মুন্সিগঞ্জে জিন তাড়ানোর কথা বলে কিশোরীকে ধর্ষণের অভিযোগে খতিব গ্রেপ্তার

0
মুন্সিগঞ্জের শ্রীনগরে জিন তাড়ানোর প্রলোভন দেখিয়ে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মসজিদের খতিব রেজাউল বারীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।। প্রতীকী ছবি: সংগৃহীত

লোকসমাজ অনলাইন ডেক্স ॥ মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় জিন তাড়ানোর কথা বলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ করার অভিযোগে এক খতিবকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে তাকে আটক করার পর শুক্রবার সকালে মামলা দায়েরের মাধ্যমে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম রেজাউল বারী (৪৭)। পিরোজপুরের নাজিরপুর উপজেলার বাসিন্দা রেজাউল শ্রীনগরের একটি মসজিদে খতিবের দায়িত্ব পালন করে আসছিলেন এবং শ্রীনগর বাজার এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, ওই কিশোরী দীর্ঘদিন ধরে প্রায়ই অসুস্থ থাকত এবং বিভিন্ন স্থানে চিকিৎসা করেও সুস্থ না হওয়ায় গত ২০ সেপ্টেম্বর তার মা–বাবা তাকে রেজাউল বারীর কাছে নিয়ে যান।

পরবর্তীতে সম্প্রতি কিশোরীটি পুনরায় অসুস্থ হয়ে পড়লে গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে পরিবারের সদস্যরা তাকে নিয়ে রেজাউলের ভাড়াবাসায় যান। সেখানে জিন তাড়ানোর কথা বলে কিশোরীকে একটি কক্ষে নিয়ে ধর্ষণ করা হয়।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া জানান, বৃহস্পতিবার রাতে থানায় লিখিত অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিকভাবে অভিযুক্তকে শ্রীনগর বাজার এলাকা থেকে আটক করা হয়।

পরে শুক্রবার সকালে কিশোরীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করলে পুলিশ তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে মুন্সিগঞ্জ আদালতে পাঠায়।

মুন্সিগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম মিয়া জানান, শুনানি শেষে আদালত অভিযুক্ত রেজাউল বারীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।