ঢাকাসহ তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

0
শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।। ছবি: সংগৃহীত

লোকসমাজ অনলাইন ডেক্স ॥ শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় মোট ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) বিজিবির জনসংযোগ শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মোতায়েন করা বিজিবি সদস্যরা ঢাকা জেলার সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, জিরানী ও জামগড়া; নারায়ণগঞ্জ জেলার শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া, কাঁচপুর ও শিমরাইল এবং গাজীপুর জেলার চন্দ্রা, পল্লীবিদ্যুৎ, মৌচাক, আমবাগ কাটা, ভোগড়া বাইপাস, গাছা, সালনা, নাওজোর ও কাশিমপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় দায়িত্ব পালন করছেন।

স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সদস্যরা সম্পূর্ণ সতর্ক অবস্থানে রয়েছেন।

এদিকে উদ্ভূত পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও মাঠপর্যায়ের কার্যক্রম নিবিড়ভাবে সমন্বয় করার লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রাখা হয়েছে। এই কার্যক্রমে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং ইম্প্রোভাইজড ডিভাইসের লাইভ ফুটেজ সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।