বিনা মূল্যে এআই প্রশিক্ষণ ও দৈনিক ২০০ টাকা ভাতা! আবেদন করবেন যেভাবে

0
দেশের ৬৪ জেলায় তরুণ-তরুণীদের বিনা মূল্যে দুই মাস মেয়াদি এআই প্রশিক্ষণ দিচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর। প্রশিক্ষণে দৈনিক ২০০ টাকা ভাতাসহ খাবার ও সনদ দেওয়া হবে।। প্রতীকী ছবি: এআই/লোকসমাজ

লোকসমাজ অনলাইন ডেক্স ॥ দেশের ৬৪ জেলার তরুণ-তরুণীদের এআই প্রশিক্ষণ দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে দক্ষ করে তুলতে বিনা মূল্যে দুই মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর ‘তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন’ প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক বেসিক প্রশিক্ষণ কোর্সের’ তৃতীয় ব্যাচের ক্লাস আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে। এ কোর্সে প্রতিদিন ৬ ঘণ্টা করে ৫০ দিনে মোট ৩০০ ঘণ্টার প্রশিক্ষণ পাবেন প্রার্থীরা।

আগ্রহী প্রার্থীদের আগামী ২৪ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের জন্য প্রার্থীদের কমপক্ষে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পাশাপাশি কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রাথমিক জ্ঞান থাকতে হবে। তবে নির্বাচন প্রক্রিয়ায় কম্পিউটার, আইসিটি ও ইংরেজিতে দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

প্রার্থীরা www.dydaiproject.com/apply ঠিকানায় গিয়ে আবেদন করতে পারবেন এবং নির্ধারিত সময়ের পর লিংকটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

আবেদন সম্পন্ন করার পর কপি সংরক্ষণ করতে হবে এবং বৈধ আবেদনকারীদের পরীক্ষার তারিখ, সময় ও স্থান এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

ভর্তিসংক্রান্ত প্রক্রিয়া হিসেবে আগামী ২৮ নভেম্বর লিখিত পরীক্ষা, ২৯ নভেম্বর মৌখিক পরীক্ষা এবং ৩০ নভেম্বর চূড়ান্তভাবে নির্বাচিত প্রশিক্ষণার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

এই প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য কোনো ফি দিতে হবে না। পাশাপাশি অনাবাসিক প্রশিক্ষণার্থীরা যাতায়াত বাবদ প্রতিদিন ২০০ টাকা করে ভাতা পাবেন এবং প্রশিক্ষণ চলাকালে তাঁদের জন্য প্রতিদিন খাবারের ব্যবস্থাও রাখা হয়েছে।

কোর্স শেষে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে সফল প্রশিক্ষণার্থীদের সনদ দেওয়া হবে। দেশজুড়ে এই প্রশিক্ষণ কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য বিভাগভিত্তিক চারটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে।

এর মধ্যে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের ১৭টি জেলায় ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড, রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলায় এসইও এক্সপার্ট বাংলাদেশ লিমিটেড, ইউরোপিয়ান আইটি সলিউশন ইনস্টিটিউট ও কাইজেন আইটির যৌথ উদ্যোগ, বরিশাল ও খুলনা বিভাগের ১৬টি জেলায় ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৫টি জেলায় সার্ভিস ইঞ্জিনস লিমিটেড, ডট কম সিস্টেমস লিমিটেড ও উইজার্ড সফটওয়্যার টেকনোলজি বাংলাদেশের যৌথ উদ্যোগ প্রশিক্ষণ পরিচালনা করবে।