কালীগঞ্জে নারী ইউপি সদস্যকে চেয়ারম্যানের কুপ্রস্তাবের অভিযোগ

0

 

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা॥ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদের বিরুদ্ধে এক নারী ইউপি সদস্যকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন কোলা ইউনিয়নের ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য হাজেরা খাতুন।

নারী ইউপি সদস্য হাজেরা খাতুন জানান, ভোটে নির্বাচিত হওয়ার কিছুদিন পর থেকেই চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ তাকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছেন। তিনি কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তার ওপর ক্ষিপ্ত চেয়ারম্যান। তাকে ইউনিয়নের কোন কাজ দেয়া হয়না। তিনি এ বিষয়টি স্থানীয় এমপিকেও জানিয়েছেন। এরপর থেকে তার সাথে দুর্ব্যবহার করা হয়। বিষয়টি কাউকে না বলার জন্যে অনুরোধ করে চেয়ারম্যান তাকে বলেন তার সম্মানহানি হবে। তারপরও চেয়ারম্যান তাকে খুবই চাপাচাপি করেন।

তিনি আরো জানান, আমাকে যদি কুপ্রস্তাবে রাজি হতে হয় তাহলে বিয়ে করতে হবে। এই কথা বললে চেয়ারম্যান তার ওপরে আরো বেশি ক্ষিপ্ত হন। কোন কাজ দেয়া হয়না। ওয়ার্ডের মানুষও বলেন আমি কোন কাজের না। এরপর উপায় না পেয়ে ইউএনও অফিসে অভিযোগ দিই। বিষয়টি জানাজানি হলে চেয়ারম্যানের তরফে বিভিন্নভাবে তাকে হুমকি দেয়া হচ্ছে।

এ ব্যাপারে অভিযুক্ত চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ জানান, ওই নারী ইউপি সদস্য সব বানোয়াট কথা বলেছেন। ওই নারী ইউপি সদস্যর মাথায় সমস্যা আছে। যে যা বলেন তাই শোনেন। তিনি ইউএনওকে বিষয়টি জানিয়েছেন। ইউএনও তাকে একটি লিখিত দিতে বলেছেন। যাতে ওই নারী ইউপি সদস্যের পরিবর্তে তার স্বামী বা সন্তান দায়িত্ব পালন করতে পারেন।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান জানান, ওই নারী ইউপি সদস্য অভিযোগ দিতে এসেছিলেন। অভিযোগ অসম্পূর্ণ হওয়ায় তিনি নেননি। দুইপক্ষই ভিন্ন ভিন্ন বক্তব্য দিচ্ছেন।