিগত দ্বন্দ্ব নিয়ে ডিবি পুলিশ দিয়ে গ্রেফতারের কারণ থেকে তাদের মধ্যে বিরোধ বলে যুবলীগ নেতা শামীম হোসেন মোল্লা দাবি করেন। তাছাড়া সাদ্দামের বাড়িতে কোন হামলার ঘটনাও ঘটেনি।
এদিকে সাদ্দামের ওপর ন্যাক্কারজক হামলায় ফুসে উঠেছে সাংবাদিক সমাজ। খবর পেয়ে রাতেই হাসপাতালে ছুটে যান জেলার সিনিয়র সাংবাদিকরা। হাসপাতালে তারা চিকিৎসার খোঁজখবর নেন। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু, ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক শেখ সেলিম এবং ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শিপলু জামান, সাধারণ সম্পাদক রাজীব হাসান। এছাড়া জেলায় কর্মরত বিভিন্ন সাংবাদিক ইউনিট সাদ্দাম হোসেনের ওপর হামলার ঘটনায় নিন্দা জানান।