বাঘারপাড়ায় মাত্র ৫ কিলোমিটার সড়কে ৭টি গতিরোধক: বাড়ছে দুর্ঘটনা ও নিরাপত্তা ঝুঁকি

0
যশোরের বাঘারপাড়ায় মাত্র ৫ কিলোমিটার সড়কে ৭টি নিয়মবহির্ভূত ও উঁচু গতিরোধক দেওয়ায় চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। এতে ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্সের মতো জরুরি সেবা বাধাগ্রস্ত হওয়াসহ বাড়ছে দুর্ঘটনা ও নিরাপত্তা ঝুঁকি।। ছবি: লোকসমাজ

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা ॥ যশোরের বাঘারপাড়ায় মাত্র ৫ কিলোমিটার দীর্ঘ সড়কে ৭টি খাড়া ও উঁচু গতিরোধক বা বিট নির্মাণ করায় চরম দুর্ভোগের মুখে পড়েছেন যানবাহন চালক ও যাত্রীরা, যা দিন দিন জানমালের নিরাপত্তা ঝুঁকি বাড়িয়ে তুলেছে।

বাঘারপাড়া-চাড়াভিটা সড়কের বোলদেঘাটা থেকে দোরাস্তা পর্যন্ত ৫.১৯ কিলোমিটারের এই শেরশাহ সড়কে স্থানীয় প্রভাবশালী মহলের প্রভাবে ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়মবহির্ভূতভাবে এসব বিট দিতে বাধ্য হয়েছে বলে অভিযোগ আছে। বিশেষ করে জনশূন্য ৩টি বাজারের দুই পাশে কোনো ধরনের সতর্কীকরণ সাইনবোর্ড বা জেব্রা ক্রসিং ছাড়াই এসব খাড়া বিট নির্মাণ করা হয়েছে।

সড়কটির বিভিন্ন পয়েন্ট ঘুরে জানা যায়, বাঘারপাড়া থেকে যশোরে যেতে শেরশাহ সড়ক অংশের হাবুল্লা বাজারের দুইপাশে দুটি বিট রয়েছে। সেখানে একটি মাধ্যমিক বিদ্যালয়, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি মসজিদ থাকলেও প্রতিষ্ঠানগুলোর অবস্থান সড়ক থেকে বেশ দূরে এবং সকাল ও সন্ধ্যা বাদে দিনের বেশিরভাগ সময় বাজারটি জনশূন্য থাকে। এরপরও স্থানীয় ইউপি চেয়ারম্যানের উদ্যোগে ২০২২ সালে বিট দুটি দেওয়া হয়েছিল, যেখানে কোনো জেব্রা ক্রসিং বা সতর্কীকরণ সাইনবোর্ড না থাকায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিশু ও নারী আহত হওয়ার ঘটনা ঘটেছে।

এর থেকে অর্ধকিলোমিটার পশ্চিমে পুকুরিয়া আমতলা বাজার, যেখানে সড়ক থেকে ৫০ মিটার দূরে দুটি চায়ের দোকান, একটি সারের দোকান ও একটি মুদি দোকানের জন্য দুটি খাড়া বিট দেওয়া হয়েছে। এসব বিট পার হতে গিয়ে অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়িসহ ছোট যানবাহনের চেচিস বেঁধে ক্ষতি সাধিত হয় এবং অতিরিক্ত সময় ব্যয় হয়।

সারাদিনেও যেখানে ১০ জন লোকও থাকেন না, এমন ৮শ মিটার পশ্চিমের জনশূন্য আল্লাইপুর বটতলা মোড় বাজারের দুইপাশেও দুটি খাড়া বিট রয়েছে। বিটের পাশের চায়ের দোকানদার সাত্তার তরফদার জানান, অপরিচিত মোটরসাইকেল চালকেরা প্রায়ই সেখানে দুর্ঘটনায় পড়েন এবং নারীসহ কোলের শিশু ছিটকে দূরে পড়ে যাওয়ার ঘটনাও দেখা গেছে।

এছাড়া শেরশাহ সড়কটি যশোর-নড়াইল সড়কের দোরাস্তা (স্থানীয়দের কাছে ভায়না নামে পরিচিত) নামক স্থানে মিশেছে, যেখানে একটি মসজিদ ছাড়া কোনো ব্যবসাপ্রতিষ্ঠান না থাকা সত্ত্বেও একটি খাড়া বিট দেওয়ায় যানবাহন ব্যবহারকারীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

গত ১০ নভেম্বর দরাজহাট ইউনিয়নের ছাতিয়ানতলা বাজারে একটি ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটলে এসব গতিরোধকের বাধার কারণে বাঘারপাড়া থেকে ফায়ার সার্ভিসের গাড়ি দ্রুত পৌঁছাতে পারেনি, ফলে বাজারে প্রায় কোটি টাকার ক্ষতি সাধিত হয়।

বাঘারপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ইউনিট লিডার মাজেদুল হক জানান, অতিরিক্ত বিটের কারণে সময় বেশি লাগায় আগুনের ক্ষয়ক্ষতি বৃদ্ধি পেয়েছে। তিনি জরুরি সেবায় বাধা সৃষ্টিকারী এসব অপ্রয়োজনীয় বিট দ্রুত অপসারণের দাবি জানিয়ে যেকোনো দুর্ঘটনা বা অগ্নিকাণ্ডে ২৪ ঘণ্টা খোলা থাকা ০১৯০১-০২২৮৩৬ নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন।

এছাড়া বাঘারপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চালক জাহাঙ্গীর হোসেন বলেন, বিটের কারণে মুমূর্ষু রোগী বাঘারপাড়া থেকে যশোর সদর হাসপাতালে নিতে বেশি সময় লাগে, যা রোগীর মৃত্যুঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়।

এ বিষয়ে বাঘারপাড়া উপজেলা প্রকৌশলী জুলহাস উদ্দিন জানান, গ্রামীণ সড়ক আইনে গতিরোধক নির্মাণ সম্পূর্ণ বেআইনি এবং স্থানীয় প্রভাবশালীরা ঠিকাদারকে বাধ্য করায় এলজিইডি থেকে কোনো সতর্কীকরণ সাইনবোর্ড বা সঠিক আইন অনুসরণ করা হয়নি। অত্যন্ত খাড়া ও নিয়মবহির্ভূত এসব গতিরোধক জানমালের ক্ষতি বাড়াচ্ছে উল্লেখ করে তিনি এগুলো অপসারণের জন্য উচ্চ পর্যায়ে কথা বলবেন বলে জানিয়েছেন।